• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১১ পিএম

ময়মনসিংহের ভালুকায় বাস ও মাছের খামারের খাদ্য গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে বিরুনীয়া ইউনিয়নের এক যুবদল নেতার মাছের খামারের খাদ্য গোডাউনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে পার্কিং করা ছিল মীর এক্সপ্রেস পরিবহনের বাসটি। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।


অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের আসন, জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩।


বাসের মালিক মো. শফিকুল ইসলাম জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা মাঠে কাজ করছেন। তবে বাস ও মাছের খামারের খাদ্য গোডাউনে অগ্নিসংযোগ এবং মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে সরাসরি ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। একই সঙ্গে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে রেল যোগাযোগ যুক্ত করে ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে সরাসরি ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া আন্তঃনগর ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হলো জেলাটি।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল ইসলাম বলেন, উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে এবং পেতে চলেছে। পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেলপথে সরাসরি ঢাকায় যাতায়াতের। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা রেল যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে ট্রেনটি চালুর বিশেষ নির্দেশনা দিয়েছেন।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ওয়াই-টাইপ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে বিস্তারিত নকশা প্রণয়নের কাজও গ্রহণ করা হয়েছে। সেতুটিতে রেল যোগাযোগ যুক্ত করে দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

দেশের রেলপথ আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে রেলপথমন্ত্রী জানান, নতুন করে ২০০টি ক্যারেজ আসছে। এর প্রথম চালানের ক্যারেজ দিয়েই পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করা হয়েছে। এছাড়া আরও ৪০০টি ক্যারেজ সংগ্রহ এবং ৮০টি নতুন লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রেললাইন নির্মাণ, পুরোনো লাইন পুনঃস্থাপন, ইলেকট্রিক ট্র্যাকশন চালু এবং নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন মন্ত্রী। একই সময়ে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সফরসঙ্গীরা ওই ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।


বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৫ এএম

বরগুনায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৩ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সন্ধ্যায় ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তুমের ছেলে কবির।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে আসামিরা তাকে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ওই কিশোরী পাশের বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ওই বছরই বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩০ এএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।


উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।


সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। কয়েকটি পরিষদে নেতা-কর্মীরা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতা-কর্মী অবস্থান নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদে ঢুকে তার কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ সময় প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তছনছ করা হয়। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।


অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান একদল নেতা-কর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতা-কর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্যদের বের করে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন ডিলার।


এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।


আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান ছিল তাদের কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষুদ্ধ হয়ে তারা এমনটি করেছে।  


ইউএনও আরও বলেন, আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।



গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ এএম

টানা কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে গত ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন থানায় করা ১৫টি ভাঙচুর ও নাশকতার মামলায় মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মহানগরের চান্দনা চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য জানান। তিনি আরও জানান, বুধবার শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে পেট্রল ও একটি প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন কার্যক্রম নিষিদ্ধ বাসন থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকারবিষয়ক সম্পাদক।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা ভাঙচুর রোধ, শ্রমিক অসন্তোষ ও জানমাল রক্ষার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ না থাকলেও বেলা ১১টা থেকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এর আগে সকালে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাতে লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন; কিন্তু শ্রমিকরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ চললেও পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন আরও জানান, টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দিলে শ্রমিকরা পৃথক স্থানে পুনরায় অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তারা দীর্ঘ সময় বিক্ষোভ করতে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।


শেখ ফারহান নাদীম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ এএম

নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর দেওয়ানি (সিভিল) জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।




এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন তিনি। বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিনেও তার সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার সন্ধান পাওয়ায় নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের অবসান হয়েছে।


জিয়াউল আহসানের (ইনসেটে) বাড়িতে ভাঙচুর-আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫১ পিএম

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় কারান্তরীণ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে মুখোশ পরা ২৫-৩০ জনের একটি দল বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজ ভাঙচুরের পর সেখানে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিএম কলেজের ওই এলাকায় জিয়াউল আহসান ও তার পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। এর মধ্যে জিয়াউল আহসানের বাড়িতেই হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ভাঙচুর ও অগ্নিসংযোগে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। কে বা কারা এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা এখনো জানা যায়নি।