সুনামগঞ্জের ছাতক শহরে ফোর লেন সড়ক নির্মাণকাজের সময় গ্যাসলাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ১:২৫ পিএম

সুনামগঞ্জের ছাতক শহরে গ্যাসলাইনে লিকেজ হয়ে সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের জালালিয়া মাদ্রাসার সামনের সড়কে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পাগল হাসান গোলচত্বর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সক্যাভেটর ও পেলোডার দিয়ে সড়কের খোঁড়াখুঁড়ির কাজ শুরু করলে জালালিয়া মাদ্রাসার সামনের গ্যাসলাইন লিকেজ হয়। বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করে মূল সড়কের ওপর আগুনের সূত্রপাত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


ছাতক সড়ক ও জনপথের (সওজ) উপসহকারী প্রকৌশলী মো. জুনদ মিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



সর্বশেষ সব খবর

পুলিশ কনস্টেবল আল আমিন সরদার

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৩০ পিএম

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এর আগে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনের সময় দুর্ঘটনাটি ঘটে। আল আমিন সরদার সিএমপির অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।


পুলিশ জানায়, রোববার সকালে ওয়াসা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য সন্দেহজনকভাবে হাঁটতে থাকা তিন যুবককে থামার সংকেত দেন। এ সময় তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পিছু নেন। আল আমিনও মোটরসাইকেল নিয়ে অন্য পথ দিয়ে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।


একপর্যায়ে আল আমিন মসজিদের পশ্চিম ফটকের দিকে এগিয়ে গেলে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও স্টাফকে আটক করেন। 


আহত আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।


কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু হয়েছে। তার লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৫ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি কমে এলাকায় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে।


আবহাওয়া সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরম কমে চারদিকে এক ধরনের শীতল আমেজ বিরাজ করছে।


আবহাওয়ার হঠাৎ পরিবর্তন প্রসঙ্গে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হঠাৎ করেই আবহাওয়ায় একটা ঠান্ডা ভাব চলে এসেছে। তাপমাত্রা কমে যাওয়ায় গরমের অস্বস্তি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে।


বৃষ্টি ও ঠান্ডা আমেজের এই পরিবেশ সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরাতেও স্বস্তি এনে দিয়েছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১১:০৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে শিক্ষক মোছা. পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।


রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, চিলমারী ইউনিয়ন পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় অন্য এলাকা থেকে আসা অনেক শিক্ষক এখানে এসে থাকতে অনাগ্রহী। পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ হওয়ায় তা বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন।


অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালে বাবু ঢালী, আবু সুফিয়ান, সবুজ ঢালীসহ কয়েকজন সেখানে হামলা চালান। এ সময় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত শাহ আলী বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার ঢালী। তিনিও ঘটনায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নীতিমালা ও আবেদন ছাড়াই বদলি, পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ; উঠছে নানা প্রশ্ন


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৪৬ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসানের ছোট ভাই তারেক রহমান রাজনের বিরুদ্ধে।


রোববার (৪ অক্টোবর) দুপুরে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব গেটসংলগ্ন প্রায় দুই শতক জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করলে স্থানীয়রা এতে বাধা দেন। তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান রাজন। এ ঘটনায় মালিকানা নির্ধারণে জায়গা মাপের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


স্থানীয়দের অভিযোগ, কবিরহাট বাজারের কলেজ গেট সড়কের পাশে খুঁটি দিয়ে চিহ্নিত নোয়াখালী জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ভরাটকাজে বাধা দেন। একই সঙ্গে জায়গাটির প্রকৃত মালিকানা ও ভরাটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


অভিযোগের বিষয়ে তারেক রহমান রাজন বলেন, ওই জায়গার পেছনে তার কেনা দুই শতক জমি রয়েছে। নিজের জমি ভরাটের সুবিধার্থে সাময়িকভাবে সামনের জায়গায় বালু রাখা হয়েছে। সরকারি জায়গা দখল চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।


এ বিষয়ে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসান বলেন, ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। সেখানে আমার ছোট ভাইয়ের চান্দিনা ভিটার জায়গা কেনা রয়েছে। তবে জায়গাটি সামনে নাকি পেছনে, তা তিনি নিশ্চিত নন।


কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, খবর পেয়ে তহশিলদার ও সার্ভেয়ারকে ম্যাপসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি দুই ধরনের জায়গা রয়েছে। সোমবার সকালে মাপ দিয়ে কোনটি সরকারি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন জায়গা, তা চিহ্নিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়েছে।


ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় বালু ফেলে ভরাটের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:১৮ পিএম

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় ১৫টি কূপের খনন ও পুনঃখননের কাজ এগিয়ে চলছে। জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে দেশে ৩০০টি গ্যাসকূপ খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপ পুনঃখননের মাধ্যমে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রশিদপুর-১৩ কূপে খননকাজ চলছে। এ ছাড়া ডুপিটিলা-১, সিলেট-১৩ ও হরারগঞ্জ-১-এর মতো নতুন অনুসন্ধান কূপেও কাজ চলছে।


সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, ‘এরই মধ্যে সিলেট গ্যাস ফিল্ডে কূপ খনন ও ওয়ার্ক ওভারের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আমাদের আটটি ওয়ার্কওভার শেষ হয়েছে এবং পাঁচটি নতুন কূপ খননের কাজও শেষ হয়েছে।’


২০৩১ সালের মধ্যে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডুপিটিলা-১ নম্বর গ্যাসকূপ খননের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।


সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চালু থাকা এবং বন্ধ হয়ে যাওয়া গ্যাসকূপের আশপাশে অনুসন্ধান ও খনন করা হলে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্ফোরণের পর পরিত্যক্ত টেংরাটিলা গ্যাসক্ষেত্রেও গ্যাসের বড় মজুত থাকার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। 


সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, আগের প্রতিবেদনের ভিত্তিতে তাদের ধারণা, টেংরাটিলায় এখনো দুই টিসিএফের বেশি গ্যাস মজুত থাকতে পারে।


সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে ১৭টি কূপ থেকে দৈনিক প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ২০৩১ সালের মধ্যে এই সরবরাহ ২৬০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল। রবিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।


নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর দাস  সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নিরব হাছিব।


বিকেলে বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা-গাউছিয়া এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। পুরো কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে এক হাজারের বেশি ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর