ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের সঙ্গে আপস করে না। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কোনো সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে।শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমি দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।ডেপুটি স্পিকার বলেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। তাই এ দেশকে আর কখনো কারও পৈত্রিক সম্পত্তি বা ‘আমিত্বের’ দেশ বানাতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে হাজং, গারো, হিন্দু, মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।


জুলাইয়ের রক্তক্ষয়ী সময়ের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, মাত্র দেড় মাসের মধ্যে এক হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। এখন আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রতিটি নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, ২০০৯ সালের শেষ দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ যুক্ত করার প্রতিবাদে শহীদ মিনারে আদিবাসী সংগঠনের সভায় আমি নিজেও অংশ নিয়েছিলাম। হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এ জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হয়েছে। কিন্তু কখনো মাথানত করেনি। স্থানীয়ভাবে চাকরি-বাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারো সম্প্রদায়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের দীর্ঘদিনের অবদানের কিছুটা হলেও মূল্যায়ন হবে।


নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, অ্যাকাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।


উৎসবে হাজং সম্প্রদায়ের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।



সর্বশেষ সব খবর

ফ্যামিলি কার্ড। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৩ পিএম

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।


সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।


তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।


এসবের মধ্যে রয়েছে- যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।


এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা দেওয়া যাবে না।


তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।


সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।



আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটবে।



তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ এই অঙ্গীকারকে সামনে রেখে সরকার একটি উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।



তিনি বলেন, স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।



প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।



এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।



‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মেলার সার্বিক সাফল্য কামনা করেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।


শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক-যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।


অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সন্তান ও সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনা করেন।


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সম্মানী ও সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।


নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৮ এএম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।


এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


এর আগে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।


দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সব খবর

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন তারা।


প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।


১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


এ দিবসে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।


এ সময় সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।


এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

সর্বশেষ সব খবর

হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাতের বৈঠক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৯ এএম

বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে সংস্থাটির সহায়তা কামনা করেছে সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র সম্ভাবনার কথা তুলে ধরে এসব নতুন ক্ষেত্রে বাংলাদেশকে কাজ করার উৎসাহ দেন মহাসচিব।

অন্যদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। তিনি কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাওয়ের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও আইকাওয়ের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি উঠে আসে। এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর