অর্থনৈতিক অসচ্ছলতার কারণে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। দরিদ্র, মেধাবী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ট্রাস্টটির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
২০১৬ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০১৮ সালের ২২ নভেম্বর নিবন্ধিত হয়। ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান। তার উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি অভিভাবকত্বের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে ড. মো. মাহবুবর রহমান বলেন, অনেক সম্ভাবনাময় দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী অর্থের অভাব, অভিভাবকহীনতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। অন্যদিকে সমাজে এমন অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন, যারা এসব শিক্ষার্থীর পাশে দাড়াতে আগ্রহী। এই দুই পক্ষের মধ্যে স্নেহ, দায়িত্ববোধ, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই মোরাল প্যারেন্টিং ধারণার সূচনা।
ট্রাস্টের বর্তমান কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা জানান, বর্তমানে তাদের সঙ্গে ১ হাজার ৭২৪ জন মোরাল চাইল্ড, ৬০৪ জন মোরাল প্যারেন্ট এবং ১০১ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত রয়েছেন। মোরাল চাইল্ডদের মধ্যে প্রায় ৫০০ জন পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন এবং তাঁদের অনেকে এখন আর বৃত্তি নিচ্ছেন না।
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি স্কুল-কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ কার্যক্রমের আওতায় রয়েছেন।
বৃত্তি ও অন্যান্য সহযোগিতা
ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রতি দুই মাস অন্তর একটি সেশনে শিক্ষার স্তর অনুযায়ী ১ হাজার ১০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বৃত্তি পান শিক্ষার্থীরা। জুলাই ২০২৫ থেকে কার্যকর নির্ধারিত হার অনুযায়ী এ অর্থ প্রদান করা হচ্ছে। নির্বাচিত কোনো শিক্ষার্থী নিয়মবহির্ভূত কাজে জড়িত না হলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত বৃত্তি অব্যাহত থাকে।
শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে মাহবুবর রহমান বলেন, আবেদনকারীর পরীক্ষার ফলাফল, পারিবারিক অবস্থা ও আর্থিক প্রয়োজন বিবেচনা করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ক্যাম্পাস গার্ডিয়ান আবেদন যাচাই করে ট্রাস্টের কাছে পাঠান। পরে আগ্রহী মোরাল প্যারেন্টের মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে চূড়ান্ত নির্বাচন করা হয়। বৃত্তি চালুর পরও শিক্ষার্থীদের ফলাফল ও পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
শুধু আর্থিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয় ট্রাস্টের কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য বর্তমানে ১২টি অনলাইন কোর্স, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার, '১০০ বই পড়া' কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং জরুরি আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি 'স্বাবলম্বী' প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারের আয়বর্ধক উদ্যোগে সহযোগিতা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবার এ প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়েছে।
তবে কার্যক্রম পরিচালনায় কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন প্রতিষ্ঠাতা। তার মতে, পর্যাপ্ত মোরাল প্যারেন্ট না পাওয়া এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে প্রত্যাশিত অংশগ্রহণ না থাকা বর্তমানে বড় বাধা। অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনেক আবেদন এলেও প্রয়োজনের তুলনায় মোরাল প্যারেন্টের সংখ্যা কম হওয়ায় সবাইকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।
মোরাল প্যারেন্টিংয়ের সামাজিক দর্শন তুলে ধরে তিনি বলেন, মানুষ যেন নিজের সন্তানের পাশাপাশি সমাজের অন্য সন্তানের প্রতিও ভালোবাসা ও দায়িত্ববোধ অনুভব করে, সেটিই তাঁদের প্রত্যাশা। একজন সামর্থ্যবান মানুষ যদি নিজের সন্তানের পাশাপাশি অন্তত একজন অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নেন, তাহলে সমাজে মানবিক ও নৈতিক অভিভাবকত্বের চর্চা বিস্তৃত হবে। তাঁদের অনেক সাবেক মোরাল চাইল্ড ইতিমধ্যে মোরাল প্যারেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮ শিক্ষার্থী পেয়েছেন বৃত্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহকারী পরিচালক মো. ফজলে রাব্বি বলেন, ট্রাস্টের প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। জবিতে এ পর্যন্ত মোট ৩৮ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। তাঁদের মধ্যে বর্তমানে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
