একসঙ্গে বেড়ে ওঠা, শৈশব-কৈশোরের স্মৃতি আর দীর্ঘ এক যুগের বন্ধুত্বকে উদযাপন করতে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৯ ব্যাচের ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর এক যুগ পূর্তি অনুষ্ঠান।
‘মোরা এক হয়ে ফুটি শতদল’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন বাজার এলাকার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিন ধরে কার্যালয়টি সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। এতে সদস্যদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনা পর্ব। এতে এক যুগের পথচলায় সংগঠনের নানা কর্মকাণ্ড, অর্জন এবং বিভিন্ন চড়াই উতরাইয়ের কথা তুলে ধরেন সদস্যরা। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে মতামত দেন তাঁরা।
আয়োজনে সংগঠনের সদস্যদের পরিবারের সদস্য এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন গৌরবোজ্জ্বল ৯৯ এর সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, আব্দুল্লাহ আল নাসের, শামসুল আরেফিন শাকিল, মিঠুন পাল, মো. মাসুম বিল্লাহ ও মো. শামীম গাজীসহ অন্যরা।
পরে এক যুগ পূর্তির কেক কাটা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ মিলনমেলা।
আয়োজকদের ভাষ্য, গৌরবোজ্জ্বল ৯৯ শুধু একটি ব্যাচের নাম নয়, এটি দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি বন্ধন। এক যুগ পেরিয়ে সেই সম্পর্ককে আরও দৃঢ় করে সামনে এগিয়ে যাওয়াই তাঁদের প্রত্যাশা।
আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক
দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার
মিরপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও বাকলিয়া থানা এলাকায় অবৈধ স্থাপনা ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে চউকের নিজস্ব জায়গায় গড়ে ওঠা ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ এবং বিধিমালা লঙ্ঘনের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় চউকের নিজস্ব ভূমি অবৈধভাবে দখল করে নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ওই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করার দায়ে ৯টি ভবন তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। অপর একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে সংস্থাটির অবস্থান অত্যন্ত কঠোর।তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে নকশাবহির্ভূত ভবন এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।