১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সিম্পোজিয়াম-২০২৬
পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সিম্পোজিয়াম-২০২৬। ‘সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি’ (CASH) বাংলাদেশ-এর আয়োজনে পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মধ্য দিয়ে সিম্পোজিয়ামের শুভ উদ্বোধন করা হয়।
সিম্পোজিয়ামে বাংলাদেশের বিভিন্ন জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও লন্ডন থেকে আগত চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে হোমিওপ্যাথি চিকিৎসা, গবেষণা, আধুনিক প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কক্সবাজারের গ্রীন রিভল্যুশন সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি ডাঃ এম এ মনজুরের ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক প্রেজেন্টেশন-
“বৃক্ষের ক্ষত থেকে সবুজ বিপ্লব: কৃষিতে হোমিওপ্যাথির সম্ভাবনা”।
গবেষণাপত্র উপস্থাপনের সময় ডাঃ এম এ মনজুর উদ্ভিদের পরিচর্যা, প্রুনিং ও গ্রাফটিং-পরবর্তী ক্ষত ব্যবস্থাপনা এবং কৃষিতে হোমিওপ্যাথিক প্রস্তুতির সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “পানি যেমন জীবনের জন্য অপরিহার্য, তেমনি হোমিওপ্যাথির সম্ভাবনাকেও মানুষ, প্রাণী ও উদ্ভিদ-বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে যাচাই করে দেখা প্রয়োজন।”
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কৃষিতে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমানোর উপায় খুঁজে বের করা জরুরি। এ ক্ষেত্রে হোমিওপ্যাথিক প্রস্তুতি কিংবা অন্যান্য পরিবেশবান্ধব পদ্ধতির কার্যকারিতা বৈজ্ঞানিক গবেষণা ও নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা যেতে পারে।
উদ্ভিদ ও প্রাণিসম্পদে হোমিওপ্যাথির সম্ভাব্য ব্যবহার নিয়ে কৃষিবিদ, উদ্ভিদবিজ্ঞানী, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমন্বয়ে বৃহৎ পরিসরে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডাঃ মনজুর।
তিনি বলেন, “সবুজ বিপ্লব শুধু গাছ লাগানোর আন্দোলন নয়; নিরাপদ খাদ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিকাশও সবুজ বিপ্লবের অংশ।”
একই সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের হোমিওপ্যাথিক মেডিকেল ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি এবং এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।
সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী দেশ-বিদেশের চিকিৎসক ও গবেষকরা চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আন্তঃবিষয়ক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
দেশী-বিদেশী একডজনের বেশী চিকিৎসক ও বিজ্ঞানী তাদের নানা অভিজ্ঞতা এবং পরিবেশবান্ধব হোমিওপ্যাথি ব্যবস্থাপনার উপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
নুরুজ্জামান মিন্টু ও ওসি আব্দুল হান্না
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। একই ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল মিন্টুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শাকিল হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
অফিস আদেশ নম্বর ৯৭৭-এ বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। গত মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আদেশে স্বাক্ষর করেন।
বিদ্যুৎ সরবরাহ। ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায়।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও কাজের মানোন্নয়ন বিষয়ক দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা প্রশিক্ষণ শেষে বিকেলে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
সনদ বিতরণকালে সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেন, কাজে গতিশীলতা ও সততা মামলার জট কমাতে এবং বিচার প্রক্রিয়া দ্রুত করতে সরাসরি ভূমিকা রাখে। নথি ব্যবস্থাপনায় সতর্কতা যেকোনো ধরনের অনিয়ম বা ভুল এড়াতে সাহায্য করে, আমি আপনাদের আহ্বান জানাব ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। কোনো অবস্থাতেই যেন কোনো বিচারপ্রার্থী হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখবেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় ‘জিরো টলারেন্স।'
সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট শাহী ঈদগাহ পরিদর্শনে এসে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। এর ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। দূর থেকে দেখলেও যেন মানুষের ভালো লাগে, সেভাবেই শাহী ঈদগাহকে সাজানো হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, শাহী ঈদগাহ সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এটিকে আরও সুন্দর করে রাখা হবে। শাহী ঈদগাহকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে এর ঐতিহাসিক গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অটুট থাকে।
