অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার  (২৯ নভেম্বর)। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সাড়ে ১২ টায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আগামীকাল ২৯ নভেম্বর অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।’


এর আগে গত ২১ নভেম্বর তিনি মামলার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ এবং দুই আদালতে বিচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।


সেদিন তিনি বলেছিলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’


তিনি আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাব।’


যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম


পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।


পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।


তদন্তে উঠে আসে হত্যার কারণ


পুলিশের তদন্ত অনুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।


চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র


গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।


পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।।




শীতার্তদের পাশে দাঁড়াতে জালালাবাদ এসোসিয়েশন

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে নতুন-পুরোনো শীতবস্ত্র এবং আর্থিক সহায়তা সংগ্রহ করবে সংগঠনটি।


সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল থেকে শীতবস্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে দুটি সংগ্রহ বক্স রাখা হবে। আগ্রহীরা এসব বক্সে নতুন কিংবা ব্যবহারযোগ্য পুরোনো কাপড় জমা দিতে পারবেন। পাশাপাশি সংগঠনের প্রচারপত্রে দেওয়া যোগাযোগ নম্বরে আর্থিক সহায়তাও পাঠানো যাবে।


জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হোসেন তাজিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকেই কাপড় সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে সংগ্রহ বক্স রাখা হবে। কেউ চাইলে সেখানে সরাসরি কাপড় জমা দিতে পারবেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য প্রচারপত্রে যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।’


সংগঠনের সভাপতি মোহাম্মদ জীবন ভূঁইয়া বলেন, ‘শীতকাল অনেকের কাছে আনন্দের হলেও গৃহহীন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ঋতু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তায় বসবাস করা মানুষ ও শিশুরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়ে। অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, কিন্তু কীভাবে সহায়তা করবেন, তা খুঁজে পান না। মূলত দাতা ও সহায়তাপ্রত্যাশী মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। একজন মানুষও যদি শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পান, সেটিই আমাদের উদ্যোগের সার্থকতা।’


তিনি আরও বলেন, ‘শুধু পুরোনো কাপড় নয়, কেউ চাইলে নতুন কাপড় দিয়েও সহযোগিতা করতে পারবেন। পাশাপাশি আর্থিক সহায়তার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। সামর্থ্য অনুযায়ী ১০ টাকা দিয়েও এ উদ্যোগে অংশ নেওয়া যাবে।’



  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১১ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) জাতীয় প্রাণিসম্পদ মেলা আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছিল শাখা ছাত্রদল। মেলা আয়োজনের মধ্য দিয়েই মাঠ পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সংগঠনটির সভাপতি আহমেদুল কবির তাপস। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান মেলায় এলে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে মাঠের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ এবং আশপাশের হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আন্দোলনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী মেলায় এসে উদ্বোধন করে চলে গেলেও ছাত্রদলের পক্ষ থেকে এসব পরিকল্পনার কোনো দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এতে দেওয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।


এর আগে পুরাতন গবেষণা মাঠে জাতীয় প্রাণিসম্পদ মেলা আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার্থীদের প্রয়োজনে ব্যবহৃত মাঠটি পুনরুদ্ধার করতে হবে। তাঁদের আশঙ্কা, মাঠটিতে একের পর এক মেলা ও বাণিজ্যিক আয়োজনের ফলে এর ব্যবহার স্থায়ীভাবে পরিবর্তিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণও ক্ষুণ্ন হতে পারে।


আন্দোলনের সংগঠকদের একজন শিক্ষার্থী আসাদুল্লাহ আসাদ বলেন, আন্দোলনকারীরা যেভাবে আন্দোলন এগিয়ে নিচ্ছিলেন, সেই প্রেক্ষাপটে পুরাতন গবেষণা মাঠে মেলার আয়োজন মাঠ পুনরুদ্ধারের দাবির সঙ্গে সাংঘর্ষিক ছিল। ছাত্রদল ও এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের একটি অংশ যখন স্পষ্টভাবে মেলার পক্ষে অবস্থান নেয়, তখন আন্দোলনে বিভক্তি তৈরি হয়ে তা যেন স্থিমিত না হয়ে পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের মেলা শুরুর আগপর্যন্ত নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছিল, যেকোনো কর্মসূচি দেওয়া হলে আন্দোলনকারীরা সর্বোচ্চ সহযোগিতা করবেন।


তিনি আরও বলেন, ‘যাঁরা মেলার আয়োজনের বিষয়ে অনড় ছিলেন এবং শেষ পর্যন্ত মেলার আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তাঁদেরই নেওয়ার কথা ছিল। তাঁদের আহ্বানে সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতেন। কিন্তু পরিতাপের বিষয়, এমন প্রস্তাব দেওয়ার পর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।’


