ছবি : সংগৃহীত
বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আইনজীবীদের আবেদন হঠাৎ বেড়ে যাওয়ায় বিদেশি আইনজীবীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে কাজের যোগ্যতা অর্জনের জন্য বিদেশি আইনজীবীদের নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্ট দীর্ঘ জট কমানো এবং প্রকৃতপক্ষে ব্রিটেনে আইন পেশায় কাজ করতে চান—এমন প্রার্থীদের অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুক্তরাজ্যের ব্যারিস্টার পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি) সাম্প্রতিক বছরগুলোতে জমে থাকা আবেদনের চাপ কমাতে ‘ট্রান্সফারিং কোয়ালিফায়েড ল’ইয়ার’ (টিকিউএল) কর্মসূচির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
এর ফলে বিদেশি আইনজীবীরা ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জনের জন্য নতুন করে আবেদন করতে পারবেন না। তবে ব্রিটেনের অনুমোদিত কোনো ব্যারিস্টার চেম্বারে কাজের প্রস্তাব পেয়ে থাকলে তারা এর আওতামুক্ত থাকবেন। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আইনজীবীদের কাছ থেকে আবেদনের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার পর এই পরিবর্তন আনা হয়েছে।
বর্তমানে টিকিউএল কর্মসূচিতে জমা পড়া মোট আবেদনের অর্ধেকের বেশি আসছে এই তিন দেশ থেকে। মূলত টিকিউএল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে অন্য দেশের যোগ্য আইনজীবীরা ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে নতুন করে যোগ্যতা অর্জনের সুযোগ পান।
দ্য টেলিগ্রাফ বলছে, গত তিন বছরে টিকিউএল কর্মসূচিতে আবেদনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২১-২২ সালে যেখানে ৩২৫টি আবেদন জমা পড়েছিল, ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪টিতে। এর ফলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব বেড়েছে।
বিএসবি জানিয়েছে, বিদেশি প্রার্থীরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি বা চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা বেশি হওয়ায় এই জট আরও বেড়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও উদ্বেগ প্রকাশ করেছে যে টিকিউএলে আবেদনকারীদের অনেকেরই ব্রিটেনে ব্যারিস্টার হিসেবে কাজ করার প্রকৃত ইচ্ছা নেই। তাদের অনেকে অন্য দেশেই কাজ চালিয়ে যাচ্ছেন।
বিএসবির মহাপরিচালক ফিল গোল্ডিং বলেন, ‘আমাদের প্রক্রিয়া ও নিয়মে পরিবর্তন আনতে হবে, যাতে এই ব্যবস্থা তাদের ওপরই বেশি গুরুত্ব দেয় যারা এই এখতিয়ারের মধ্যে আইন পেশায় কাজ করবেন। একই সঙ্গে এটি বর্তমানে জমে থাকা বিপুলসংখ্যক আবেদন কমাতেও সহায়তা করবে।’
ব্রিটিশ আইনের বিভিন্ন পরীক্ষায় বিদেশি প্রার্থীদের অনিয়মের অভিযোগ নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যেই এই পরিবর্তন আনা হলো। এমনকি কেউ কেউ নিজেদের হয়ে পরীক্ষা দেয়ার জন্য ব্যারিস্টারদের অর্থ দেয়ার অভিযোগও রয়েছে।
এর আগে ২০২৩ সালে ‘অনিয়মের’ অভিযোগে পাকিস্তান ও বাংলাদেশের প্রার্থীদের অনলাইনে পরীক্ষা দেয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটেনের এই নিয়ন্ত্রক সংস্থাটি। এরপর পরীক্ষায় প্রতারণার স্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পরের বছর সব অনলাইন পরীক্ষা স্থগিত করে বিএসবি। নতুন নিয়ম অনুযায়ী, এখন বিদেশি সব প্রার্থীকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে।
ভারতীয় উপমহাদেশ থেকে, বিশেষ করে যারা শেষ পর্যন্ত যুক্তরাজ্যে আইন পেশায় কাজ করেন না, তাদের আবেদন কেন এত বেড়েছে—তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিএসবি।
তবে কিছু আইন শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে দুটি দেশের আইনি যোগ্যতা অর্জনের সুযোগকে আইনজীবীদের জীবনবৃত্তান্ত বা সিভি শক্তিশালী করার উপায় হিসেবে প্রচার করছে। ফলে তারা নিজ দেশেই আইন পেশায় কাজ করলেও যুক্তরাজ্যের যোগ্যতা অর্জনে আগ্রহী হচ্ছেন।
এছাড়া ব্রিটিশ চেম্বারে প্রশিক্ষণকালীন পদ বা চাকরি পাওয়া বিদেশি ব্যারিস্টারদের জন্য ভিসার ব্যবস্থাও করে থাকে বার কাউন্সিল।
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একাংশ। ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি করেছেন ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল জেসি যোগী। সংশ্লিষ্ট বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় বাংলাদেশিদের একটি দল ভারতের একটি গ্রামে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। সীমান্তের ওই এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই এবং উভয় পাশেই মানুষের বসতি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, বিএসএফ সদস্য ওই ব্যক্তিদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে চলে যেতে থাকলে তিনি পায়ে হেঁটে তাদের পিছু নেন। এ সময় তার কাছে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয়—দুই ধরনের অস্ত্রই ছিল। তবে তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, সীমান্তে বেড়া না থাকায় ধাওয়ার একপর্যায়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন জেসি যোগী। তখন ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে আটক করেন এবং পরে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে সিলেটের বিজিবির বিছনাকান্দি ক্যাম্পে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বিএসএফ সদস্যের কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকিটকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। পতাকা বৈঠকের পর এসব সরঞ্জাম বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আটক বিএসএফ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের বিষয়ে আপত্তি জানায় বিএসএফ। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার এ বৈঠক হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।
