• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৮ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা কার্যক্রম নয়, সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।


এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি নিজেও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে এসে প্রতিযোগিতার সমাপ্তি হয়। পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।



এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম
  • আপডেট : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম


প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের সরকারি পতাকাবাহী গাড়িতে বিএনপির এক নেতার বসাকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রতিমন্ত্রীকে নিজের সরকারি গাড়ি ছেড়ে অন্য এক বাহনে করে গন্তব্যে যেতে হয়। এ সময় বিক্ষুব্ধ এক বিএনপি কর্মীকে প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়তেও দেখা যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবিরবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে লোহাগাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রতিমন্ত্রী। পথে তার সরকারি পতাকাবাহী গাড়ির সামনের আসনে বসেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেওয়া নাজমুল মোস্তফা আমিন। বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা। এরপরই নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত চকরিয়ার গয়ালমারা এলাকায়। সেখানে আসহাব উদ্দিন চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান করছিলেন তার অনুসারীরা। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিনের অবস্থান দেখে তারা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও বিক্ষোভে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্ষুব্ধদের একজন প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়েন। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নেন প্রতিমন্ত্রী। সরকারি পতাকাবাহী গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে করে তিনি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল এবং লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা এটিএম জাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে লোহাগাড়ার বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর গাড়িতে কে বসবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে একজন মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করা এবং গাড়ির ওপর উঠে হুমকি দেওয়ার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিরোধের কারণে অতীতেও লোহাগাড়ায় বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন।

সাবেক সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, প্রতিমন্ত্রী লোহাগাড়ায় অতিথি হিসেবে এসেছিলেন। তাকে যথাযথ সম্মান জানানো সবার দায়িত্ব ছিল। কিন্তু একজন ব্যক্তি প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে উঠে পড়েন, যা শিষ্টাচারবহির্ভূত।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিনের অনুসারীরা দুটি স্থানে অবস্থান নিয়েছিলেন। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিন থাকায় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর বাইরে বিস্তারিত জানা নেই।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিএনপির কোনো নেতা বা কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন— আবুল হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), মো. রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক দেশটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগীর হোসাইন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের)।

এর আগে প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত এ কমিটির মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ সব খবর

যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাঁদের আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মাহমুদা ও তাঁর মেয়ে রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। এ সময় চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তাঁর মেয়েকে রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।


বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রিপন চন্দ্র রায়(৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রিপন চন্দ্র রায়(৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর ) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মাইক্রোক্রেডিটের কিস্তির টাকা সংগ্রহ করতে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর থেকে ২৪ টিউবওয়েল এলাকার দিকে যাচ্ছিলেন রিপন। পথে দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় লাগে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক। পরে ট্রাকটি ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করে মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

সর্বশেষ সব খবর

শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের নির্দেশনায় শনিবার বিকেলে শ্রীনগর উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রাজু আহমেদের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রাজু আহমেদ।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্যাতন, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে। সাধারণ মানুষের অধিকার হরণকারীদের কোনো ছাড় দেওয়া হবে না,ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়ে। 

দেশবাসীকে হারানি করেছে  দেশবাসীর কাছে মাফ চাইতে হবে ও অধিকার রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

প্রতিবাদ সভায় পাঠাভোগ  ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক,মোঃ মাসুদ, ও  সদস্য মোঃ সিদ্দিক, আটপাড়া ইউনিয়  যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,  কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, কোলাপাড়া ইউনিয়ন যুবদল দিদার হোসেন, ও উপজেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্লোগানমুখর পরিবেশ বিরাজ করে।

সর্বশেষ সব খবর

দিনাজপুরে লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোলশূন্য ড্রয়ে যুগ্ম চ্যাম্পিয়ন ওয়াসি ও সেন্টু একাদশ


দিনাজপুরে লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাবেক ফুটবলারদের মিলনমেলা, পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

দিনাজপুরে লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাবেক ফুটবলারদের মিলনমেলা, পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ফুটবলের সোনালী দিনের স্মৃতি, প্রবীণ খেলোয়াড়দের প্রাণের উচ্ছ্বাস আর মাঠজুড়ে সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা—এমনই এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। 


শনিবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলা স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেন ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বিভিন্ন সময়ের সাবেক ও অভিজ্ঞ ফুটবলাররা।


টুর্নামেন্টে ওয়াসি একাদশ ও সেন্টু একাদশের মধ্যে অনুষ্ঠিত ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় খেলা শেষ হলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে দুই দলের হাতে পৃথকভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাপ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলমের। তবে বিশেষ ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম। তাঁরা আনন্দঘন পরিবেশে খেলা উপভোগের পাশাপাশি অন্যান্য অতিথিদের সঙ্গে যৌথভাবে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন। 


এ সময় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ফুটবল প্রতীকসংবলিত সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ খালেকুজ্জামান বাবু এবং দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ শফিকুল হক ছুটু। তাঁরাও অন্যান্য অতিথিদের সঙ্গে যৌথভাবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণে অংশ নেন।


বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কচি বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সোনালী অতীত ফুটবল ক্লাব, দিনাজপুরের সভাপতি জনাব আবু তাহের মোঃ বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ নুর আলম হক খোকন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব শহিদুল হক সেন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসি, মোঃ শামীম, মোঃ হাসিনুর, মোঃ খুরশেদ ও মোঃ হালিম।


টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন দশকের সাবেক ফুটবলারদের একই মাঠে একত্রিত হওয়া। বয়সের ভার থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা, পুরোনো দিনের স্মৃতি এবং খেলার প্রতি গভীর আবেগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি খেলোয়াড়দের পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আয়োজনটিকে ভিন্ন মাত্রা দেয়।


ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদন কিংবা প্রতিযোগীতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাবেক খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন, তাঁদের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণদের মাঠমুখী করা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের ক্রীড়া আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।


সব মিলিয়ে দিনাজপুরের লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ গোলের হিসাবে কোনো দলকে একক বিজয়ী করতে না পারলেও সাবেক ফুটবলারদের মিলন, আনন্দ, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি স্মরণীয় ক্রীড়া আয়োজন হিসেবে স্থান করে নেয়। গোলশূন্য ফলাফলের আড়ালেও ফুটবলের প্রতি ভালোবাসা যে বয়সের সীমা মানে না, দিনাজপুরের এই আয়োজন যেন তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

সর্বশেষ সব খবর