প্রবাসীকল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় যান। এরপর রোববার সকালে বিমানযোগে ঢাকা চলে যান মন্ত্রী।এমন তথ্য জানিয়ে আরিফুল হক চৌধুরীর সহকারী সোহেল আহমদ জানন, মন্ত্রী এখন অনেটাই সুস্থ। গতরাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কুমারপাড়ার বাসায় যান। আজ রোববার সকাল সাড়ে ১১ টার ফ্লাইটে তিনি ঢাকা চলে গেছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর তামাবিল স্থল বন্দর পরিদর্শনে গেলে সেখানে বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করলে তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ডা. শিশির বসাক,ও ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন ওই এলাকার এই সংসদ সদস্য।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে এ র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ডসংলগ্ন উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিলেটের ঐতিহাসিক কিনব্রিজে দীর্ঘদিন ধরেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে ‘নতুন ব্রিজ’ নামে পরিচিত নগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুতে চাপ বেড়েছে। ওই সড়কে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। এ অবস্থায় ‘নতুন ব্রিজেও’ যানচলাচলে বিধিনেষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ। যা শনিবার রাত থেকেই কার্যকর হয়েছে। এই বিধিনিষেধ বহাল থাকবে আগামী কয়েকদিন। এতে নগরে যানজট আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সিলেট নগরেই এমনিতেই যানজট তীব্র আকার ধারণ করেছে। সিলেট নগরের যাত্রী ও চালকদের দীর্ঘ সময় আটকে থাকছে হচ্ছে জ্যামে। এ অবস্থায় নতুন করে একটি সেতুতে চলাচলে বিধিনিষেধ আরোপে যানজট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত ১৯৩৬ সালে চালু হওয়া কিনব্রিজ বর্তমানে জরাজীর্ন হয়ে পড়েছে। ২০২৩ সালে সংস্কারের পর এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি শুধু মোটরসাইকেল ও পথচারীদের জন্য উন্মুক্ত রয়েছে। আর শনিবার রাত থেকে মেন্দিবাগ এলাকার সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে সেতু দিয়ে যানচলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। সংস্কার কাজের জন্য দুই দফায় বন্ধ থাকবে সেতুর একটি লেন। এ সময় রিক্সা চলাচল পুরোপুরি বন্ধ রাখার পাশাপাশি ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় মেরামত কাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে একই কার্যক্রম। এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা চলবে নির্ধারিত রিক্সা লেন দিয়ে। সেতু দিয়ে চলাচলের সুযোগ পাবে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি ও সেবামূলক যানবাহন। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের সুবিধার্থে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে চলবে উভয়মুখী যানবাহন। এতে যানজটের আশঙ্কা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসী ও চালকদের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে,সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশ দিয়ে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীতে আরেকটি সেতু নির্মাণ করা হবে বলে জানান তিনি। সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটিতে একটি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কিন ব্রিজ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করে না। ব্রিজটি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এর পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। তিনি বলেন, সিলেটের ঐতিহাসিক স্থাপনা আলী আমজাদের ঘড়ি ও সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা অক্ষত রেখে কীভাবে নতুন সেতু নির্মাণ করা যায়, তা বিবেচনায় নেওয়া হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফল পাওয়া গেলে একই সংযোগ সড়ক ব্যবহার করে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সুরমা নদীর ওপর কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর এলাকায় আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। এস্থানে সেতু নির্মান হলে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক থেকে মিরপুর মুফতিরবাজার বাজার হযে বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি গ্রামের সিলেট নগরীর সাথে যাতায়াতের সুবিধাও ব্যবসা বানিজ বাড়বে।
সিলেট নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে টেকসই আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। এছাড়া সড়কের উভয় পাশে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন তৈরি করে তার ওপর স্ল্যাব বসিয়ে ফুটপাত নিশ্চিত করা হয়েছে। সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণে সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা। শনিবার দুপুরে সড়ক ও ড্রেনের শেষ পর্যায়ের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
পরিদর্শনকালে তিনি কাজের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি করেন। পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, "বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইকোপার্কসহ আশপাশের নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
"তিনি আরও বলেন, "সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বর্ষায় যেন কোনো জলাদ্ধতা তৈরি না হয়, সেজন্য সড়কের দুই পাশে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। এসব ড্রেনের ওপর বসানো স্ল্যাব একই সঙ্গে পথচারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে।"
নগর উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট নগরীর সার্বিক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সড়ক প্রশস্তকরণ ও টেকসই সংস্কারকাজ পরিচালনা করছে। পরিকল্পিত সড়ক, কার্যকর ড্রেনেজ নেটওয়ার্ক এবং নিরাপদ পথচারীবান্ধব ফুটপাত তৈরি করাই সিসিকের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে তিনি ঠিকাদার ও সংশ্লিষ্টদের নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার কঠোর নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে সিসিকের নির্বাহী প্রকৌশলী লিপু সিংহ, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।অভিযানকালে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ।
সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশ তাকে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং হামলাকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে আহত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা হাতকড়া পরা অবস্থায় আসামি সিরাজ মোল্লাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত( ওসি) তৌহিদুজ্জামান জানান, বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুত তাকেসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এ সময় পরীমনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
রোববার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন রোডে গাইবান্ধার সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর পরীমনি রাজধানী ঢাকায় আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ব্যাড টাচ (অশালীন স্পর্শ)-এর মিথ্যা অভিযোগ তুলে গালিগালাজ করে। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের নিয়ে কোন ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তরা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমবায়ের মাধ্যমে পুরুষ ও নারীকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, শুধু পণ্য বিপণন নয়, বরং কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় সমিতি গড়ে তুলে দলবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে এলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।
রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সমবায়ভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানের আগে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তবে জেলায় আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যার মতো সামাজিক সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজন করতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের প্রবণতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।