• প্রকাশ : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:৪৮ পিএম
  • আপডেট : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:৪৯ পিএম

ক্রিসমাস ডে

  • প্রকাশ : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:৪৮ পিএম

আজ  ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। 


আনুমানিক দুই হাজার ২৫ বছর আগের এ দিনেই জন্ম নেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।


বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে খ্রিষ্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। এ ছাড়া বড়দিন উপলক্ষে গতকাল বুধবার খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা।


আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি রেডিও, টিভি ও সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরবে। বড়দিন উপলক্ষে অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করবেন। ইতোমধ্যেই দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ঘরোয়া আয়োজনে বড়দিন উদযাপনের প্রস্তুতি নিয়েছে। রয়েছে বিশেষ খাবারের আয়োজন।


বড়দিনে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার গির্জা), কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল, মণিপুরিপাড়া, বারিধারাসহ সব গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জার ভেতরে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। রয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিভিন্ন গির্জা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা আয়োজিত হবে। সব গির্জার নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাব ছাড়াও সেনাবাহিনী মোতায়েন থাকবে।


ঢাকার পাঁচতারকা হোটেলগুলোও বড়দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনের কথা জানিয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, র‌্যাডিসন, লা মেরিডিয়েন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি হোটেলসহ সব অভিজাত হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লবিতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও বড়দিনের কেক। আজ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে এসব আয়োজন। সকাল ও বিকেলে শিশুদের জন্য রয়েছে সান্তাক্লজের উপহার অনুষ্ঠান এবং অতিথিদের জন্য বুফে ডিনারের ব্যবস্থা।


বড়দিন উপলক্ষে পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়


বাসস জানায়, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারী উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে খ্রিষ্টান নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে ড. ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।


প্রধান উপদেষ্টা উপস্থিত নেতারাসহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কিনা।’


বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে। পরে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড় দিনের কেক কাটেন প্রধান উপদেষ্টা।


ঢাকায় আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ


বড়দিন উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হলো। বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ডিএমপি নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছে।


উড়ো চিঠিতে উদ্বেগ


ঢাকাসহ দেশের বিভিন্ন চার্চে ককটেল বিস্ফোরণ ও উড়ো চিঠি পাঠিয়ে হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।


বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের সই করা বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় এ ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন।


গত ১০ ডিসেম্বর ২১টি চার্চ এবং ব্যক্তির কাছে ‘তৌহিদী মুসলিম জনতা’ পরিচয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও দাবি করেছেন একাধিক চার্চের দায়িত্বরতরা। এর আগে ঢাকার কয়েকটি চার্চ এবং সেন্ট জোসেফ স্কুলসহ দেশের বেশ কয়েকটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, বড়দিন উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এবং কয়েকটি চার্চে হুমকি দিয়ে পাঠানো উড়ো চিঠির সঙ্গে কারা জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬২০ জন শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এক হাজার ৪১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ জন।


সোমবার (২৩ নভেম্বর) রাত সাড় ৭টার দিকে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের সংশোধিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


খাতা দেখায় দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল বদলাচ্ছে : শিক্ষামন্ত্রী


দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সেখানে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন।


এছাড়া যশোর বোর্ডে ১৬৩ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন এবং বরিশাল বোর্ডে ২১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন পাঁচ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।


এর আগে সোমবার বিকেল ৩টায় ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তবে প্রকাশিত হিসাবে গরমিল থাকায় তা সংশোধন করে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


তিনি বলেন, পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষকদের মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্মূল্যায়নে আবার ২৫ হাজার শিক্ষার্থীর খাতার নম্বর বাড়ে, তা তো এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িযেছে।‘আগে কী ছিল? না লিখলেও পাস করিয়ে দিতে হবে। এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’


এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তিন হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে। ইউ রিয়ালাইজ ইট।’


খাতা মূল্যায়নে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তা সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন করছেন কি না, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমরা ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়াতে বলেছি।’


সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়া নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার হয়েছে। ফলে কাউকে ঠেকানো যাবে না। কিন্তু আমরা অনুরোধ করেছি।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ সব খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদল

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি/ IUBAT) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।


আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার ওপর তিঁনি জোর দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৭ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।


এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।


এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।


ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।


বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।


শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তাদের প্রস্তাব লিখিতভাবে জমা দেবেন। এরপর শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।


এদিকে নিম্নতম মজুরি বোর্ডের সামনে সোমবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে গার্মেন্টস শ্রমিক পরিষদ। তাদের দাবি, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির কারণ হিসেবে তুলে ধরছেন তারা।


এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।


এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।


দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।


এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে ২৩ নভেম্বর সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।


বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।


নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির কারণ হিসেবে তুলে ধরছেন তারা।


গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।


মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।


সর্বশেষ সব খবর

হাইকোর্ট

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ পিএম

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এসব প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে আর কোনো আইনি বাধা নেই।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


গত বুধবার জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। 


হাইকোর্টের আদেশে বলা হয়, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা উচিত। এ নির্দেশিকা উপেক্ষা করে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।


ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা রিটটি দায়ের করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।

সর্বশেষ সব খবর