শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার দায়িত্ব যাঁদের ওপর, তাঁদের ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকে। তবে বরগুনার পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজেনুর বেগমকে ঘিরে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতনের অভিযোগ এবং একাধিক ফৌজদারি মামলা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় শিক্ষা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওই শিক্ষকের বদলির দাবি জানিয়েছেন তাঁরই এক স্বজন। অভিযোগের সঙ্গে মামলা, চিকিৎসাপত্র, এক্স-রে রিপোর্ট ও আলোকচিত্রও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজা চৌধুরী গত ১ নভেম্বর ২০২৬ তারিখে বরগুনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি সহকারী শিক্ষক তাজেনুর বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান মানিকের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, স্বজনদের সঙ্গে অসদাচরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।
আবেদনকারী ফিরোজা চৌধুরী নিজেকে তাজিনুর বেগমের আপন ফুফু শাশুড়ি পরিচয় দিয়ে অভিযোগ করেন, পারিবারিক বিরোধের কারণে পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে অশান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হচ্ছে। তাঁর দাবি, তিনি নিজেও তাজেনুর বেগম ও তাঁর স্বামীর দ্বারা শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান মানিকের বোন রহিমা খাতুনের হাত ভেঙে যাওয়ার ঘটনা। অভিযোগকারীরা জানান, এ ঘটনায় গুরুতর আঘাতের প্রমাণ হিসেবে এক্স-রে রিপোর্ট, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া মিজানুর রহমান মানিকের বোনের স্বামী জাহাঙ্গীর হোসেনের দায়ের করা আরও একটি ফৌজদারি মামলার তথ্যও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। একই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ঘিরে এমন গুরুতর অভিযোগের বিষয়টি শিক্ষা প্রশাসন কীভাবে বিবেচনা করছে। ব্যক্তিগত পারিবারিক বিরোধের দায় সরাসরি পেশাগত দায়িত্বের সঙ্গে এক করে দেখার সুযোগ না থাকলেও অভিযোগের গুরুত্ব, মামলার প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা যাচাই করা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে কোনো শিক্ষককে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বা শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
অভিযোগকারীর দাবি, পরিবারের বয়োবৃদ্ধ ও নারী সদস্যদের নিরাপত্তা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই শিক্ষককে পাথরঘাটা থেকে অন্যত্র বদলি করা প্রয়োজন। এ দাবিতে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক তাজেনুর বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান মানিকের বক্তব্য জানার একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
সার্বিকভাবে ঘটনাটি শুধু একটি পরিবারের বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং শিক্ষা প্রশাসনের জবাবদিহির প্রশ্নও জড়িয়ে গেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং মামলাগুলোর প্রকৃত অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বরগুনার পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান বলেন- পাথরঘাটা সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিনুর বেগমের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র হাতে পেয়েছি। অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে তদন্ত শুরু করা হয়নি। তবে অতি শীঘ্রই তদন্ত শুরু করা হবে।
এ ব্যাপারে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ ছালেহ বলেন- অভিযোগটি পেয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি
নিহত শাহিন ও সোহেল। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
শামীম ওসমানের বাড়িতে আগুন।
উদ্ধার হওয়া গাড়ি ও সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত
দুপুরে খাবার খেতে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান হালিশহর থানার টহল টিমের তিন সদস্য। এ সময় পিকআপটি সড়কের পাশে পার্কিং করেন চালক। তবে খাবার শেষে ফিরে এসে দেখেন, সেই গাড়ি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি গাড়ি।
দিনেদুপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর। আর সেই গাড়ি উদ্ধারে মাঠে নামতে হলো স্বয়ং পুলিশকেই। ৪ ঘণ্টা অভিযানের পর অবশেষে মিলল সেই গাড়িও। কিন্তু জনমনে প্রশ্ন, কীভাবে চুরি হলো সেই গাড়ি আর মিললই কেমন করে?
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলে ছিলেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।
এ ঘটনায় গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় সড়কের ওপর গাড়িটি দেখতে পায় পুলিশের একটি টহল দল। সেখান থেকে এটি উদ্ধার করা হয়।
গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিল। পরে গাড়িটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।
চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।’
মো. শহিদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।
এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।
আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।