বৈঠক শেষে তিন দেশ পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণায়’ এ কথা বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন নেতা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। পারমাণবিক যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলেও তাঁরা একমত হয়েছেন। পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ আলোচনা অব্যাহত রাখবে।
এমন এক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিয়ে উত্তেজনা চলছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, বৈঠকের আগে তিন নেতার মধ্যে আলাদা আলোচনা হয়।
অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনের পর পুতিন ও ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে পুতিন ও সি দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। পরে পুতিন সেই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। সিকে তিনি ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।
গত বুধবার শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সি। সি–এর জন্য এটি ছিল বিরল ঘটনা। কারণ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনো বিশ্বনেতাকে স্বাগত জানাতে এর আগে সি কখনো বিমানবন্দরে উপস্থিত হননি।
বিমানবন্দরে সি ও ট্রাম্প সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গনও করেন। পরে সি বলেন, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌজন্যের জবাব দিতেই তিনি বিমানবন্দরে গিয়েছেন।
রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়।
রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেন আদালত।আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী এই মামলা, কেন এত গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে এ মামলা করে।গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে গাম্বিয়া।
২০১৭ সালের ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের তদন্ত দলও ওই অভিযানে গণহত্যার উপাদান থাকার কথা উল্লেখ করেছিল।মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।
মামলার পটভূমি
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে গাম্বিয়ার মামলার মধ্য দিয়ে। ওই বছরের ১১ নভেম্বর দেশটি আইসিজেতে আবেদন করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গণহত্যার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করতে বলে।
পরবর্তী সময়ে মিয়ানমার আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।
এরপর মামলার মূল শুনানি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। গাম্বিয়া গণহত্যার অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরে, অন্যদিকে মিয়ানমার দাবি করে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।
সূত্র: আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস
চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঘুমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।
চীনের প্রেসিডেন্ট সে সময় অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। হঠাৎই ক্যামেরা ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্টের দিকে। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমাতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি, কিন্তু চোখের পাতা যে কিছুতেই নড়ছে না।নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্পের মতো সমালোচকেরা ভিডিওটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওর শিরোনাম ছিল, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’।ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। এর আগেও জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে কয়েকবার ঘুমিয়ে পড়তে বা ঝিমোতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে তাঁর বয়স ও কর্মসক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।যদিও জনসমক্ষে ঘুমিয়ে পড়ার অভিযোগ বরাবরই জোরালো গলায় অস্বীকার করেছেন ট্রাম্প। এ বছরের জানুয়ারিতে এ ধরনের অভিযোগের জবাবে ট্রাম্প বলেছিলেন, বৈঠকগুলো তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। সেবার তিনি দাবি করেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, চোখের পলক ফেলেছিলেন মাত্র।
অথচ ট্রাম্পই তাঁর পূর্বসূরি জো বাইডেনের ঘুমিয়ে পড়ার কতশত সমালোচনা করেছিলেন। বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন। একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
বাইডেনকে প্রায়ই উপহাস করলেও ২০২৫ সাল থেকে জনসমক্ষে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার মতো বেশ কিছু ভিডিও বারবার ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর একবার ট্রাম্পকে ‘ঘুমকাতুরে ডন’ বলে কটাক্ষ করেছিল।
৮০ বছর বয়সে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তিনি বাইডেনের গড়া আগের রেকর্ড ছাড়িয়ে যান।