নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে আবারও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে মাত্র ১০ দিনের মধ্যে একই বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটল তিনবার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অভিভাবক সমাবেশ চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর গত ১৪ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরও ২১ শিক্ষার্থী। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। তখন শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ পাওয়ার বিষয়টি জানা যায়। পরপর তিনবার শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, ৫-৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বিষয়টি অভিভাবকেরা জানিয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে রয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ৯জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়। কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ বা অজ্ঞান হচ্ছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ অনুসন্ধানে প্রশাসন কাজ করছে।
অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে থানার সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পাওয়ায় দেওয়ানগঞ্জ থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সম্মাননা তার কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনের প্রতি আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর আশপাশের অনেক এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তিতাস গ্যাস জানিয়েছে- ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাতেও গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তানভীর আহমেদ রবিন
ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ রবিনকে দেখতে চান সংগঠনের একাংশের নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং নেতৃত্বের অভিজ্ঞতা বিবেচনায় তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হচ্ছে বলে জানিয়েছেন তার সমর্থকরা।
তানভীর আহমেদ রবিন ২০১৮ সালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ওই সময় মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়েও বিভিন্ন দলীয় কর্মসূচিতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার সক্রিয় উপস্থিতির তথ্য সংবাদমাধ্যমে এসেছে।
সমর্থক নেতাকর্মীদের ভাষ্য, নেতৃত্বের ক্ষেত্রে শুধু পদ-পদবি নয়, মাঠে সক্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মীদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের দাবি, তানভীর আহমেদ রবিন দীর্ঘ সময় ধরে মহানগর পর্যায়ে সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
‘সংগঠনের জন্য সক্রিয় নেতৃত্ব প্রয়োজন’
সমর্থকদের একজন বলেন, “মহানগর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে মাঠের রাজনীতিতে সক্রিয় এবং সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। তানভীর আহমেদ রবিনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তাই তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি আমরা গুরুত্বের সঙ্গে জানাচ্ছি।”
আরেক নেতাকর্মীর ভাষ্য, “তৃণমূলের কর্মীদের সঙ্গে যার যোগাযোগ আছে, কর্মীদের কথা যিনি শুনবেন এবং সাংগঠনিক কার্যক্রমে সময় দিতে পারবেন-এমন নেতৃত্বই আমরা চাই। রবিন ভাইকে দায়িত্ব দেওয়া হলে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে-এটাই আমাদের প্রত্যাশা।”
‘ছাত্রদলের অভিজ্ঞতা যুবদলে কাজে লাগবে’
সমর্থক নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রদলের মহানগর পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা যুবদলের সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, ছাত্রদল থেকে যুবদলে আসা নেতাদের মধ্যে যারা দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
তাদের ভাষ্য, “দুঃসময়ে সংগঠনের সঙ্গে থাকা, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকা-নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া উচিত। আমরা মনে করি, তানভীর আহমেদ রবিনের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর সময় এসেছে।”
সিদ্ধান্তের দিকে তাকিয়ে নেতাকর্মীরা
এদিকে ময়মনসিংহ মহানগর যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে রবিনকে সাধারণ সম্পাদক করার দাবিতে তার সমর্থকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তানভীর আহমেদ রবিনকে সাম্প্রতিক সময়েও মহানগর যুবদলের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ময়মনসিংহে আয়োজিত আনন্দ মিছিলেও তাকে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
সমর্থকদের প্রত্যাশা, মহানগর যুবদলের নেতৃত্ব নির্ধারণের সময় তানভীর আহমেদ রবিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। তাদের দাবি, তাকে সাধারণ সম্পাদক করা হলে মহানগর যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-৩৩৪ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মুতাহার হোসেন পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা বিওপির সদস্যরা সীমান্ত মেইন পিলার-৩২৭ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহাড়া এলাকায় অভিযান চালান। সেখানে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দুটি অভিযানে আটক ও উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া নামজারি খতিয়ান খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৮ জুলাই নামজারি খতিয়ান বাতিল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুর রহিম।
অভিযোগে আব্দুর রহিম উল্লেখ করেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের মৃত মকবুল আহমদের ছেলে রফিক উল্যাহ ২৮ অক্টোবর ১৯৯৯ তারিখে ছাপ কবলা দলিল নম্বর-১০৮৪৪ মূলে মোক্তার হোসেন ও ছাবির হোসেনের কাছ থেকে জমি ক্রয় করে মালিক হন।
তবে অভিযোগকারী দাবি করেন, একই দলিল নম্বর ১০৮৪৪ ও একই স্ট্যাম্প নম্বর ৯০৬৩৮৫০ ব্যবহার করে একই তারিখে মোহাম্মদ সোলেমানের কাছ থেকে আরেকটি ছাপ কবলা দলিল সৃজন করা হয়েছে। অভিযোগে এটিকে জাল, ভুয়া ও প্রকৃত অবস্থার বিপরীত দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই দলিলের ভিত্তিতে জমাখারিজ খতিয়ান নম্বর-২০২৬-১০০৩০০০ নিজ নামে সৃজন করা হয়েছে। এ ঘটনায় প্রতারণা, জাল দলিল তৈরি ও ব্যবহারের অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ করা হয়েছে।
আব্দুর রহিম অভিযোগে করে বলেন একলাশপুর ইউনিয়নের তশিলদার দেলোয়ার হোসেন, একই অফিসের কম্পিউটার অপারেটর জনি ও পিয়ন হারুনের যোগসাজশে দলিরের বিক্রেতার কলামে টেম্পারিং করা হয়। পরে তার প্রতিবেদনের আলোকে ওই জাল জমাখারিজ খতিয়ান সৃজন করা হয়। বিষয়টি তদন্ত করে নামজারি খতিয়ানটি বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বিবাদী রফিক উল্যার ছেলে জাহিদ হোসেন রাব্বি মুন্সি বলেন, “আমরা আমাদের ক্রয়কৃত সম্পত্তি নামজারি করার জন্য আবেদন করেছি। আমরা এ বিষয়ে রায় পেয়েছি। আমরা রায় পাওয়ার আগে থেকেই বাদী ওই জায়গার দখলে ছিল। এরপর বাদী জায়গাটি ক্রয় করার জন্য আমাদের সঙ্গে বায়না চুক্তি করেন। যখন আমরা জায়গাটি নামজারি করি, তখন বাদী আবার এর বিরুদ্ধে আবার লিখিত অভিযোগ করেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে একলাশপুর ইউনিয়নের তশিলদার দেলোয়ার হোসেন বলেন, বাদীর অভিযোগের তদন্ত চলমান রয়েছে। অভিযোগকারীকে তার দলিল নিয়ে আসতে বলা হয়েছে। তিনি এখনো আসেননি। আসলে প্রকৃত সত্য উদঘাটন হবে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, তশিলদারকে এ ঘটনায় দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে অভিযোগ নিষ্পত্তি করা হবে।
ছবি: ফাইল ফটো
নদ-নদীর পানি বেড়ে রংপুরসহ উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ০৩ দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে; অপরদিকে যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ০৩ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ০২ দিন বৃদ্ধি পেতে পারে; অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ০৫ দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ভিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে; অপরদিকে ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তিস্তা নদীর পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে; অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন স্থিতিশীল থাকতে পারে।
আগামী ২৪-৭২ ঘন্টায় ভিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।