ছবি: ভিডিও থেকে সংগৃহীত
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছবি : সংগৃহীত
নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের টহল দেখে পালিয়ে যাওয়ার সময় রানার ওপর হামলা চালান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উপজেলার বড়রুহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
এর কিছুক্ষণ পর বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে কারাবন্দী সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া একই ঘটনার ধারাবাহিকতায় আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খান এবং যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ‘কর্মকাণ্ড প্রতিরোধে’ কাজ করছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি ‘বদ্ধপরিকর’।
জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে।
তিনি জানান, সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন সকাল থেকেই অনেকটা অচল হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু’একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এখন পর্যন্ত জেলার কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
ছবি : সংগৃহীত
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার বিকাল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে বলে খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান।
তিনি বলেন, “বিকালে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাঁধে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মালিকপক্ষ তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তার কথা ভেবে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।”
তবে রোববার সকাল থেকে বিকল্প পথে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের নতুন টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের বলেন, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনায় তা সীমিত করা হয়েছে।
এর আগে ১৮ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার স্বার্থে এ পথে বাস চলাচল বন্ধ রেখেছিলেন মালিকরা।
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। টানা গত ছয় দিন ধরে ১৫ ডিগ্রির নিচেই অবস্থান করছে সর্বনিম্ন তাপমাত্রা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ নভেম্বর সর্বনিম্ন ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচেই উঠানামা করছে।
প্রতিদিন বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। সকাল পর্যন্ত থাকে ঘন কুয়াশা। এতে দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। তবে সকালেই চারদিক ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে। এতে স্বস্তি দেখা দেয় জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। কয়েকদিন ধরে রাতের ও দিনের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়ছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।