দুর্দান্ত খেলেছেন বেলিংহ্যাম ও কেইন

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১২:২৮ পিএম

হ্যারি কেইন ও বুকায়ো সাকা জোড়া গোল করেছেন। জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও মর্গান রজার্সও গোলের তালিকায় নাম লিখিয়েছেন। সব মিলিয়ে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা নেশনস লিগে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। রিজেকার মাঠে শনিবার (৩ অক্টোবর) টমাস টুখেলের দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। এই জয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে প্রথম তিন ম্যাচে ইংল্যান্ডের জয় হলো দুটি। টুখেল দায়িত্ব নেয়ার পর এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়।


ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। অভিষেক শুরুর ম্যাচ খেলতে নামা অ্যালেক্স স্কটের নিখুঁত পাস থেকে বল পান বেলিংহ্যাম। এরপর তার দারুণ থ্রু-পাসে বল পেয়ে ১০ গজ দূর থেকে গোল করেন হ্যারি কেইন।


২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। ২৭ পাসের দুর্দান্ত এক আক্রমণের শেষে সাকার ক্রস ঠিকভাবে সতীর্থদের কাছে পৌঁছায়নি। তবে অ্যান্থনি গর্ডন মাঝআকাশে বল নিয়ন্ত্রণ করে আবার বক্সে পাঠান। সেখান থেকে বেলিংহ্যাম পায়ের ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন। ৩৯ মিনিটে ইংল্যান্ডের তৃতীয় গোলটি করেন গর্ডন। জ্যারেল কুয়ানসাহর নিখুঁত ক্রসে ছয় গজ দূর থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। ইংল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচে এটি গর্ডনের চতুর্থ গোল।


প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও গোলের দেখা পায় ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার বক্সে দুর্দান্তভাবে ঢুকে পড়ে বেলিংহ্যাম বল বাড়িয়ে দেন সাকার দিকে। সেখান থেকে সহজেই বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্সেনাল উইঙ্গার। ফলে বিরতিতে ৪-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।


বিরতির পরও ক্রোয়েশিয়ার ওপর চাপ অব্যাহত রাখে ইংল্যান্ড। ৫৩ মিনিটে আবারও গোল করেন কেইন। অ্যান্ডারসনের ক্রসের দিকে ছুটে গিয়ে স্লাইডিং ফিনিশে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাকা। কেইনের পাস থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজেই গোল করেন তিনি।


শেষ পর্যন্ত ৮৭ মিনিটে ইংল্যান্ডের সপ্তম গোলটি আসে মর্গান রজার্সের পা থেকে। বেলিংহ্যামের পাস পেয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে কাটিয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা রজার্স।


গোল করেই থেমে থাকেননি বেলিংহ্যাম। ইংল্যান্ডের সাত গোলের মধ্যে তিনটিতেই সরাসরি সহায়তা করেছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পুরো ম্যাচে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।


এই জয়ে নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে ইংল্যান্ড নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই আগামী মার্চে কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পাবে তারা।



সর্বশেষ সব খবর

ছবি: চ্যাটজিপিটি দিয়ে বানানো

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪১ পিএম

ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে বাধ্য হন আয়োজকরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।


ঘটনাটি ঘটে ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।


ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।


পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


তবে ঘটনার ভয়াবহতা বাড়ে এরপর। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ, প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন তিনি। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ উঠেছে।


এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।


এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।

সর্বশেষ সব খবর

কাভান সুলিভান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েই যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।


২০০৪ সালে ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া সেরা খেলোয়াড়কে পুরস্কারটি দেওয়া হয়। সুলিভান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে তা জিতলেন। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।


যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।


নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে এমএলএসে দুটি রেকর্ড গড়েন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।


টানা ১০ ম্যাচে গোলেও অবদান রাখেন সুলিভান—এমএলএসে কোনো কিশোর বয়সী খেলোয়াড় টানা এত ম্যাচে গোলে অবদান রাখতে পারেননি। গত সেপ্টেম্বরে এমএলএস মাসসেরা খেলোয়াড়ও হন সুলিভান। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাসসেরা হওয়ার রেকর্ডও গড়েন এমএলএসে।


গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান কাভান সুলিভান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের মূল একাদশে অভিষেক ঘটে তাঁর। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন সুলিভান।


কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসত গড়েন।

সর্বশেষ সব খবর

ছন্নছাড়া ব্যাটিংয়ে ৯১ রানে অলআউট বাংলাদেশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৩ এএম

শুরুটা করে দিলেন মার্কো ইয়ানসেন, মাঝে এসে গতির তোড়ে স্টাম্প উড়ালেন আনরিখ নরকিয়া। বাংলাদেশের উইকেট পতনে শামিল হলেন ভিয়ান মুল্ডার আর সাইমন হার্মারও। আর শেষটা মুড়ে নাজমুল হোসেন শান্তর দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন কাগিসো রাবাদা। সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৩৩.৩ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। গুটিয়ে গেছে স্রেফ ৯১ রানে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে কোনো দলের এটাই সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৬ সালে এই মাঠে ইংল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশকে ধসিয়ে দিতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ইয়ানসেন। ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি, রাবাদা নেন ২৩ রানে ৩ উইকেট। এক স্পেল বল করে ১০ রানে ২ উইকেট নিয়ে দারুণ করেন একাদশে ফেরা নরকিয়া।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পতন শুরু। ইয়ানসেনের বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন তানজিদ হাসান তামিম। মাহফিজুল ইসলাম রবিন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি পাওয়ার পর মনে হচ্ছিলো ভালো কিছু করতে পারেন। কিছু বলে পরাস্ত হলেও থিতু হয়ে পড়েছিলেন তিনি। 

