• প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৩ পিএম

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।


সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মৌচোষা বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।


সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমও প্রয়োজন।



সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০০ পিএম

চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৩টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটেছে। এক দিনে তিনটি গুলির ঘটনায় নগরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পালংকি রেস্টুরেন্টে চাঁদা দাবির হুমকির পর সোমবার রাতে সেটি বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে বিকেলে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির দুই কর্মচারী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন।

মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিল। তবে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার সকালে সেটি খোলা হয়নি।

বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ রেস্টুরেন্টে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয়। আশপাশে একটি টহল গাড়িও মোতায়েন করা হয়। বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা সেখানে খাবার খেতে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

এ বিষয়ে টুটুল কথা বলতে চাননি। তার এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুর্বৃত্তরা তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ ঘটনাটি দেখেছেন বলেও জানা যায়নি। এ কারণে কারা বা কতজন এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান। 

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ছাড়া চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সব খবর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৫ পিএম

বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা।


মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের মাধ্যমে সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ভাষা আন্দোলনের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বৃহত্তর কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নাম ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অথচ সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার পরিধি ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আরও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।


শিক্ষার্থীরা আরও বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বতন্ত্র পরিচিতি। উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। কিন্তু আধুনিক শিক্ষার চাহিদা পূরণ, পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণ, গ্রন্থাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ আরও সুগম হবে। পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবেন। এতে বৃহত্তর কুমিল্লার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


তারা উল্লেখ করেন, অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন ভাষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তাচেতনার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে হলে তাঁর নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির যথাযথ মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তাই শুধু আবেগের জায়গা থেকে নয়, বৃহত্তর অঞ্চলের শিক্ষার স্বার্থেই কলেজটি জাতীয়করণ করা সময়ের দাবি।


মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তাঁরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার দাবি জানান।


শিক্ষার্থীদের প্রত্যাশা, মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির জাতীয়করণের দাবি সরকার মানবিক ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। এতে একদিকে যেমন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে উচ্চশিক্ষার আরও উন্নত ও সম্ভাবনাময় পরিবেশ।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটাই দাবি—ঐতিহ্য ও ইতিহাসের মর্যাদা রক্ষায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে হবে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৪ পিএম

বিরলে এডিপি'র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা (বিনামূল্যে বীজ ও সার) বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৩ নভেম্বর২০২৬) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এসব বিতরণ করেন।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, আদিবাসী নেতা বিমল মার্ডি, খ্রিস্টান ধর্মীয় নেতা জ্যাকব মার্ডি, বৌদ্ধ ধর্মীয়নেতা রতন তিগ্যা, করলা মাধববাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জনগণের অর্থ জনকল্যাণে ব্যায় করা হচ্ছে। এগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হবে, যেন দীর্ঘকাল এ সামগ্রীগুলো আমাদের উপকারে আসে, সেদিকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আমরা যেমন আমাদের বাসা বাড়ীতে আমাদের সম্পদের ব্যবহার করি, ঠিক তেমনই যেন সরকারিভাবে দেয়া এ উপকরণগুলো আমরা ব্যবহার নিশ্চিত করি। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিকট হতে নিরাপদ দেশ উপহার পাবে। আমরা সবার আগে আমাদের দেশকে ভালোবাসবো। ভালো ভাবে দেশকে গড়ে তুলবো।


উপজেলায় মোট ২২০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ জোড়া বেঞ্চ,  ৫৪ টি সিলিং ফ্যান, ১ টি স্ট্যান ফ্যান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ৩ টি হারমোনিয়াম, ৩ টি মাদল, ৩ সেট তবলা,  ৬ সেট শাড়ী ধূতি, ২ টি জীপসি বিতরণ করা হয়।


পরে সংসদ সদস্য এবং  ইউএনও উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া, বনগ্রম ও মোস্তফাবাদ এর শিব শ্মশ্মান কালি মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত জনসাধারণ এর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে নিজ হাতে আইন তুলে না নেয়ার আহবান জানান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে কোন ধরণের পরিস্থিতি আইনানুগভাবে মোকাবিলা করার জন্য জনসাধারণকে তিনি আহ্বান জানিয়ে আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সব খবর

কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৬ পিএম

‘অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন অফিস ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, কুড়িগ্রামের আয়োজনে এবং সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম,ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী,মেডিকেল অফিসার ডাঃ আর রাফি তামজিদ,সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন-অর-রশিদ লাল,জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মিডিয়া সম্পাদক রেজওয়ানুল হক নুরনবী,বাংলাদেশ হেলথ ওয়াচ কুড়িগ্রামের ফোকাল পার্সন সুনীল কুমার দাস প্রমুখ।


আলোচনা সভায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণের ঝুঁকি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।


সভায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে সচেতনভাবে ওষুধ ব্যবহারের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সব খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি বন্ধে খুলনা অঞ্চলের উদ্যোগ

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান।


তিনি বলেন, আমাদের দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে আরও একটি নির্দেশনা প্রদান করা হবে।


আজ ২৪ নভেম্বর খুলনার পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট ও সিয়াম’র যৌথ আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় বন্ধে করণীয়’ শীর্ষক বিভাগীয় সভায় এ আহ্বান জানানো হয়।


 পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। সভাটি পরিচালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক অফিসার আজিম খান।


তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর ৬খ ধারা উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ক্রীড়া স্থাপনা ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তরুণদের সুরক্ষায় আইনের ধারাটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


সভায় বক্তারা বলেন, আইন বাস্তবায়নে শুধু নির্দেশনা প্রদান যথেষ্ট নয় বরং নিয়মিত পর্যবেক্ষণ, বিক্রয়কেন্দ্র চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের তালিকা তৈরি, আইন লঙ্ঘনের তথ্য ও ছবি সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা জরুরি। সিগারেট ও বিড়ির পাশাপাশি ই-সিগারেট, জর্দা, গুল সাদাপাতার মতো তামাক পণ্য বিক্রি বন্ধেও পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


 অনুষ্ঠানে বাগেরহাট কে.এন.কে.এস এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ, সাতক্ষীরার মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকসহ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫০ পিএম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার। এর পাশাপাশি কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সংকটের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। কিন্তু যে জায়গা ও অবকাঠামোতে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, তা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। তারপরও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে শাবিপ্রবির অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এ দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চলছে। তবে সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলোও আলোচনায় আসে। কলেজের খেলার মাঠের সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, মসজিদ নির্মাণ এবং পরিবহন সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পরিবহন ও খেলার মাঠের সংকট শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমে প্রভাব ফেলছে। তবে এসব সমস্যা সমাধানের নির্দিষ্ট সময়সীমা বা অর্থায়নের বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানাননি।


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর