সাংবাদিক এ রহমান মুকুলের দুই কিডনি বিকল

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ পিএম

দীর্ঘ চার দশক ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। পেশাগত দায়িত্ব পালনে ছুটে বেড়িয়েছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরতে কখনো পিছপা হননি। অথচ সময়ের নির্মম বাস্তবতায় আজ সেই মানুষটিকেই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াতে হচ্ছে। তিনি পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল।

দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) ভুগছেন তিনি। তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু বিপুল অঙ্কের এই অর্থের সংস্থান করা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ রহমান মুকুল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেলার সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ, পরিচিত ও শ্রদ্ধাভাজন সাংবাদিক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। ধীরে ধীরে তার কিডনির কার্যক্ষমতা কমতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।

তবে কিডনি প্রতিস্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা জোগাড় করা তার পরিবারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়, পারিবারিক আর্থিক সীমাবদ্ধতা এবং বিপুল অর্থের প্রয়োজনীয়তা মিলিয়ে পরিবারটি এখন চরম সংকটের মধ্য দিয়ে সময় পার করছে।

এ অবস্থায় নিজের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এ রহমান মুকুল ও তার পরিবারের সদস্যরা।

দীর্ঘ চার দশক ধরে যিনি মানুষের কষ্ট, অসহায়ত্ব ও বঞ্চনার চিত্র সমাজের সামনে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই জীবন বাঁচানোর আশায় তাকিয়ে আছেন মানুষের মানবিক সহযোগিতার দিকে। তার এই কঠিন সময়ে সমাজের বিত্তবান, সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা হতে পারে বেঁচে থাকার নতুন আশার আলো।

সহায়তার পরিমাণ বড় না ছোট, সেটি মুখ্য নয়। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সামান্য সহযোগিতাও তার চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত মানবিক উদ্যোগে হয়তো আবারও সুস্থ হয়ে পরিবারের মাঝে এবং প্রিয় কর্মক্ষেত্রে ফিরে আসার সুযোগ পাবেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। চার দশক ধরে মানুষের কথা বলা একজন সাংবাদিকের জীবন বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ
নাম: এ রহমান মুকুল
ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়।
মোবাইল নম্বর:
০১৭১৫১৩৮৩০৯
০১৭১২৬২২৫০১
ব্যাংক হিসাব নম্বর: ৫১০১২০২০০৭৭০০০০১
ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক, পঞ্চগড় শাখা।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘স্মার্ট কৃষিতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা বিস্তৃত হচ্ছে। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং যৌথ গবেষণার পথ সুগম করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষিকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপক ড. হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০২ পিএম

ছোটবেলার স্মৃতির ঝুলি খুললে বাবার সঙ্গে কাটানো কত মুহূর্তই না মনে পড়ে! কখনো লুকোচুরি, কখনো দৌড়ঝাঁপ, আবার কখনো ঘরের মধ্যেই তৈরি করে নেওয়া নানা মজার খেলা। বাবার সঙ্গে কাটানো এমন আনন্দের সময় শুধু শৈশবকে রঙিন করে তোলে না, শিশুর মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বাবা ও সন্তানের সম্পর্ক আরও মজবুত করতে প্রতি বছর ২৫ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’। বাবার সঙ্গে খেলাধুলা মানে শুধু কিছুক্ষণ আনন্দে মেতে থাকা নয়। এর মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, সামাজিক দক্ষতা তৈরি হয় এবং অন্যের সঙ্গে সহযোগিতা করার অভ্যাস গড়ে ওঠে। খেলতে খেলতেই শিশুরা নিয়ম মেনে চলা, নিজের মত প্রকাশ করা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয় শেখে। তাই সন্তানের বেড়ে ওঠায় বাবার সঙ্গে খেলার সময়টুকুও যথেষ্ট গুরুত্বপূর্ণ।


কেন পালন করা হয় এই বিশেষ দিন?

