গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় অবস্থিত রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এ লে-অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গত বুধবার সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা তাদের দাবি তুলে ধরেন। বিকেলে শ্রমিকদের একটি অংশ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ প্রদর্শন করে।
শ্রমিক মশিউর রহমান জানান, সকালে কাজে এসে তারা কারখানার নোটিশ বোর্ডে লে-অফের ঘোষণা দেখতে পান। তার দাবি, রোজা ও ঈদের আগে হঠাৎ এমন সিদ্ধান্তে পরিবার-পরিজন নিয়ে আমরা অনিশ্চয়তায় পড়ে গেছি। কারখানাটিতে প্রায় সাত শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানান তিনি।
শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। তবে কারখানা কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ক্রেতাদের অর্ডার কমে যাওয়া এবং কাঁচামাল সংগ্রহে বিলম্বের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ায় প্রতিষ্ঠানটি আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত লে-অফ ঘোষণা করেছে।
এ সময় শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন এবং কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলে নোটিশে জানানো হয়। নিরাপত্তা বিভাগের কর্মীরা এ ঘোষণার আওতার বাইরে থাকবেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রয়েছে এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবি জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
নোয়াখালীর সুবর্ণচরে শান্তা রানী দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
বুধবার (২৯ জুলাই) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকার জেলে বাড়ির বাসিন্দা ও নিহতের বাবা অনন্ত জলদাস জানান, চার বছর আগে পারিবারিক ভাবে শান্তার সঙ্গে সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ির নিমাই দেব নাথের ছেলে বাপ্পী দেব নাথের (২৯) বিয়ে হয়। তাদের ১৮ মাস বয়সী বর্ষা দেব নাথ নামে এক কন্যাসন্তান রয়েছে। বাপ্পী আগে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে গার্মেন্টসের এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। চাকরি ছেড়ে এলেও ওই নারীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এ নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং বাপ্পী শান্তাকে মারধর করেন।
তিনি আরও অভিযোগ করেন, ঝগড়ার পরে রাতে শান্তা স্বামীর জেঠা গণেশের ঘরে আশ্রয় নেন। মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বেলা ১১টার বাপ্পী শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাপ্পী দেব নাথের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান-কে বিদায় সংবর্ধনা এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন-কে বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, দিনাজপুর। অনুষ্ঠানে নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন-কে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান-কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁর কর্মজীবনের অবদানের স্বীকৃতি জানানো হয়।
এ সময় এলজিইডি, দিনাজপুরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলীর কর্মজীবনের বিভিন্ন দিক, দাপ্তরিক দায়িত্ব পালনে তাঁর ভূমিকা এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে অবদানের কথা তুলে ধরা হয়। পাশাপাশি নবাগত নির্বাহী প্রকৌশলীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে এলজিইডি, দিনাজপুরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানস্থলের বাইরে স্থাপিত একটি ব্যানারে লেখা ছিল— “একজন ভালো লিডার চলে যান, কিন্তু তার রেখে যাওয়া পথ থেকে যায়।” আয়োজকদের মতে, এই বার্তাটি নেতৃত্বের ধারাবাহিকতা, দায়িত্ববোধ এবং প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি এগিয়ে নেওয়ার প্রত্যয়কে ধারণ করে। অনুষ্ঠানটি বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মীদের সম্মান ও শুভকামনা এবং নবাগত কর্মকর্তাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়।
হাসপাতালে জেলা পরিষদের উদ্যোগে একটি ইসিজি মেশিন প্রদান
গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে একটি আধুনিক ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) মেশিন প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা সরঞ্জামটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ সময় হাসপাতালের বিদ্যমান সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। মেশিন হস্তান্তর পর্ব শেষে হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা হয়েছে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালান। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় এক ঘণ্টা সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল নেতা-কর্মীরা।
