• প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:৫৭ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল বাতেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাছেত হিরণ, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বাবলু, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাকি বিল্লাহ তুষার ও দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজসহ অনেকে।


বক্তারা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ, ব্যাগ, কলম ও ডায়েরি তুলে দেওয়া হয়। কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।


এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৩ এএম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।


এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।


চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।


আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।


এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।


আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৮ এএম

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল শেষ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এ সময় হাতবোমা বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস বলেন, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে।

তাদের এক্সে করতে পাঠানো হয়েছে। আহতরা হলেন- চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০)।



অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে লঞ্চঘাট এলাক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক।

এর জেরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষ চলাকালে গুলি ও হাতবোমা ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা বলেন, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন বলে শুনেছেন তিনি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।


চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৮ এএম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর নগরের অক্সিজেন এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ মো. আতাউর রহমান বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেই সোমবার রাতে তাঁকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

প্রশাসনের একটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় শেখ মো. আতাউর রহমানের নাম রয়েছে। মীরসরাই থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি তিনি।

তবে তাঁকে আটকের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং আটকের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০২ এএম

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর জিলা স্কুলে নবনির্মিত পদচারপথের শুভ উদ্বোধন করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মারক ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদচারপথের উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়ান। পরে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষিকারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান।

বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের পর বিভাগীয় কমিশনার প্রথমে সেখানে অবস্থিত পুরোনো দক্ষিণ এশিয়ার মানচিত্রটি পরিদর্শন করেন। এরপর তিনি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি কাজী কাদের নেওয়াজের নামাঙ্কিত অডিটোরিয়াম পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মারক ফলকের আবরণ উন্মোচন করে নবনির্মিত পদচারপথের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

উদ্বোধনী কার্যক্রম শেষে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে কিছু সময় অবস্থান করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন । শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলের উপযোগী সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

নতুন পদচারপথটি বিদ্যালয়ের দৈনন্দিন চলাচলে স্বাচ্ছন্দ্য ও শৃঙ্খলা আনতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মিরপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৬ পিএম

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। এসআই ইকবাল হোসেন আরও জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।


কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।