ময়মনসিংহের ভালুকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক এমএনএ ও এমপি এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম আফতাব উদ্দিন চৌধুরী (চাঁন মিয়া'র) ৪১তম মৃত্যুবার্ষিকী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম হাবিব উল্যাহ চৌধুরী (মনু মিয়া'র) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে এ স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু।
এ সময় বক্তারা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর কর্মময় জীবন, শিক্ষা বিস্তার, সমাজসেবা ও স্থানীয় মানুষের কল্যাণে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁদের মতো সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ও মরহুম হাবিব উল্যাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছবি : সংগৃহীত
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ‘এফবি বরকত’ নামের ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে। সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
পরে ট্রলারটি ভাসতে দেখে কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা বিষয়টি মালিক পক্ষকে জানান। দুর্ঘটনার পর আশপাশের ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম গাঙ্গিনাপাড় এলাকায় সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র সড়ক ও ফুটপাতের ওপর রাখায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যস্ত সড়কে যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এতে যানজট ও জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর ভোগান্তি কমানো এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাঙ্গিনাপাড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত রাখা হবে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও অনেকাংশে কমবে।
মাদারীপুরের শিবচরে মাকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
স্থানীয়রা নদে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে শিবচর থানার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের খান বাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি জমির ঝোপে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। নিহত ওই নারীর নাম শাম্পা খাতুন। তিনি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার ছামরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবচর থানায় মামলা করেন।
নিহতের বাবা ও মামলার বাদী ছামরুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পা খাতুনের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী ছেলে আবির ছিল। একটি মামলায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে শিবচরের বাখরেরকান্দি এলাকার রতন মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পরিচয় হয়।
পুলিশের দাবি, ফারুকের বাড়িতে শম্পাকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। একই ঘটনায় শিশু আবিরকে শ্বাসরোধে হত্যার পর আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর থেকে ফারুক মোল্লাকে গ্রেফতার করে শিবচর থানা-পুলিশ ও র্যাব-৮। তার কাছ থেকে শাম্পার ব্যবহৃত চেইন, ওড়না ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)
পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটক রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে হানিট্রাপ চক্রের ৪-৫ জন সদস্য ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটক রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিকভাবে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৩ আগস্ট ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু রায়হান হৃদয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর আসামি সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।
পরে গ্রেপ্তার দুই আসামিকে পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের দক্ষিণ সুরমায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এ সময় হাইটেক পার্কে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাসসংলগ্ন এলাকায় প্রস্তাবিত শিল্পনগরীর স্থান পরিদর্শন করেন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে প্রস্তাবিত এই বিসিক শিল্পনগরীতে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকারের ওপর ভিত্তি করে প্লটের সংখ্যা নির্ধারিত হবে। সড়ক কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে কথা হয়েছে, বাইপাসের বর্তমান সড়কটি ভবিষ্যতে ৬ লেনের মহাসড়কে উন্নীত হচ্ছে, যার ডিপিপি তৈরির কাজ চলছে। এটি ঢাকা-সিলেট মূল মহাসড়কের একটি বিকল্প মহাসড়ক হিসেবে ব্যবহৃত হবে।’
তিনি বলেন, “এই নতুন বিসিকটি ৩ কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুরের বিদ্যমান বিসিক শিল্পনগরীর সাথে যুক্ত করা হবে। কাছেই রেললাইন, গ্যাস লাইন ও বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে এবং পাশে জলাশয় থাকায় এটি শিল্পনগরীর জন্য একটি আদর্শ স্থান। সিলেটের স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারী সহ দেশের সর্বস্তরের উদ্যোক্তারা এখানে বিপুল সংখ্যায় বিনিয়োগ করবেন বলে আমরা আশাবাদী।”
আইটি ও ডিজিটাল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাইটেক পার্কের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামী মাসের প্রথম শনিবারে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাকে সাথে নিয়ে পুনরায় সিলেট পরিদর্শন করব। সেখানে একটি এআই ট্রেনিং সেন্টার স্থাপন করে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শিল্প সচিব আব্দুন নাসের খান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী, বিসিকের জিএম (প্ল্যানিং) ড. ফরহাদ আহমেদ, বিসিক সিলেট জেলা কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট নগরের শাহপরান ইসলামাবাদ এলাকায় ৬৫ বছর বয়সী এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করেন স্বজনেরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকায় নিজের বাসায় থাকতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের বাবা শাহাব উদ্দিনের এক ছেলে ফ্রান্সে থাকেন। নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় একজনের কাছ থেকে তিনি জানতে পারেন, তার বাবাকে কয়েকজন ব্যক্তি আটকে রেখেছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন অংশও রক্তাক্ত ছিল। পরে স্বজনেরা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। পরে শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাদের জানা নেই। তার স্ত্রীও কারও সঙ্গে তার শত্রুতা বা বিরোধের কথা জানেন না বলে জানিয়েছেন।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ জানন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সিলেট নগরে গত ১২ আগস্ট এক ব্যবসায়ী, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে নিজ বাসায় হত্যা করা হয়েছিল। রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ওই ঘটনায় নিহত হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।