পরে পুলিশ গিয়ে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে। এখনো তিনি সেখানে অবস্থান করছেন। বাইরে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আর নাসীরউদ্দিন পাটোয়ারী ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সার্কিট হাউসে আসেন। এক পর্যায়ে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
দুই নেতার গাড়িতে হামলার খবর পেয়ে প্রতিরোধ করতে যাওয়া এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটে। তাতে প্রায় ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেল পাঁচটার দিকে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে এনসিপি সমাবেশের আয়োজন করে। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী একটি জিপ গাড়িতে চড়ে সমাবেশস্থল থেকে হবিগঞ্জ সার্কিট হাউসের দিকে রওনা হন। তাঁর গাড়িটি শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছলে ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। গাড়িটি দ্রুত বেগে চালিয়ে প্রায় এক কিলোমিটার দূরের সার্কিট হাউসে এসে আশ্রয় নেয়।
এরপর নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ির পেছনে থাকা সারজিস আলমের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করেন ছাত্রদল নেতা-কর্মীরা। তখন সারজিসের গাড়ি দ্রুত গতিতে এসে হবিগঞ্জ সোনালী ব্যাংকে আশ্রয় নেয়। এ সময় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সারজিস আলম সোনালী ব্যাংকে অবস্থান করছেন খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে ব্যাংকটি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ এসে রাত আটটার দিকে ছাত্রদল নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যান।
এ ঘটনার জন্য বিএনপিকে দোষারোপ করেছেন এনসিপি নেতারা। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেছেন, এনসিপি নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে এই পরিবেশ তৈরি করেছেন। তাঁদের ওই বক্তব্যের কারণে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ছবি : সংগৃহীত
‘সকালে মোবাইলে কল আইছে। মনে করছি পোলায় ফোন দিছে, কথা কইবো। কিয়ের কথা..দেহি আগুন আর আগুন। ভালোর লেইগা পাঠাইছিলাম বিদেশ। এমুন জানলে কহনও পাঠাইতাম না’- কথাগুলো বলতে বলতে বারবার ভেঙে পড়ছিলেন আলী আহমদ।
দক্ষিণ আফ্রিকার ভয়াবহ অগ্নিকাণ্ডে ছেলে আপন আহমেদকে হারিয়েছেন তিনি। ছেলের একটি ছবি বুকে জড়িয়ে আক্ষেপ করে বলেন, ‘দেহেন আমার পোলাডা কত সুন্দর আছিলো। কত লম্বা। নায়কগো মতন। এহন আর নাইগো নাই।’
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) শহরের কাছে একটি দোকানে আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের বাড়ি মুন্সিগঞ্জে। তবে দুই জেলার এই চরাঞ্চলের গ্রামগুলো পাশাপাশি হওয়ায় শোক যেন ছড়িয়ে পড়েছে পুরো জনপদে।
মঙ্গলবার নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিটি উঠোনেই স্বজন আর প্রতিবেশীদের ভিড়। কেউ সান্ত্বনা দিচ্ছেন, কেউ নীরবে বসে আছেন। কিন্তু স্বজন হারানোর বেদনার সামনে কোনো কথাই যেন কাজে আসছে না।
আলীরটেক ইউনিয়নের মধ্য ক্রোকের চরের আপন আহমেদ চার বছর আগে সংসারের অভাব ঘোচাতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে একটি দোকানে কাজ করতেন।
বাবা আলী আহমদ বলেন, ‘ছেলেটা খুব কষ্ট করে সংসার চালাইত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত। এখন আমার ঘরটাই অন্ধকার হয়ে গেল।’
একই আগুনে প্রাণ হারিয়েছেন একই এলাকার ফাহিম, নুর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, বক্তাবলী ইউনিয়নের শাহীন এবং মুন্সিগঞ্জের রাজ্জাক।
শাহিনের চাচা মোক্তার হোসেন বলেন, ‘নয় বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিল। কয়েক দিন ধরেই বলত, ওখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। দেশে ফিরতে চাচ্ছিল। কিন্তু আর ফেরা হলো না।’
পুড়ে যাওয়া দোকানটির অন্যতম মালিক এবং আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেন, দোকানের আবাসিক কক্ষে সাতজন ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করছে স্থানীয় পুলিশ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বার্তা এখনো পাওয়া যায়নি। তবে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকায় কর্মরত বাংলাদেশিদের বড় একটি অংশ ছোট দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাদের অনেকেই কর্মস্থলেই রাত কাটান।
স্বজনদের ভাষ্য, জীবিকার তাগিদে হাজারো মাইল দূরে গিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন এসব তরুণ ও মধ্যবয়সী মানুষ। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল একটি আগুনে।