বর্তমান সময়ে অফিসের কাজ, সাংসারিক দায়িত্ব এবং নানা ব্যস্ততায় অনেক বাবাই সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। অথচ শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধু পড়াশোনা, খাওয়াদাওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনের দিকে নজর রাখাই যথেষ্ট নয়। সন্তানের সঙ্গে গল্প করা, খেলাধুলা করা কিংবা কিছুটা সময় একসঙ্গে কাটানোও প্রয়োজন।


‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ মূলত বাবাদের সন্তানদের জীবনে আরও সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করে। এই দিনটির উদ্দেশ্য, প্রতিদিনের ব্যস্ততার বাইরে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে আনন্দে মেতে ওঠা। একসঙ্গে খেলা ও বিভিন্ন কাজে অংশ নেওয়ার মাধ্যমে বাবা-সন্তানের সম্পর্ক আরও গভীর হয়। তৈরি হয় এমন কিছু স্মৃতি, যা বড় হওয়ার পরেও সন্তানের মনে থেকে যায়।


যেভাবে পালন করবেন দিনটি?

এই বিশেষ দিনটি উদযাপনের জন্য দামি উপহার কিংবা বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। বাবা ও সন্তান মিলে বাড়ির কাছাকাছি কোনো পার্কে ঘুরতে যেতে পারেন। সেখানে ছোট প্রকৃতি-অনুসন্ধানের খেলার আয়োজন করা যায়। আশপাশে বিভিন্ন ধরনের পাতা, সুন্দর পাথর কিংবা পাখির পালক খুঁজে বের করার প্রতিযোগিতা হতে পারে। এতে খেলতে খেলতেই প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে শিশু।


আবহাওয়া অনুকূলে থাকলে বাড়ির উঠানে আয়োজন করতে পারেন জলকেলির। পানিভরা বেলুন কিংবা ছোট পানির ফোয়ারা নিয়ে মজার খেলা হতে পারে। কে সবচেয়ে বড় ঢেউ তুলতে পারে, তা নিয়েও আয়োজন করা যায় প্রতিযোগিতা। তবে পানির কাছে খেললে শিশুর নিরাপত্তার দিকে অবশ্যই নজর রাখতে হবে।


বাড়ির ভেতরেও তৈরি করা যায় মজার পরিবেশ। কয়েকটি চাদর, বালিশ ও চেয়ার একসঙ্গে জুড়ে বানিয়ে ফেলুন ছোট একটি দুর্গ। সেটি হতে পারে রাজপ্রাসাদ, মহাকাশযান কিংবা কোনো গোপন গুহা। তার ভিতরে বসে গল্প বলা, হালকা খাবার খাওয়া কিংবা কল্পনার জগতে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা।সৃজনশীল কাজের মাধ্যমেও দিনটি স্মরণীয় করে রাখতে পারেন। পাথরের ওপর ছবি আঁকা, কাগজ দিয়ে নানা জিনিস তৈরি করা কিংবা সুপারহিরোর মুখোশ বানানোর মতো কাজে বাবা ও সন্তান একসঙ্গে অংশ নিতে পারেন। কে কত সুন্দর কাজ করল, তা এখানে বড় বিষয় নয়। বরং একসঙ্গে কিছু তৈরি করার আনন্দটাই আসল।


শরীরচর্চার সঙ্গে খেলাধুলার মেলবন্ধন ঘটাতে বাড়ির উঠোনে আয়োজন করতে পারেন ছোট অলিম্পিকের। তিন পায়ে দৌড়, হুলা হুপ ঘোরানো কিংবা বাধা পেরিয়ে দৌড়ের মতো প্রতিযোগিতা রাখা যেতে পারে। এতে শরীরচর্চার পাশাপাশি বাবা ও সন্তানের মধ্যে তৈরি হবে মজার প্রতিযোগিতার আবহ।আবার বাইরে যেতে ইচ্ছা না করলে বাড়িতেই বসতে পারেন সিনেমা দেখার আসরে। পছন্দের কার্টুন বা সিনেমা বেছে নিয়ে শুরু করে দিন মুভি ম্যারাথন। সঙ্গে থাকুক পপকর্ন, নরম কম্বল আর জমিয়ে আড্ডা। কখনো একসঙ্গে নিশ্চিন্তে বসে সময় কাটানোই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।


কবে থেকে শুরু হয়েছিল এই দিন পালনের রীতি?