তিনি বলেন, ঈদগাহের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সভা-সমাবেশ বা মেলা আয়োজনের মতো কোনো কার্যক্রম হবে না। ঈদগাহের পরিবেশ ও পবিত্রতা বজায় রেখে শুধু প্রয়োজনীয় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।
সিসিক প্রশাসক বলেন, শাহী ঈদগাহের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে ঐতিহাসিক এই স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, শাহী ঈদগাহের ইতিহাসে এই প্রথম প্রায় ৫ কোটি টাকার উন্নয়নকাজের টেন্ডার হয়েছে। এর আগে এ ধরনের বড় পরিসরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়নি। তারা শাহী ঈদগাহের উন্নয়ন উদ্যোগের জন্য সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান এবং বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ ফজলে হুদা বাবুল বলেছেন, মেম্বারশীপ নিয়ে, চেয়ারম্যাশীপ নিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মেম্বার সিলেকশন দিব গণতান্ত্রিকভাবে।
এমপি স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, নির্দলীয় ভোটে কেউ কেউ লেটার হেড প্যাডে আমন্ত্রণ জানায় যে, দরখাস্ত দেন আপনাকে চেয়ারম্যান করা হবে। মানে মাল দেন। আর দলটা বিক্রি করেন না দয়া করে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে। এখন দেশটা বাঁচানোর সংগ্রামে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, কে কে চেয়ারম্যান নোমিনেশন পাবেন, কে উপজেলা পাবেন, কে ভাইস চেয়ারম্যান নোমিনেশন পাবেন। এটা ওনার কম্পিউটারে আছে। এইটার কোন দিক নির্দেশনা এখনও উনি দেননি। উনি একটি কথাই বলেছেন, ‘যিনি জনপ্রিয় ব্যক্তি তিনিই পাবেন মনোনয়ন’। এর বাইরে কোন কথা এখনও আসেনি। গণতন্ত্র, নিয়মতন্ত্র, গঠনতন্ত্র এই তন্ত্রের বাইরে কোন তন্ত্র মন্ত্র নাই। আমার কাছে কোন প্রিয় লোকও নাই। তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। যুগ্ম আহ্বায়ক এ, কে, এম, মাসুদুর রহমান টিক্কার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।
এসময় অন্যদের মঞ্চে মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
ফজলে হুদা বাবুল বলেন, চারিদিকে শকুনেরা তাকিয়ে আছে। গুপ্ত আর সুপ্তরা আমাদের দলেও সক্রিয় রয়েছে। বিএনপির নামে যারা স্বাধীনতা বিরোধীদের মার্কা নিয়ে মাঠে ছিল তাদের সাথে কমপ্রোমাইজ হবেনা।
এমপি বিগত সময়ে পরলোকগমণ করা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক কিসমত মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী, সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, আতাউর রহমান প্রমুখের আত্মার মাগফিরাত কামনা করেন।
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা শাহজালাল রুমির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টঙ্গীর আউচপাড়ায় তাঁর পরিবারের ব্যবহৃত ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া গেছে। বাড়ির তত্ত্বাবধায়ক ও শ্বশুরও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তবে গত সোমবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক খুদেবার্তায় রুমি দাবি করেছেন, তিনি আর বাংলাদেশে নেই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের ১৩০ নম্বর বাড়ির ৭৪/১ হোল্ডিংয়ের ৬/বি নম্বর ফ্ল্যাটে গিয়ে সেটি তালাবদ্ধ দেখা যায়।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার গত শুক্রবার থেকে ওই বাসায় নেই। তাঁরা ওই ফ্ল্যাটে বসবাস করতেন। শাহজালাল রুমি মাঝেমধ্যে সেখানে আসতেন। বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় থাকেন বলে জানান তত্ত্বাবধায়ক। তবে রুমি এখন কোথায় আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
রুমির শ্বশুর মোকারম আলী মুঠোফোনে বলেন, রুমি দেশে আছেন, নাকি বিদেশে, তা তিনি জানেন না। তাঁরাও আগের বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
এদিকে গত সোমবার রাতে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় শাহজালাল রুমি লেখেন, ‘ভাই আমি এই দেশেই আর নাই, সুতরাং আমি এগুলো নিয়ে আর ভাবছি না যা হয় হোক। আপনারা সবাই ভালো থাকবেন।’
তবে রুমি বর্তমানে কোথায় আছেন বা সত্যিই দেশ ছেড়েছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শাহজালাল রুমি দেশে নাকি বিদেশে, সে বিষয়ে তাঁর কাছে নিশ্চিত তথ্য নেই। তবে রুমির বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। শিশুটিকে ওই শিক্ষক চুমু দিয়েছিলেন কি না এমন প্রশ্নে ওসি বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কোরিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন শিশুটির বাবা শাহজালাল রুমি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
এরপর থেকেই রুমির অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। তবে তাঁর দেশত্যাগের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও পুলিশের তথ্যেও তাঁর বর্তমান অবস্থান স্পষ্ট হয়নি।