জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৫ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।’

জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলগতভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো:

-  ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
-  ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
-  ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
-  ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
-  ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
-  ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
-  ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
-  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
-  ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা।
-  ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।
-  ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
-  ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।




কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে করে কিংবা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘একটি দল আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। কিন্তু গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। আপনারা কয়েকটি গাড়ি পুড়িয়েই সরকারকে হটিয়ে ফেলবেন বলে যদি ভেবে থাকেন, তাহলে ভুল করবেন।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীরা জেগে উঠেছেন। বিরোধী দলে থাকাকালেও তারা মাথা নত করেননি, এখনো করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। বক্তব্যে বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্যারোলে মুক্তি নিয়ে শেখ হাসিনার বিদেশে চলে যাওয়ার প্রসঙ্গ টানেন তিনি।

খোকন বলেন, ‘আপনি প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চলে গিয়েছিলেন। আপনি তো দেশে আসবেন না।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্টের আইনজীবী জামিল আখতার এলাহী, মাহবুবুর রহমান খান, গাজী তৌহিদুল ইসলামসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েকশ আইনজীবী অংশ নেন।


রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং করেন জোটের নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৭ পিএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মাঠে থেকে দেশবিরোধী যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে বলেছেন জোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে, সরকার তা কঠোর হাতে দমন করবে, সেটাই আশা করছে জামায়াত জোট।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মামুনুল হক। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়।

বৈঠক শেষে মামুনুল হক বলেন, “ইনশাআল্লাহ আমরা ১১ দল রাজপথে আছি, অব্যাহতভাবে জনগণকে সাথে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতপরতা, যেকোন সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

তিনি বলেন, “নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নৈরাজ্যের মাধ্যমে, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কোনোদিন এইভাবে একটি দেশকে, একটি জাতিকে পরাস্ত করে দিতে পারবে বলে যদি তারা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। “আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে সকলে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তি কে প্রতিহত করতে হবে।”

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে মামুনুল হক বলেন, “ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেওয়া হচ্ছে যে ঐক্যের প্রধান ভিত হবে বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। সেটার ভিত্তিতে আমরা আশা করি যে গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে সেটাকে সরকার নতুন করে আমলে নেবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার, যে মনোভাব তাদের ছিল সেখান থেকে সরকার পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

জোটের বৈঠকে অন্য মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৯ পিএম

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।


গোপালগঞ্জে চলমান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা হচ্ছে, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়।


তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।


দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।


তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।


তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৫ পিএম

জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


সংবাদ সম্মেলনের সংবাদ যথাযথভাবে প্রচারের লক্ষ্যে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছে দলটি। একই সঙ্গে সংবাদ সম্মেলনটি প্রচারে গণমাধ্যমগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৬ পিএম

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে, এমন যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো চাপে নেই।


এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।


তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।


২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সই হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি নিয়ে কী হতে যাচ্ছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।


প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার সহ্য করবে না। তবে পুলিশ এমনভাবে কাজ করবে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক থাকে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।


মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০০ এএম

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 


শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 


এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) একটা উদ্যোগ বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। ব্যাক্তিগতভাবে আমি এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলাম। আমাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটা জোট করুক। ইসলামপন্থী দলগুলোর একটা জোট হোক। আর আমরা যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছি (মধ্যমপন্থী)  তারা আমরা একটা এলায়েন্স করবো। 


সেজন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) আমরা এই ৯টি দল একসাথে বেশ কয়েকটি মিটিংও করেছি। 


জোট গঠন করতে না পারার কারণ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দূর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির এবারেই জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই আমাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আমরা সফল হইনি। 


শেষতক এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি’র সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও আমরা টিকিয়ে রাখতে পারিনি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য আমাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে আমরা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছি মনের কষ্ট বুকে চেপে রেখে। 


ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল- তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে। 


আমাদের মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে কি তারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না! অবশ্যই যেতো বলে আমি মনে করি। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় তেমন কোন রাজনৈতিক ফায়দা হয়নি বিএনপির? সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজ- এদের তেমন উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না। 


বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’,  আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো সেটা বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো। 


বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে আমরা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।