আবেদন ও শিক্ষার্থী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক আবেদন বা নির্বাচনের সংখ্যা নেই। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আবেদন করেন। তাঁদের পরীক্ষার ফলাফল, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করে যোগ্যদের বৃত্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রথমে ক্যাম্পাস গার্ডিয়ান নতুন আবেদন যাচাই করে শিক্ষার্থীর বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ ট্রাস্টের কাছে পাঠান। পরে ট্রাস্ট কর্তৃপক্ষ পুনরায় তথ্য যাচাই-বাছাই করে বৃত্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ট্রাস্টের সহযোগিতায় বদলেছে আসমার স্বপ্নের পরিধি
মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আসমার গল্পও এ উদ্যোগের একটি উদাহরণ। তার বাবা একজন অটোচালক এবং ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ২০২২ সালে মাধ্যমিক ও ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ড বৃত্তি অর্জনের পাশাপাশি মাগুরা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছিলেন তিনি।
আসমা বলেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় এখন পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে পারছেন। পড়াশোনার পাশাপাশি জাপানি ভাষার হিরাগানা ও কাতাকানা শেখার দুটি স্তর শেষ করেছেন এবং আইইএলটিএসের স্পিকিং অংশ সম্পন্ন করেছেন। এ ছাড়া বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসমা বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে তাঁর মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। তাঁর ভাষায়, 'মোরাল প্যারেন্টিং পরিবার আমাকে ছোট্ট কুঁড়েঘর থেকে আকাশচুম্বী স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই পরিবারের অবদান আমি কখনো ভুলব না।'
শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভবিষ্যতে সমাজের অন্য অসচ্ছল মানুষের দায়িত্ব নিতেও এগিয়ে আসবেন।
‘উন্নত দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ — এমপি নুরুল আমিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পৌঁনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এক অটোরিকশাচালকও আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে দেখতে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।’
আহত অটোরিকশাচালক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।’
কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে দেখিনি।’
মেইন গেটে দায়িত্বরত আনসার সদস্য প্রসত্তম বলেন, ‘আমরা তিনজন আনসার সদস্য গেটে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তবে ধোঁয়ার কারণে কিছু শনাক্ত করা যাচ্ছিল না। একপর্যায়ে দেখি, একজন মেয়ে চিৎকার করে পড়ে যান।’
ককটেল কারা রেখে গেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এখানে ককটেল রেখে গেছে, তা আমরা দেখিনি। এ ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি।’
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় তাঁরা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।’
নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০%
ফেলে দেওয়া চা-পাতা প্রক্রিয়াজাত করে শিল্পকারখানার বর্জ্যপানি থেকে বিষাক্ত ভারী ধাতু হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম (Cr(VI)) অপসারণের সম্ভাবনা দেখিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল গবেষক। তাঁদের গবেষণায় দেখা গেছে, ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত ব্যবহৃত চা-পাতা মাত্র ৬০ মিনিটে বর্জ্যপানি থেকে প্রায় ৯৫ দশমিক ৮৫ শতাংশ ক্রোমিয়াম অপসারণ করতে পারে। এতে শিল্পবর্জ্য শোধনে ব্যয়বহুল রাসায়নিক ও প্রচলিত প্রযুক্তির সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহৃত চা-পাতার সম্ভাবনা তৈরি হয়েছে।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Journal of Molecular Liquids-এ প্রকাশিত হয়েছে। এতে যৌথভাবে কাজ করেছেন মোহাম্মদ মাহবুব কবির, স্নিগ্ধা সেতু পাল মৌন, মোহাম্মদ মহিনুজ্জামান, সামিয়া আক্তার, শাহজালাল খন্দকার, মো. দিদারুল আলম, নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মো. আমিনুল ইসলাম এবং এম. এ. শেনাশেন।
শিল্পবর্জ্যে বাড়ছে পরিবেশদূষণের ঝুঁকি; দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও ট্যানারি শিল্পে বিভিন্ন পর্যায়ে বিপুল পরিমাণ বর্জ্যপানি তৈরি হয়। এসব বর্জ্যপানিতে ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ও ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। যথাযথ শোধন ছাড়া এসব বর্জ্য নদী, খাল ও জলাশয়ে ফেললে পানি ও মাটিদূষণের পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ে।
এ সমস্যা শুধু পরিবেশের জন্যই নয়, দেশের রপ্তানি বাণিজ্যের জন্যও চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশগত মানদণ্ড ও রাসায়নিক ব্যবস্থাপনার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে আধুনিক বর্জ্য শোধনাগার বা ইটিপি (ইএফটিপি) স্থাপন ও পরিচালনার ব্যয় অনেক শিল্পপ্রতিষ্ঠানের জন্য বড় বাধা। এ পরিস্থিতিতে সহজলভ্য ও স্বল্পমূল্যের উপাদান ব্যবহার করে বর্জ্যপানি শোধনের বিকল্প খুঁজছেন গবেষকেরা।
যেভাবে কাজ করবে ব্যবহৃত চা-পাতা; গবেষণায় ব্যবহৃত চা-পাতাকে প্রথমে ভালোভাবে ধুয়ে, শুকিয়ে ও গুঁড়া করা হয়। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত করে এর শোষণক্ষমতা বাড়ানো হয়। গবেষকেরা প্রক্রিয়াজাত উপাদানটিকে ক্ষার-পরিমার্জিত চা-বর্জ্য (এটিটিডব্লিউ) এবং অপরিশোধিত উপাদানটিকে (পিটিডব্লিউ) হিসেবে উল্লেখ করেছেন।
উপাদানটির গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণে এফটিআইআর ও এসইএম পরীক্ষা করা হয়। পাশাপাশি ব্যাচ অ্যাডজরপশন পরীক্ষার মাধ্যমে ক্রোমিয়াম অপসারণের সক্ষমতা যাচাই করা হয়।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাধারণ চা-বর্জ্য ৬০ মিনিটে ৮৩ দশমিক ৯০ শতাংশ ক্রোমিয়াম অপসারণ করতে পারলেও ক্ষার দিয়ে প্রক্রিয়াজাত চা-বর্জ্য একই সময়ে অপসারণ করতে পারে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এটিটিডব্লিউর সর্বোচ্চ শোষণক্ষমতা পাওয়া গেছে প্রতি গ্রামে ১৫৮ দশমিক ৭৩ মিলিগ্রাম।
গবেষণায় আরও দেখা গেছে, অম্লীয় পরিবেশে উপাদানটি ক্রোমেট ও ডাইক্রোমেট আয়ন দ্রুত শোষণ করতে পারে। চা-পাতার জৈব কাঠামোয় থাকা হাইড্রোক্সিল ও কার্বক্সিল গ্রুপ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া জৈব উপাদানের প্রভাবে অধিক বিষাক্ত Cr(VI) অপেক্ষাকৃত কম বিষাক্ত Cr(III)-এ রূপান্তরিত হওয়ার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।
ব্যবহারের পর ০.১০ মোলার নাইট্রিক অ্যাসিড (HNO_3) দিয়ে উপাদানটি পুনরায় ব্যবহারের উপযোগী করার সম্ভাবনাও পরীক্ষা করা হয়েছে। ফলে ব্যয়বহুল অ্যাক্টিভেটেড কার্বনের বিকল্প হিসেবে ব্যবহৃত চা-পাতা থেকে তৈরি এই শোষক উপাদান পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
খরচ কমাবে এই পদ্ধতি; গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে থাকলেও প্রাপ্ত শোষণক্ষমতা ও বাজারদরের ভিত্তিতে প্রচলিত পদ্ধতির সঙ্গে একটি সম্ভাব্য ব্যয়চিত্র তুলে ধরা হয়েছে।
প্রচলিত রাসায়নিক পদ্ধতিতে (সোডিয়াম মেটাবাইসালফাইট ও চুন) ১ কেজি হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামকে বিষমুক্ত Cr(III)-এ রূপান্তর ও তলানি হিসেবে আলাদা করতে প্রায় ৪ থেকে ৬ কেজি রাসায়নিক লাগে। এ ছাড়া তৈরি হওয়া বিষাক্ত স্লাজ ব্যবস্থাপনায় বড় অঙ্কের খরচ হয়। সব মিলিয়ে প্রতি কেজি ক্রোমিয়াম পরিশোধনে খরচ পড়ে প্রায় ৮০০ থেকে ১,৫০০ টাকা। অন্যদিকে আমদানিকৃত বাণিজ্যিক অ্যাক্টিভেটেড কার্বনের ক্ষেত্রে ১ কেজি ক্রোমিয়াম শোষণে ৮ থেকে ১০ কেজি কার্বন প্রয়োজন হয়, যাতে শুধুমাত্র শোষক উপাদানের পেছনেই খরচ পড়ে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা।
বিপরীতে ক্ষার-পরিমার্জিত চা-বর্জ্যের সর্বোচ্চ শোষণক্ষমতা প্রতি গ্রামে ১৫৮.৭৩ মিলিগ্রাম হওয়ায় ১ কেজি ক্রোমিয়াম শোষণ করতে প্রায় ৬.৩ কেজি প্রক্রিয়াজাত চা-পাতা লাগে। চায়ের দোকান বা কারখানা থেকে সংগৃহীত ফেলে দেওয়া চা-পাতার সংগ্রহ ও পরিবহন বাবদ সামান্য খরচ (প্রায় ৫০ টাকা) এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ধোয়া, শুকানো ও বিদ্যুৎ মিলিয়ে ৬.৩ কেজি উপাদান তৈরিতে আনুমানিক ২৫০ থেকে ৩৫০ টাকা খরচ হতে পারে। নাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়ে উপাদানটি একাধিকবার ব্যবহার করা গেলে কার্যকর খরচ আরও কমে আসবে। সব মিলিয়ে এই পদ্ধতিতে প্রতি কেজি ক্রোমিয়াম পরিশোধনে সম্ভাব্য খরচ পড়তে পারে ১৫০ থেকে ৩৫০ টাকা। এতে প্রচলিত পদ্ধতির তুলনায় খরচ ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিল্পকারখানায় প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন; পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গবেষক স্নিগ্ধা পাল বলেন, দেশের গার্মেন্টস ও ট্যানারি শিল্পের বর্জ্যপানি থেকে দূষক অপসারণে কম খরচে কার্যকর প্রযুক্তি প্রয়োজন। বাংলাদেশে চা-বর্জ্য সহজলভ্য হওয়ায় তা থেকে শোষক উপাদান তৈরি করা গেলে একদিকে বর্জ্যের মূল্য সংযোজন হবে, অন্যদিকে প্রচলিত বর্জ্য শোধনব্যবস্থার পরিপূরক হিসেবেও এটি ব্যবহার করা সম্ভব। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত মানদণ্ড বজায় রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে সহায়তা মিলতে পারে।
গবেষণাটির অন্যতম গবেষক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, বাংলাদেশের শিল্পায়নের অগ্রগতি পরিবেশ, নদী-নালা ও জনস্বাস্থ্যের বিনিময়ে হতে পারে না। গার্মেন্টস ও ট্যানারি শিল্প অর্থনীতির অন্যতম ভিত্তি হলেও এসব শিল্পের বর্জ্যপানি যথাযথভাবে শোধন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিই একসময় পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ব্যয়বহুল বর্জ্য শোধন প্রযুক্তির পাশাপাশি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প তৈরি করা জরুরি।
তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণায় চা-বর্জ্য প্রক্রিয়াজাত করে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত Cr(VI) অপসারণের সক্ষমতা দেখা গেছে। এত দিন যে বর্জ্যকে মূল্যহীন মনে করা হতো, সেটিই শিল্পদূষণ নিয়ন্ত্রণের কার্যকর সম্পদে পরিণত হতে পারে। আমাদের লক্ষ্য শুধু নতুন একটি দূষণ অপসারণকারী উপাদান তৈরি করা নয়; বরং স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও পরিবেশের জন্য কার্যকর প্রযুক্তির পথ তৈরি করা।’
অধ্যাপক মহিনুজ্জামান আরোও বলেন, বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ শুধু উৎপাদন ও রপ্তানির পরিমাণ দিয়ে নির্ধারিত হবে না; বরং কতটা দায়িত্বশীলভাবে উৎপাদন করা হচ্ছে, সেটিও আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূষণমুক্ত শিল্পায়ন কোনো বিলাসিতা নয়, এটি টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব।
তবে গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে রয়েছে বলে জানান গবেষক স্নিগ্ধা পাল। শিল্পকারখানায় সরাসরি ব্যবহারের আগে বাস্তব বর্জ্যপানিতে এর কার্যকারিতা যাচাই এবং বৃহৎ পরিসরে প্রয়োগের উপযোগিতা পরীক্ষা করতে হবে।
এ জন্য গবেষকেরা কন্টিনিউয়াস-ফ্লো ফিক্সড-বেড কলাম ব্যবস্থায় পরীক্ষা ও প্রযুক্তিটির বৃহৎ পরিসরে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি শোষক উপাদানটি বারবার ব্যবহারের উপযোগী করতে পুনরুজ্জীবন প্রক্রিয়া নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ক্রোমিয়ামের পাশাপাশি সিসা, ক্যাডমিয়ামসহ অন্যান্য ভারী ধাতু এবং ক্ষতিকর রং ও ওষুধশিল্পের বর্জ্য অপসারণেও উপাদানটির কার্যকারিতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান গবেষকেরা।
গবেষকদের মতে, পরীক্ষাগারের ফলাফল বাস্তব শিল্পক্ষেত্রেও কার্যকর প্রমাণিত হলে ফেলে দেওয়া চা-পাতা একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে, অন্যদিকে শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণেও সাশ্রয়ী ভূমিকা রাখতে পারে।
খুলনা বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারাও। নতুন উপাচার্য নিয়োগসহ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।
তাদের অভিযোগ, সংকট দীর্ঘায়িত হওয়ায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
এদিকে চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি কোর্ট এরিয়া ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাতীবাজার মোড় পাড় হয়ে ধোলাইখাল ঘুরে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠিত এ মিছিলে যুবদলের মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের সময় নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষে আসাদুজ্জামান আসলাম দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময়ে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।