কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ ঘটনায় কেউ আহত হননি।
বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তাঁরা। বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সেগুলোতে আগুন ধরিয়ে বাস লক্ষ্য করে ছুড়ে মারে।
শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল। তাদের দাবি, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর ঠিক আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে এবং আরও দুজনকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। টায়ারে আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এটি আকস্মিক কোনো ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জ্বলন্ত টায়ার বাসের সামনে এসে পড়লে চালক দ্রুত ব্রেক কষেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুন ও ধোঁয়ায় বাসের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লেও কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে।
বাসে থাকা লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, আর একটু হলে আমরা বড় বিপদে পড়তাম। আগুন লাগার পর পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই থেকে তিনজন কিশোর জ্বলন্ত টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখনও একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।
আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক
দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার
মিরপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।