• প্রকাশ : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩৬ এএম

টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। 


এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজুয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আদিব সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 


সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।


পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রকাশ, জেলায় এবার ১৩৫৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।




  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৯ পিএম

প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপনসহ চার দফা দাবিতে সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।


তাদের দাবিগুলোর মধ্যে আছে- সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ।


হরতাল সফল করার লক্ষ্যে এর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।তিনি বলেন, প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল।


তিনি বলেন, “পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।”


পলাশ কান্তি নাগ বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম।


বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন অতিষ্ঠ।”


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২১ পিএম

রাজশাহীতে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।


শনিবার দুপুর ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।


পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় পকেটমারের আশঙ্কায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।গাজিউর রহমান বলেন, আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকাল ৪টার দিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।


শনিবার বিকাল তিনটা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৮টায়।


রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে।


বটিয়াঘাটায় অপহৃত উদ্ধার সহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৫ পিএম

খুলনা বটিয়াঘাটায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীকে গ্রেফতার সহ ভিকটিম মো. ইমন হোসেনকে উদ্ধার করেছে থানা পুলিশ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত (২৭ নভেম্বর ২০২৬) খ্রি. রাত ১১টা ৫০ মিনিটের দিকে বটিয়াঘাটার স্থানীয় মল্লিকের মোড়ের মো. ইমন হোসেন নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে সময় পুলিশ অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করার পাশাপাশি ভিকটিমকেও তাৎক্ষণিক উদ্ধার করে থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামিরা হলেন

কেএমপির লবণচরা থানাধীন সাচিবুনিয়া ওয়াপদা রোডস্থ সুলতানা শেখের ছেলে আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) এবং কালাম গাজীর ছেলে মো. আরিফ গাজী (২০)। আটককালে তাদের থেকে লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।


এ সময় তাদের থেকে ভিকটিমের মোটর বাইক উদ্ধার হয়নি তবে ঐ রাতে পরবর্তীতে স্থানীয় জলমা ফেরিঘাট সংলগ্ন দুর্গামন্দিরের সামনে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বটিয়াঘাটা থানা পুলিশ।


পঞ্চগড়ে চা চাষিদের মিলনমেলা ও সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৬ পিএম

উত্তরের জেলা পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সম্মেলন ও চায়ের মান উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষিদের মিলনমেলা ও সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।

দিনব্যাপী এ সম্মেলন ও কর্মশালায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় চায়ের গুণগত মান উন্নয়ন, চা চাষের সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব।


ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল আবৃত্তি

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় তিতাস আবৃত্তি সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে সংগঠনটির ছোটদলের পরিবেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি শিশুতোষ কবিতা আবৃত্তি করে ক্ষুদে শিল্পীরা।


তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক আনিসুর রহমান ও ফাহিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক মোঃ সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদাতা সংগঠন বাঁধনের সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম, অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী।


অনুষ্ঠানটি সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে উৎসর্গ করা হয়। তার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কাজী নজরুল ইসলামের ‘প্রভাতী’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশনা শুরু করেন শিশুশিল্পীরা।


অনুষ্ঠানে একক আবৃত্তি করেন নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা, ফারিযা রানা, ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা ও বিনায়ক নীলাদ্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক মোঃ সুজন সরকার বলেন, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে আবৃত্তির চর্চা ছড়িয়ে দিতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা চর্চার মধ্য দিয়ে শিশুরা এগিয়ে যাক, সে প্রচেষ্টায় সংগঠনটি সহায়ক ভূমিকা রাখছে।


অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে একদল শিশু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন করে পথচলা শুরু করেছে। দুই কবির সৃষ্টির সঙ্গে শিশুদের পরিচিত করা এবং আবৃত্তিচর্চায় আগ্রহী করে তোলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদের চার প্রতিষ্ঠান পরিদর্শন

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৩ পিএম

পঞ্চগড়ে চারটি প্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। শনিবার তিনি পঞ্চগড় পুলিশ লাইন্স, পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এবং আমলাহার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এ ছাড়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

পরিদর্শনকালে এমএ মজিদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সরেজমিনে ঘুরে দেখেন। এসব সমস্যা সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পঞ্চগড় পুলিশ লাইন্স পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেগুলো সমাধানে জেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। এ সময় তিনি শ্রেণিকক্ষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।



এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ খাতের সফল খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে আমলাহার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন এমএ মজিদ। এ সময় তিনি মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেগুলো সমাধানে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেবসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

পরিদর্শন ও কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।