‘ন্যাশনাল প্লে ডে উইথ ড্যাড’ পালনের সূচনা হয় ২০১৮ সালে। ‘শেয়ার আওয়ার স্টাইল ফাউন্ডেশন’ এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নেয়। শিশুদের জীবনে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা এবং সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।


ফাউন্ডেশনের ভাবনা ছিল, বাবারা যেন প্রতিদিনের কাজের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে সন্তানের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। কারণ, খেলাধুলা শুধু শিশুর শারীরিক বিকাশেই সাহায্য করে না, তার চিন্তাভাবনা, আবেগ ও সামাজিক দক্ষতা গড়ে তুলতেও ভূমিকা রাখে।প্রতি বছর ২৫ নভেম্বর তাই খেলাধুলা, সৃজনশীল কাজ এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে দামি খেলনা কিংবা বড় আয়োজনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কিছুটা সময়, মন দিয়ে তার কথা শোনা এবং তার আনন্দের সঙ্গী হয়ে ওঠা। কারণ, শৈশবের সবচেয়ে দামি উপহারগুলোর একটি হলো বাবা-মায়ের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত।


সূত্র: ন্যাশনাল ডে অব দ্য ইয়ার, ইন্ডিয়া টুডে

সর্বশেষ সব খবর

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৩ পিএম

সাদা-কমলা ফুলে ছেয়ে গেছে পুরো গাছ। ভোরের আলো ফোটার আগেই ফুলে ফুলে ভরে গেছে গাছতলা। ফুল কুড়াতে শিশুদের ছুটোছুটি মনে করিয়ে দেয় সোনালী সেই শৈশব। 


শরৎ-হেমন্তের সকাল মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোল আর শিশিরভেজা ভোর। প্রকৃতির এই স্নিগ্ধ আয়োজনে মায়াবী আবেশ ছড়ায় ছোট্ট এই শিউলি ফুল। শিউলি ফুলে ভরা গাছতলায় ফুল কুড়ানো ফিরিয়ে আনে শৈশবের সেই সকাল। 


রাতের আঁধারে ফোটা ফুল, সুবাস ছড়ায় চারিদিকে, সূর্য ওঠার আগেই নীরবে ঝরে পড়ে শিশিরভেজা ঘাসের বুকে। এ যেন ক্ষণিকের অতিথি।


তবে এ ফুলের আবেদন দীর্ঘস্থায়ী। এই ফুল যেন প্রকৃতির এক নীরব কবিতা। তার সাদা পাপড়িতে পবিত্রতা, কমলা বোঁটায় উষ্ণতা, সুবাসে মায়া আর ঝরে পড়ায় বিষাদের ছায়া। 


ভোরে গাছের নিচে ছড়িয়ে থাকা শিউলি কুড়াতে গিয়ে কেউ ফিরে যান শৈশবে, কেউ খুঁজে পান প্রিয়জনের স্মৃতি, আবার কেউ অনুভব করেন প্রকৃতির অপার সৌন্দর্য। তাই শিউলি শুধু ঋতুর পরিচয় নয়, বাঙালির অনুভূতি ও সংস্কৃতিরও একটি অংশ। 


শরৎ যায়, হেমন্ত আসে, ঋতুর বদল ঘটে, ঝরে যায় শিউলি।

বিষয় :

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম
  • আপডেট : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ পিএম


১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় আঁকা ভিনসেন্ট ভ্যান গগের ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল)। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৮ এএম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে বিক্রির উদ্যোগ ঘিরে বিরোধ তৈরি হয়েছে। ছবিটির সাবেক মালিক জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা এর বিক্রিতে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিল তাদের পরিবার।

তবে উত্তরাধিকারীদের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সময়েই ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স। বুধবার নিলামে ছবিটির দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এই দামে বিক্রি হলে ভ্যান গগের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়বে এটি।

