• প্রকাশ : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশ দূষণের দায়ে ‘গ্রীন এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধল্লা এলাকায় গ্রীন এনার্জি নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশ দূষণ করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালানো হয়।


এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৩ পিএম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডিসি কার্যালয়ের রেকর্ড রুমের সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেনের (৪১) বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), মো. মিজানুর রহমান মীর (৫৭) ও মো. রিপন সরদার (৫৫)। পুলিশ জানিয়েছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেপ্তার রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনই এ মামলার এজাহারনামীয় আসামি।


পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, সোমবার দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৩ পিএম

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।


শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।


লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তার সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।


রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ ক্যাডার বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।


রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুকে দিয়ে সাবেক স্ত্রীর দেওয়া একাধিক মামলায় দীর্ঘ দিন জেল খাটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইকে দিয়ে চাপ দিয়ে ফারুক তার মামলা গুলো প্রত্যাহার করে নেন। ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন।


রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দল থেকেও তাকে একাধিকবার বহিষ্কার করিছেন। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।  


রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩,৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লা আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই। বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। তার সঙ্গে রুবেলের বিরোধ নেবি, আমার জেঠাতো ভাই মজনুর বিরোধ ছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল বাধা দেন।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রুবেলকে দিয়ে এসব করাচ্ছেন।


সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫০ পিএম

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় পৃথক দুটি কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম।


অভিযানকালে  ট্যাগবিহীন ধানের বীজ বিক্রয় করার  দায়ে একটি দোকানকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সারজাতীয় পণ্য বিক্রয় করার দায়ে অপর একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


কৃষি উপকরণ বিক্রিতে অনিয়ম ও ভোক্তাদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





মেঘনা নদীতে চলন্ত ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষ

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫০ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জের বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে চলন্ত একটি ফেরিতে ধাক্কা দিয়েছে বালুভর্তি একটি বাল্কহেড। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছে। 


শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে।


বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত অপর তিন শিশুসহ আরও একজনকে উদ্ধার করে অন্য একটি নৌযানের মাধ্যমে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।


ওই ফেরিতে থাকা আলি আজগর নামে একজন বলেন, ‘আমি চাঁদপুর থেকে ডাক্তার দেখিয়ে ফেরিতে করে বাড়ি ফিরছিলাম। নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এলে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে চাপা পড়ে কয়েকজন শিশু আটকে পড়ে। আমরা দ্রুত তাদের টেনে বের করার চেষ্টা করি। কিন্তু ওই বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। এই ধরনের অবৈধ বাল্কহেড বন্ধ করা দরকার। আজ এই শিশুটি মারা গেল, কাল হয়তো আমার বাচ্চা মারা যেতে পাবে। আমি চাই, তদন্ত করে ফেরি চালকের কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখা হোক।’


বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।’


নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ এবং এর দুই শ্রমিককে আটক করে। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এতে পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হন। 


তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।




প্রতীকী ছবি, প্রকৃত অভিযানের দৃশ্য নয় (ছবি- চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৪ এএম

খুলনার রূপসায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। জাকির হোসেন (৪৩) নামে ওই বিএনপি নেতাকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। 


রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। জাকির হোসেনের বাড়ি রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতি রাতের মতো ওই দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জাকির। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক জাকির হোসেনের মাথায় গুলি করে পালিয়ে যায়। 


রূপসা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। খুলনার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, এজন্য ২০০ আনসার পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 


খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ডসহ গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এর আগে সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।রাজনৈতিক দলের প্রোফাইল


সভায় উপস্থিত ব্যক্তিরা খুলনার আইনশৃঙ্খলা সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অবস্থার ভয়াবহতা তুলে ধরে বলেন, একটা শহর এভাবে চলতে পারে না। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের চৌকস কর্মকর্তাদের দিয়ে যৌথ বাহিনী গঠন করে বিশেষ অভিযান শুরু করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল করা পর্যন্ত অভিযান যেন অব্যাহত থাকে। উপস্থিত ব্যক্তিদের মতামত সংগ্রহ করেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক আরেকটি বৈঠক শুরু হয়। 


আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকার প্রমুখ। এ ছাড়া এসআরবি ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক নেতারাও ছিলেন।