এ বিষয়ে শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, ‘আমরা মূলত কীভাবে কী করা যায়, সে বিষয়ে কিছু পরামর্শ ও পরিকল্পনার কথা জানিয়েছিলাম। তবে আন্দোলনের প্রচার ও সংগঠনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে সমন্বয় করেননি। ফলে পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।’


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ পুনরুদ্ধারের দাবিতে কোনো কর্মসূচি নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার দায়িত্বের মধ্যে ছিল না। আমরা শুধু পরামর্শ দিয়েছি। প্রচারণার জন্য আলাদা একটি গ্রুপ কাজ করছিল। এসব উদ্যোগ নেওয়ার দায়িত্ব তাদের ছিল।’


মেলা আয়োজনের বিষয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল উল্লেখ করে তাপস বলেন, ‘মেলা নির্বিঘ্নে আয়োজন করতে পারব, এমন নিশ্চয়তা কেউ দেয়নি। এ কারণে আমরা এক ধরনের চাপের মধ্যে ছিলাম। মেলায় কোনো ক্ষয়ক্ষতি হলে দায়ভার আমাদের ওপর আসতে পারত।’


তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছি, মেলার স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি জানিয়েছি। আমাদের উইংগুলো কাজ করেছে। মূলত কেউ আমাদের সঙ্গে সমন্বয় করেনি বা সহযোগিতার জন্য এগিয়ে আসেনি।’


ছাত্রদলের সমালোচনা না করে মাঠ পুনরুদ্ধারে অন্য রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা কী ভূমিকা রেখেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তাপস। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধির ঘনিষ্ঠ ছাত্রশিবিরের নেতারাও রয়েছেন। তাঁরা ছাত্রদলের সমালোচনা করা ছাড়া নিজেদের জায়গা থেকে মাঠ পুনরুদ্ধারে আর কী ভূমিকা পালন করেছেন?’ এ সময় কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে মাঠ পুনরুদ্ধারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


অন্যদিকে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কাজ করেছি। আমাদের যে ফোরামগুলো আছে, সেখানে বিষয়টি তুলেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাণের দাবি এই মাঠ পুনরুদ্ধার। এই দাবির প্রতি আমরা সবাই একমত।’


স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের কাছে মাঠ পুনরুদ্ধারের দাবি পৌঁছে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় প্রাপ্য সম্মান দেয়নি। আগে দেখা গেছে, এই আসনের সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হতেন। এবার সেখান থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।’


নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মা

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২০ পিএম

চারদিন ধরে নিখোঁজ রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফোরকানের মা সাজিয়া সুলতানা (৪০)। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। নিখোঁজ স্বজনকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।


গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন সাজিয়া সুলতানা।


নিখোঁজ সাজিয়া সুলতানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার উকিয়ারকুলের বৈদ্য বাড়ির বাসিন্দা। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৬।


পরিবার সূত্রে জানা যায়, সাজিয়া সুলতানা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল থ্রি-পিস। তাঁর চুল খাটো এবং গায়ের রং শ্যামলা।


সাজিয়া সুলতানার ছেলে ও কুবি শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান বলেন, “আমার মা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে উত্তর ছদাহা, উকিয়ারকুলের বৈদ্য বাড়িতে আমার খালার বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে এখনো ফিরে আসেননি। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি এবং নিকটস্থ থানায় জিডি করেছি। কোনো সহৃদয় ব্যক্তি আমার মায়ের সন্ধান পেয়ে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”


নিখোঁজ সাজিয়া সুলতানাকে খুঁজে পেতে আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ০১৬৪১৩০৬৯৫১– রাজিয়া আক্তার (নিখোঁজ নারীর বোন), ০১৮৩৮৮০৩৬৪৪– মাহিম (নিখোঁজ নারীর ছেলে), ০১৯৪৯২৯৫৯৮১– ফোরকান (নিখোঁজ নারীর ছেলে)







চৌধুরী সুপ্রতীক বড়ুয়া

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০১ পিএম

‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স–ক্যাট-আর্থ ২০২৬’ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া। তাঁর নির্মিত ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা ও সনদ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ অনুষ্ঠানে সনদ ও পুরস্কার পান তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিসিএইচপিইউর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবির, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ড. মিখাল ক্রেজা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ‘লেটস হাইক’ দলের মো. জাকির হোসেন নির্মিত ‘উরির চর: টেলস অব লাইফ ইন স্যালাইন ওয়াটার্স’ প্রামাণ্যচিত্র। তৃতীয় স্থান অর্জন করেছে তাসনোভা তাবাস্সুমের নির্মিত ‘ল্যান্ড অ্যান্ড উম্ব’।


‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাবে বদলে যাওয়া মানুষের জীবন ও জীবিকার চিত্র। বিশেষ করে পানির সংকট মোকাবিলা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে এতে।


প্রামাণ্যচিত্রটি ইউজিসির অর্থায়নে পরিচালিত ‘টাইডস অব কোলাপস: অ্যা কোলাপসোলজিক্যাল ইনকোয়ারি ইনটু স্যালিনিটি ইনট্রুশন, শ্রিম্প অ্যাকুয়াকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ভিজ্যুয়াল উপস্থাপনা। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে পরিচালিত মাঠপর্যায়ের গবেষণায় উঠে এসেছে, মিঠাপানির সংকট ও লবণাক্ততা মানুষের স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা, মানসিক চাপ, অভিবাসন, সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক বৈষম্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে নারীদের পানি সংগ্রহে অতিরিক্ত সময় ব্যয়, গৃহস্থালি ও পরিচর্যার বাড়তি দায়িত্ব এবং স্বাস্থ্যগত জটিলতার বিষয়গুলোও এতে তুলে ধরা হয়েছে।


প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সুপ্রতীক। এতে কণ্ঠ দিয়েছেন সুমাইয়া সুলতানা। গবেষণা ও একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত।


নিজের অনুভূতি জানিয়ে সুপ্রতীক বলেন, ‘এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। “সল্ট অ্যান্ড সারভাইভাল”-এ উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁরা তাঁদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমার সুপারভাইজার অমিত দত্ত স্যার, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’


প্রকল্পের পরিচালক ও প্রামাণ্যচিত্রটির সুপারভাইজার অমিত দত্ত বলেন, ‘প্রথমেই আমি সুপ্রতীককে জানাই প্রাণঢালা অভিনন্দন। এই গবেষণার কাজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনসুর আলম অন্তরসহ যাঁরা তথ্য সংগ্রহ ও অন্যান্য কাজে যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সুপ্রতীকের কাজটি খুব সুন্দর হয়েছে। সে নিজের জায়গা থেকে নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি সম্পাদনা করেছে।’


তিনি আরও বলেন, ‘সুপ্রতীকের এই অর্জন আমাদের নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের। মাঠপর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দুর্দশা তুলে ধরতে প্রামাণ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করি, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে লবণাক্ততা ও পানির সংকট নিয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি নীতিনির্ধারণ এবং এ অঞ্চলের কৃষিব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এটি সমন্বিত উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবে। আমি আশাবাদী, সুপ্রতীক ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখবে এবং তার মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’


উল্লেখ্য, ক্যাট-আর্থ (ক্যাটালাইজিং ট্রান্সফরমেটিভ চেঞ্জ ইন প্ল্যানেটারি হেলথ এডুকেশন) ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত একটি ইরাসমাস প্লাস প্রকল্প। ২০২৪ সালের জানুয়ারিতে ৩৬ মাস মেয়াদে শুরু হওয়া এ প্রকল্পের লক্ষ্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্ল্যানেটারি হেলথ শিক্ষা বিস্তারে কাজ করা। সিম্পোজিয়ামটির আয়োজক ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৫ পিএম

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। 


বিজয় দিবস পালন উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো। 


পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে ৫টি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন; সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা; ক্রীড়া প্রতিযোগিতা; বিশেষ দোয়া ও মোনাজাত। 


নির্দেশনাসমূহ:


জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।


সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।


বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।


শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


কর্মসূচিগুলো হলো- আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ নিশ্চিত করা।  


বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করে দর্শন বিভাগ।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই দর্শনের যাত্রা শুরু হয়েছে। আমাদের শিক্ষাজীবনের সর্বশেষ ডিগ্রিও ‘ডক্টর অব ফিলোসফি’। অর্থাৎ জ্ঞানের শুরু ও শেষ—দুটিই দর্শনের সঙ্গে সম্পর্কিত। এ থেকেই দর্শনের গুরুত্ব অনুধাবন করা যায়। দর্শন বিষয়ে গুণী ব্যক্তিদের এমন আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। তিনি বলেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারাতে বসে, তখন সেই বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ দিবস ঘোষণা করে। দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব বিশ্বে কমে আসছে বলেই ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।


আলোচনা সভায় ‘প্রাতিষ্ঠানিক অন্যায্যতা ও আমাদের মানসিক সংকট: সমাজে দর্শনচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা।


এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভার একপর্যায়ে দিবসটি উপলক্ষ্যে দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে নতুন কলা ভবনের সামনে অতিথিরা পায়রা অবমুক্ত ও কেক কাটেন। এরপর সেখান থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।