১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি আঁকেন ভ্যান গগ। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল) নামের ছবিটিতে ফুলে ভরা চেস্টনাট গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। তার উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনামলে পরিবারের আর্থিক ক্ষতির কারণে ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করতে বাধ্য হন তারা। তাই ওই বিক্রির পরিস্থিতি এবং ছবিটির তৎকালীন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবি’সের কাছে প্রমাণ চেয়েছেন, ছবিটি যথাযথ বাজারদরে বিক্রি হয়েছিল কি না এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি না থাকলেও ফিশার পরিবার ছবিটি বিক্রি করত কি না।

তবে সোথেবি’স বলছে, ছবিটির মালিকানা ও হাতবদলের ইতিহাস নিয়ে তারা বিস্তারিত অনুসন্ধান করেছে। তাদের গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ছবিটি চাপের মুখে বা বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হয়েছিল।

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দুপক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এএফপি জানিয়েছে, এ বিষয়ে দুপক্ষের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠকের কথা ছিল।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৫ পিএম

রমজান শুরু হওয়ার এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ছোলার কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাজারে। পণ্যটির দাম কেজিতে বেড়ে গেছে প্রায় ১০ থেকে ১৫ টাকা। কাটছে না সয়াবিন তেলের সংকটও; বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেইসঙ্গে এখনো চড়া মাছের বাজার।



এদিকে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছু সবজির দাম কমেছে। তবে টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের মতো কয়েকটি পণ্য এখনো বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছে।



শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে চোখে পড়েছে এ চিত্র।



রাজধানীর বাজারগুলোতে এখন প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ১০০ টাকার মধ্যে। একইভাবে ছোলার ডালের দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।মালিবাগ এলাকার দোকানি মো. রফিকুল ইসলাম বলেন, পাইকারি আড়তদাররাই এখন ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যে ছোলা আমরা ৯২-৯৫ টাকায় কিনেছি, সেটাই এখন পাইকারিতে ১০২ থেকে ১০৫ টাকা পড়ছে। রমজান আসার আগেই পাইকারি বাজার চড়ে গেছে, এর প্রভাব আমাদের ওপরও পড়ছে।



ছোলার দাম বেড়ে যাওয়া পুরোপুরি সিন্ডিকেটের কারসাজি উল্লেখ করে জামিল হোসেন নামে এক ক্রেতা বলেন, রমজান আসতে এখনো কয়েক মাস বাকি, এর মধ্যেই এভাবে ছোলার দাম বেড়ে যাবে; ভাবা যায় না। প্রতি বছর রমজানের অজুহাতে আগেভাগেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষের পকেট কাটা যায়।



এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিমের দাম পাইকারি বাজার-সংলগ্ন এলাকায় কিছুটা কম, প্রতি ডজন ১৩০ থেকে ১৪০ টাকা। যা গত সপ্তাহে ১০ টাকা বেশি ছিল।



এছাড়া বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে। তবে কিছু সবজি এখনো ক্রেতাদের নাগালের বাইরে। বাজারভেদে খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি কেজি ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা; বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আর বেগুনের দাম জাত ও আকারভেদে ৪০ থেকে ৭০ টাকা হলেও গোল বেগুনের কেজি ১২০ টাকা।



অন্যদিকে টমেটো ও কাঁচামরিচের কেজি ১২০ টাকা করে; গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। এছাড়া প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।



উত্তরার আজমপুর সমবায় মার্কেটের সবজি বিক্রেতা আরিফ বলেন, শীতকালীন সবজির সরবরাহ এখন অনেক বেড়েছে। এ কারণে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সরবরাহ আরও বাড়লে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।



সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। আগের সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।



মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।



এদিকে, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা আগে ৫০ থেকে ৬০ টাকা ছিল। তবে এখনো চড়া আছে আদা-রসুনের দাম। প্রতি কেজি রসুন ১৫০ থেকে ১৮০ টাকা এবং আদা ১৪০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। প্রতি কেজি সয়াবিন তেল কিনতে হচ্ছে ২০৫ থেকে ২১০ টাকায়। এছাড়া চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি। মসুর ডালের দাম মানভেদে ৯০ থেকে ১৫৫ টাকা কেজি।

