ছবি : সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে বিক্ষোভের অনুমতি না দেওয়ায় সেখানে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া ও আটক করতে শুরু করেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল সিজেপি। এর আগে থেকেই বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং রাজধানীগামী বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে প্রায় ৭ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সংযম দেখানো এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।
দ্য হিন্দুকে সূত্র জানিয়েছে, বিক্ষোভে যোগ দিতে পারেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা অন্তত ১০০ জনকে রাতভর অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় করে বিক্ষোভকারীদের দিল্লিমুখী যাত্রা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিক্ষোভকারীদের রামলীলা ময়দানে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ জানায়, সেখানে সমাবেশের অনুমতি চেয়ে এখন পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি।
গুরুগ্রাম থেকে আটক ধ্রুব রাঠি
বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে আজ শনিবার গুরুগ্রামে তার বাবার সঙ্গে অবস্থানকালে তাকে আটক করা হয়।
গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, আটকের পর ধ্রুব রাঠিকে গুরুগ্রামের অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ধ্রুব রাঠির আটকের বিষয়ে ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি বলেছে, ‘স্বৈরশাসক তরুণদের ভয় পায়, যারা তার অন্যায়ের বিষয়ে প্রশ্ন তোলে এবং নীরব থাকতে অস্বীকার করে।’
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করেছে দলটি।
কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: সংগৃহীত
ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশটির সেনাবাহিনী তা ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি তার সফরে ঘটে যাওয়া এ বিশেষ পরিস্থিতির বর্ণনা প্রকাশ্যে এসেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন তিনি। এ সময় প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো সোনার ব্যাটন তাকে দেওয়ার দাবি জানান। কিন্তু তা নাকচ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ম্যাকআর্থারকে দেওয়া সোনার ব্যাটনটি বর্তমানে তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।
বক্তব্যে ট্রাম্প বলেন, উইলিয়াম হাওয়ার্ড টাফট থেকে ডুইট ডি আইজেনহাওয়ার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনেক মেধাবী ও বিশিষ্ট নেতা ফিলিপাইনের বিপুল সম্ভাবনা সম্পর্কে জানতেন।
প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারকে অতীতে সোনার ব্যাটন দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক সম্মাননার আদলে ট্রাম্পকেও একই ধরনের স্বীকৃতি না দেওয়ায় তিনি প্রতিক্রিয়া জানান।গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।
সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’
অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনারা আমাকেও সেটি দিন। আমি এটা খুব পছন্দ করব। মানে, আমি কেন এই সম্মাননা পাব না?’
সেনাবাহিনী পরে এক বিবৃতিতে জানায়, ফিল্ড মার্শালের পদ এবং এর ব্যাটনটি তাদের পরবর্তী পদমর্যাদার কাঠামোতে রাখা হয়নি। এটি এখন আর তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয় উল্লেখ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। মামদানি এ উদ্যোগকে স্বাগত জানালেও ডেমোক্র্যাটদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ, এসব বসতি স্থাপনকারীর কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে তিনি আরও বলেন, কয়েকটি মার্কিন প্রশাসনের আমলেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলারের অর্থায়ন করেছে বলে তিনি মনে করেন। এখন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের সময় এসেছে।জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে তার। জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভেতরে ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি উঠছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ইরানের পতাকা
ইরানের এক গায়িকা ও তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে ‘জনসাধারণের শালীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়। আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গায়িকা পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যের ওপর দুই বছরের জন্য সব ধরনের শৈল্পিক ও সংগীতবিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময়ে তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পারাস্তু আহমাদি বাধ্যতামূলক হিজাব ছাড়াই পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে সংগীত পরিবেশন করছেন।
বেত্রাঘাতের মতো শাস্তিকে নির্যাতন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর সমালোচনা করেছে পশ্চিমা সরকার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে ইরান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ইরানে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে ২০২২ সালে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। কুর্দি-ইরানি নারী মাহসা আমিনিকে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় এখনো হিজাবসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব নিয়ম প্রয়োগের ক্ষেত্রেও বাছাইমূলক প্রবণতা দেখা যাচ্ছে। ইমতেদাদ ওয়েবসাইটে অবশ্য স্পষ্ট করা হয়নি, আইনজীবী মোস্তফা নিলি ওই পাঁচজনের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেছিলেন কি না।
ছবি: সংগৃহীত
ড্যানিয়েল ইয়াবলনকা।
মিস ইউনিভার্সের মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। পাশাপাশি পোশাকের মাধ্যমে দিয়েছেন নানা বার্তাও। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধিত্ব করছেন ড্যানিয়েল ইয়াবলনকা। নিজের অঞ্চল ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পোশাকের মাধ্যমে শান্তির বার্তাও দিয়েছেন তিনি।
মঞ্চে ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরেন ইয়াবলনকা। তবে পোশাকটির সবচেয়ে আলোচিত দিক ছিল এর গায়ে লেখা একটি শব্দ ‘পিস’, অর্থাৎ ‘শান্তি’। ইংরেজি, হিব্রু ও আরবি- তিন ভাষায় লেখা ছিল শব্দটি।
সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে ইয়াবলনকার মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকটির সঙ্গে যুক্ত ছিল দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল একটি কেপ বা চাদর। এতে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব উপাদান পোশাকে তুলে ধরেছেন ইয়াবলনকা।
পোশাকের মাধ্যমে শান্তির বার্তা দেওয়ার বিষয়ে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’
তবে তার এই শান্তির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেন।
অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকেই এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামীকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।