বয়স ৯০ ছুঁইছুঁই। জীবনের এই দীর্ঘ সময়ে অন্তত ১৫ বার প্রমত্তা তিস্তার ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন তফেল উদ্দিন। সর্বশেষ আট বছর আগে সব হারিয়ে নিঃস্ব অবস্থায় ঠাঁই নিয়েছিলেন ছাতুনামা কেল্লাপাড়া গ্রামে। কিন্তু তিস্তা ছাড়েনি তাঁকেও।সেখানেও তিস্তার ভাঙনে বিলীন হয়েছে তাঁর শেষ আশ্রয়টুকুও। গেল শুক্রবার দুপুরে তাঁর চোখের সামনেই শেষ আশ্রয়টুকুও বিলীন হয়ে গেছে নদীগর্ভে।
যেখানে কিছুক্ষণ আগেও ছিল বসতভিটা, সেখানে এখন বয়ে চলেছে ঘোলা জলের তীব্র স্রোত। ভিটার শেষ প্রান্তে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তফেল উদ্দিন বলেন, ১৩ বার ভিটাবাড়ী নদী ভাঙিল, ৬০ বিঘা আবাদি জমিও তিস্তাত গ্যাল। ৮ শতক জমি কিনি ৬টা ছাওয়াক নিয়্যা সংসার তুলি এটে ছিনু, শেষ বয়সেও তিস্তা মুক্তি দিল না। এখন নদীত ঝাঁপ দিয়া মরা ছাড়া হামার উপায় নাই।
তফেল উদ্দিনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে। ২০১৬ সালে তিস্তার ভাঙনে বাস্তুচ্যুত হয়ে এখানে বসতি গড়েছিলেন পাঁচ শতাধিক পরিবার। গত এক সপ্তাহের ভাঙনে তফেলের মতো এই গ্রামের দুই শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়েছে। শতাধিক বাড়ি ও ফসলি জমি এখন ভাঙনের ঝুঁকিতে। কিন্তু গত সাত দিনের টানা ভাঙনে তফেল উদ্দিনের মতো ওই গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে আরও শতাধিক বাড়ি ও ফসলি জমি তীব্র ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
মোর ভিটা না, কলিজা ভাঙছে- সরজমিনে দেখা যায়, তিস্তার তীব্র স্রোতে নদীতীরের বিশাল অংশ প্রতিনিয়ত ধসে পড়ছে। শেষ সম্বলটুকু বাঁচাতে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নৌকায় আসবাবপত্র ও গবাদিপশু সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। ভিটামাটি হারিয়ে অনেক পরিবার গৃহস্থালির মালামাল নিয়ে খোলা আকাশের নিচে নিরাশ্রয় অবস্থায় দিন কাটাচ্ছে।
২০১৬ সালে ধারদেনা করে ছয় শতক জমি কিনে ভিটা বেঁধেছিলেন জামাল হোসেন। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ছিল তাঁর সংসার। আজ সেই ভিটার আর কোনো অস্তিত্ব নেই। নদীর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে হাত তুলে জামাল হোসেন আকুতি জানিয়ে বলেন, ওইটা মোর ভিটা ছিল, সব শেষ হয়া গেল! এই তিস্তাই হামার জীবনটা শেষ করি দিল। শেষ বয়সে আইসা পরিবার নিয়ে কোনটে দাঁড়ামু, তার কোনো পথ নাই!
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তার পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি কমার কারণে নদীতীরে স্রোতের টান বেড়েছে। ফলে ভাঙন আরও তীব্র রূপ নিয়েছে।
ধ্বংসের মুখে ২ কোটি টাকার মুজিব কিল্লা---চরাঞ্চলবাসীর দুর্যোগকালীন আশ্রয়ের সুবিধার্থে ২০২৩ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেল্লাপাড়ায় নির্মাণ করা হয়েছিল একটি 'মুজিব কিল্লা' (বন্যা আশ্রয়কেন্দ্র)। তবে অপরিকল্পিতভাবে নদী তীরের একেবারে কাছে এটি নির্মাণ করায় ভবনটি এখন চরম ধ্বংসের মুখে। নদীর তীর থেকে মাত্র ৮০ থেকে ৯০ মিটার দূরে অবস্থান করায় যেকোনো মুহূর্তে কিল্লাটি তিস্তায় তলিয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ আক্ষেপ করে বলেন, নদীর একবারে মুখের ওপর কিল্লা বানাইছে কিন্তু বাধ না দিলে তো সেটা টিকবে না। এ্যালা নদী ভাঙতে ভাঙতে কিল্লার কাছে আসি গেছে। যেকোনো সমায় কিল্লাটা নদীত ধসি পড়বে। অযথাই সরকারের কোটি কোটি টাকা পানিতে গেল, আর হামার আশ্রয়ের আশাও শেষ হয়া গেল।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, নদীর ভাঙতে ভাঙতে বন্যা আশ্রয় কেন্দ্রের কাছে চলে এসেছে। দ্রুত ব্যাবস্থা না নিলে যে কোন মুহর্তে আশ্রয়কেন্দ্র টি বিলীন হয়ে যাবে।
স্থানীয়দের ক্ষোভ ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতি---দুর্ভোগের এই চরম মুহূর্তে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) কোনো কর্মকর্তা ঘটনাস্থলে না আসায় নদীপাড়ের মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বিপদের সময় কাউকেই পাওয়া যায় না। নদী যখন সব কেড়ে নেয়, তখন নামমাত্র দু-এক বস্তা জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড লোকদেখানো দায়িত্ব শেষ করে। ভোট এলে প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরলেও এখন দুর্দশাগ্রস্ত মানুষের কোনো খোঁজ নিচ্ছেন না কেউ। ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষের এখন একটাই দাবি, ত্রাণ বা অনুদান নয়, দ্রুত টেকসই জিও ব্যাগ ও বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তার এই তাণ্ডব থেকে কেল্লাপাড়াকে রক্ষা করা হোক।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি কমার সময় নদীতে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়, যার কারণে নদীতীর দ্রুত ধসে পড়ছে। ছাতুনামা কেল্লাপাড়া এলাকার ভাঙন পরিস্থিতির খবর আমরা পেয়েছি। ভাঙ্গন রোধ ও আশ্রয়কেন্দ্রটি রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তিস্তার ভাঙনে বাস্তুচ্যুত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।