সর্বশেষ সব খবর

হাওয়া বেগম

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৪৫ এএম

জীবন যখন চরম অনিশ্চয়তায় মোড়ানো, চারপাশে যখন কেবলই অভাবের কালো ছায়া—এমন এক কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও হার মানেননি হাওয়া বেগম। স্বামীকে হারিয়ে জীবনযুদ্ধের ময়দানে একদম একা হয়ে পড়েছিলেন তিনি। 


কোনো সন্তান না থাকায় নিজের কষ্ট ভাগ করে নেওয়ার কিংবা বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো আপনজনও ছিল না। তবে অভাবের কাছে আত্মসমর্পণ করেননি হাওয়া বেগম। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সুযোগই একসময় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর পাশে দাঁড়ায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। প্রতিষ্ঠানটির ‘জীবিকা উন্নয়ন কেন্দ্র, সান্তানপাড়া, নরসিংদী’প্রকল্পের সহায়তায় শুরু হয় তাঁর জীবনে পরিবর্তনের নতুন অধ্যায়।


১৫ হাজার টাকা থেকে স্বপ্নের সূচনা


স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে সিজেডএম থেকে প্রথমে ১৫ হাজার টাকা তহবিল সহায়তা পান হাওয়া বেগম। এই অর্থের মধ্য থেকে ১০ হাজার টাকা দিয়ে দুটি ছাগল কিনে শুরু করেন ছাগল পালন। অভাবের জীবনে এটিই ছিল তাঁর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রথম অবলম্বন।


শুরুটা ছিল ছোট। কিন্তু স্বপ্নটা ছিল বড়। নিজের হাতে থাকা সামান্য সম্পদকে যত্ন, শ্রম ও ধৈর্যের মাধ্যমে কীভাবে বড় করে তোলা যায়, সেই চেষ্টাই করতে থাকেন তিনি। ছাগল দুটির পরিচর্যায় কোনো ধরনের অবহেলা করেননি। খাবার, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর রেখেছেন নিয়মিত। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগেই সম্ভাবনার আলো দেখতে শুরু করেন তিনি।


হাওয়া বেগমের কাছে দুটি ছাগল ছিল শুধু দুটি প্রাণী নয়; ছিল নিজের জীবনের নতুন অধ্যায়ের ভিত্তি। তাই প্রতিদিনের পরিশ্রমের পাশাপাশি তিনি খামারটিকে আরও বড় করার স্বপ্ন দেখতে থাকেন।


মেধা ও পরিশ্রমে মিনি খামার


হাওয়া বেগমের একাগ্রতা, পরিশ্রম ও যত্নশীলতায় প্রথম পদক্ষেপটি সফল হতে শুরু করে। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। কাজের ধারাবাহিকতায় ধাপে ধাপে তিনি আরও সহায়তা গ্রহণ করেন এবং ছাগলের খামারের পরিধি বাড়াতে থাকেন।


এভাবে মোট পাঁচটি ধাপে মোট এক লাখ টাকা সহায়তা পান তিনি। সেই অর্থের সঙ্গে নিজের শ্রম ও অভিজ্ঞতা যুক্ত করে ধীরে ধীরে গড়ে তোলেন একটি সমৃদ্ধ ‘মিনি ছাগলের খামার’। তাঁর নিরলস পরিচর্যা ও ভালোবাসায় আজ খামারটিতে শোভা পাচ্ছে ছোট-বড় ১২টি সুস্থ-সবল ছাগল।


একসময় যে নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন, সেই তিনিই এখন নিজের একটি উদ্যোগের মালিক। খামারের প্রতিটি ছাগল তাঁর কাছে সম্ভাবনার প্রতীক। একটি ছাগল বিক্রি করে পাওয়া অর্থ যেমন তাঁর দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করে, তেমনি নতুন ছাগল কেনার মাধ্যমে ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগও তৈরি হয়।