তবে প্রথম বোলিং চেঞ্জেই কাবু রবিন। নরকিয়ার ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েও স্টাম্প বাঁচাতে পারেননি ডানহাতি ব্যাটার (২৩)। নরকিয়া এক বল পরই অধিনায়ক শান্তকে ছাঁটেন একইভাবে। বাঁহাতি শান্ত নরকিয়ার লাইনই বুঝতে পারেননি। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তুলতে তখন ভার মুমিনুল হক ও তাওহিদ হৃদয়ের পর।

ছন্দ হারানো মুমিনুল থিতু হয়েও আউট হন আগের ম্যাচের মতো। মিডিয়াম পেসার ভিয়ান মুল্ডারের বল স্টাম্পে টেনে বোল্ড তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস বাজে শটে ইয়ানসেনের বলে ধরা দেন গালিতে। আগের ম্যাচের আরেক সেঞ্চুয়ারিয়ান হৃদয়ও বিদায় নেন ছটফট করে। হার্মারের অফ স্পিনে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা দেন ১৯ করা হৃদয়। এতে এক সেশনে ২৭ ওভারেই ৮৫ রানে পড়ে ৬ উইকেট।

চা-বিরতির পর ফিরেই আর সময় লাগেনি। দ্রুতই মুড়ে যায় ইনিংস। শরিফুল ইসলাম ক্ষ্যাপাটে শটে রাবাদাকে উড়াতে গিয়ে দেন ক্যাচ। জাকের আলি অনিক রাবাদার বলে হন এলবিডব্লিউ। তাসকিন আহমেদকেও স্লিপে ক্যাচ বানান এই মাঠের সর্বোচ্চ উইকেটশিকারি ডানহাতি পেসার।  খালেদকে থার্ড ম্যানে ক্যাচ বানিয়ে ইনিংস মুড়ে দেন ইয়ানসেন। 

সর্বশেষ সব খবর

ছবি: ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪০ পিএম

এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। এই হারের দিনে প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কেও জড়িয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।


পেনাল্টি থেকে গঞ্জালো তাপিয়ার গোলে এগিয়ে যায় কলম্বাস। ৩৬ মিনিটে গঞ্জালো লুহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে থ্রো-ইন নেওয়ার সময় তাপিয়ার মুখ লক্ষ্য করে বল ছোড়েন মেসি। এ ঘটনায় রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া, দুজনকেই হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন তাপিয়া, আরেকটি গোল করেন তাহা হারব্রুন।




রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলম্বাস কোচ লরাঁ কোর্তোয়া। তার মতে, মেসির আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল। অন্যদিকে রেফারি চ্যাপম্যানের ব্যাখ্যা, বলের গতি ও শক্তি খুব বেশি ছিল না, তাই ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। 


মায়ামি কোচ কিলি গঞ্জালেস জানান, দল প্রত্যাশামতো খেলতে পারেনি, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা। 


তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন কঠিন সমীকরণের সামনে মেসিরা। আগামী শুক্রবার কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। না হলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মায়ামিকে।

সর্বশেষ সব খবর

টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১২ পিএম

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। নিউজিল্যান্ডের মাটিতেও এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিও এসেছিল এই মাঠে।


নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল ভারত।


ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাতটি ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা।


ওয়েলিংটনে ভারতের ৭২০ রানের ইনিংসটি এখন তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৭ উইকেটে ৭৫৯ রান। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেটে ৭২৬ রান, সেটি এসেছিল ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে।


ভারতের ইনিংসে হয়েছে আরও একটি বিরল রেকর্ড। ভারতের ইনিংসের প্রথম ৭ জুটিতেই এসেছে পঞ্চাশোর্ধ রানের জুটি, যা টেস্ট ইতিহাসেই প্রথম।


এ ছাড়া ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকেই অন্তত ৮০ রান করেছেন। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে ৫৬৬ রানের ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৮০ বা তার বেশি রান করেছিলেন।


নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংস লিড ৩৫২ রানের।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৯ পিএম
  • আপডেট : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৯ পিএম


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৯ পিএম

বড় ধাক্কা খেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ক্লাবটির ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।


গতকাল শুক্রবার রাতে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচেই প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোটে পড়েন ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।ম্যাচের ১৫তম মিনিটে মাইকেল অলিসের নিচু ক্রস থেকে বলের নিয়ন্ত্রণ নিতে বক্সের ভেতরে ঢুকে পড়েন কেইন। এ সময় কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিড বল ক্লিয়ার করতে গেলে তার পায়ের সঙ্গে কেইনের বাঁ পায়ের সজোরে ধাক্কা লাগে এবং কেইন মাটিতে লুটিয়ে পড়েন। তীব্র ব্যথায় কাতরাতে থাকা কেইন ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যথার তীব্রতায় আর তা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দুই ফিজিওথেরাপিস্টের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।


ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, শুক্রবার কোলনের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে হ্যারি কেইনের বাঁ গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের মেডিকেল বিভাগের পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।


চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কেইনের এই চোট বাভারিয়ানদের জন্য নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬১ ম্যাচে ১৫৬টি গোল করার পাশাপাশি জিতেছেন দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ।


উল্লেখ্য, গত মাসে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েন হ্যারি কেইন। এই অর্জনের মাত্র দুই সপ্তাহ আগে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতেও সই করেন তিনি, যার মেয়াদ অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত জার্মান ক্লাবটিতে থাকবেন এই ইংলিশ অধিনায়ক।

সর্বশেষ সব খবর