হাওয়া বেগম বলেন, “যখন প্রথম ১৫ হাজার টাকা সাহায্য পাইলাম, মনে হইলো যেন একটা খড়কুটো আঁকড়ে ধরলাম। ১০ হাজার টাকা দিয়া দুইটা ছাগল কিইন্যা নিজের সন্তানের মতো যত্ন করতে লাগলাম। এরপর ধাপে ধাপে টাকা পাইছি আর খামার বড় করছি। ভাবতেও পারি নাই, আমার মতো অভাবী মানুষেরও একদিন ১২টা ছাগলের একটা খামার হবে।”


অভাব থেকে আত্মমর্যাদার পথে


হাওয়া বেগমের গল্প শুধু একটি ছাগলের খামার গড়ে ওঠার গল্প নয়; এটি একজন অসহায় নারীর নিজের ভাগ্য বদলে নেওয়ার গল্প। একসময় যেখানে প্রতিদিনের খাবারের চিন্তাই তাঁকে তাড়া করত, সেখানে আজ তিনি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন। নিজের পরিশ্রমে আয় করার সুযোগ তাঁকে শুধু আর্থিক স্বস্তিই দেয়নি, ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাও।


ছাগল পালনকে তিনি এখন আর শুধু সহায়তার একটি মাধ্যম হিসেবে দেখেন না। এটি তাঁর কাছে একটি নিয়মিত জীবিকা ও ভবিষ্যতের বিনিয়োগ। ছাগলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর সম্ভাবনাও। খামারের প্রতিটি ছাগলের যত্ন, খাবারের ব্যবস্থা, পরিচর্যা এবং প্রয়োজন অনুযায়ী বিক্রির সিদ্ধান্ত—সবকিছুতেই এখন তাঁর নিজের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি হয়েছে।


সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তাঁর মানসিকতায়। অন্যের সাহায্যের অপেক্ষায় থাকা একজন নারী আজ নিজের উদ্যোগে আয় করছেন। ফলে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। এখন তিনি বিশ্বাস করেন, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে অভাবগ্রস্ত মানুষও নিজের পায়ে দাঁড়াতে পারেন।


সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন


হাওয়া বেগমের চোখে এখন আরও বড় স্বপ্ন। তাঁর ছোট্ট খামারটিকে আরও বড় করা, ছাগলের সংখ্যা বাড়ানো এবং নিয়মিত আয় নিশ্চিত করাই তাঁর পরবর্তী লক্ষ্য। একদিন যে নারী ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগই পেতেন না, আজ তিনিই নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন।


হাওয়া বেগমের জীবনসংগ্রাম তাই শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি সম্ভাবনার গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প এবং আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। তাঁর ছোট্ট খামারের প্রতিটি ছাগলের সঙ্গে জড়িয়ে আছে তাঁর সংগ্রাম, পরিশ্রম, স্বপ্ন ও নতুন জীবনের প্রত্যয়।


অভাবের কঠিন পথ পেরিয়ে হাওয়া বেগম আজ প্রমাণ করছেন—সুযোগের একটি দরজা খুলে দিলে একজন মানুষ নিজেই নিজের জন্য আরও অনেক দরজা খুলে দিতে পারেন। সঠিক দিকনির্দেশনা, শ্রম এবং জাকাতভিত্তিক উৎপাদনমুখী সহায়তা একজন অসহায় মানুষকে শুধু সাহায্যপ্রার্থী নয়, একজন স্বাবলম্বী উদ্যোক্তায় পরিণত করতে পারে।


সিজেডএমের জীবিকা কর্মসূচির প্রধান এনামুল হক বলেন, জীবিকা কর্মসূচির মাধ্যমে সিজেডএম এ পর্যন্ত প্রায় ৩৩ হাজার পরিবারের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এসব পরিবারের আত্মনির্ভরশীলতা অর্জন ও উন্নত জীবন গঠনের পথে পাশে থাকতে পেরে আমরাও সম্মানিত ও গর্বিত বোধ করছি।


সর্বশেষ সব খবর