কর অঞ্চল-১৪ ঢাকার সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা
কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর অঞ্চল-১৪ ঢাকার সম্মেলন কক্ষে রোববার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর কমিশনার সার্কেলভিত্তিক বকেয়া ও অগ্রিম কর আদায়, রিটার্ন প্রসেস, ডাবল এন্ট্রি ও অডিটসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতি ও মাঠপর্যায়ে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার-পরিদর্শী রেঞ্জ-১ ও ২, মোহাম্মদ আমিরুল করিম মুন্সী, যুগ্ম কর কমিশনার-পরিদর্শী রেঞ্জ-৩, কর্ণেলিউস কামা, যুগ্ম কর কমিশনার-পরিদর্শী রেঞ্জ-৪ মো. রাশেদ রেজা, উপকর কমিশনার- সদর দপ্তর (প্রশাসন) মো. জাহিদুল ইসলাম, উপকর কমিশনার- সদর দপ্তর (প্রায়োগিক) কে. এম. তানিম-উজ-জামান প্রমুখ।
শীতকালীন ব্যবসার কথা বিবেচনায় নিয়ে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।’
এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার দুপুর সাড়ে ১২টায় সমিতির নেতাদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং পিডিবি চেয়ারম্যানের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর পাশাপাশি সোলার প্যানেল স্থাপন এবং বিদ্যুৎবিভ্রাট নিয়ে আলোচনা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি।
সভায় বিদ্যুৎবিভ্রাট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি জানান, দেশে বর্তমানে লোডশেডিং না থাকলেও প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ গ্রাহকেরা ভোগান্তিতে পড়ছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎবিভ্রাটের কারণে একজন গ্রাহক বছরে বাংলাদেশে প্রায় ১ হাজার ৯৫ বার এ সমস্যার মুখে পড়েন বলে সমিতির হিসাব। এ পরিস্থিতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিদ্যুৎবিভ্রাট কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান হেলাল উদ্দিন। জবাবে মন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান
সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ’র নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। যে সব একাউন্টের বেশিরভাগ বা অধিকাংশই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা। বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
গোপালগঞ্জে যাদের একাউন্টে লেনদেন করতে পারছেন না তাদের অনেকের সাথে সম্প্রতি কথা বলেছে বিবিসি বাংলা। তাদের অনেকে জানিয়েছেন, কারো কারো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আবার অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকে।
সরকারি বরাদ্দ এবং রেল চলাচল বন্ধ নিয়ে নানা আলোচনার মধ্যেই এবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএস বন্ধের তথ্য সামনে এলো।
গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি ও পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।
জেলা বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবেই 'সবকিছু কার্যত বন্ধ বা স্থগিত' রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবি : সংগৃহীত
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি–টু–জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি–রপ্তানি করতে পারবে।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর, সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরবর্তী সময়ে আলোচনা ও দর–কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন করে সরবরাহের শর্ত নির্ধারণ করা হবে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি পৃথকভাবে চূড়ান্ত হবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি–রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি–রপ্তানি ও সরবরাহব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে। তিনি জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু, মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি–ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং উভয় দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএফআইইউর দেয়া তথ্যের ভিত্তিতে এসব হিসাব বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হিসাবগুলো ব্যবহার করে অর্থ স্থানান্তর কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব হিসাবের লেনদেনে অস্বাভাবিকতা ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য পর্যালোচনা করেই ব্যবস্থা নওয়া হয়েছে। তবে হিসাবগুলোর সঙ্গে কারা জড়িত, সেগুলোর মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং এসব কর্মকাণ্ডের পেছনে কী ধরনের অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে।এদিকে হিসাব বন্ধের প্রভাব পড়েছে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো কিংবা নগদ অর্থ উত্তোলনের প্রয়োজন হলেও সেবা ব্যবহার করতে পারছেন না অনেকে। বিশেষ করে ব্যক্তিগত প্রয়োজন ও ব্যবসায়িক লেনদেনে এসব হিসাবের ওপর নির্ভরশীল গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও নিয়মিত লেনদেন করতে না পেরে সমস্যার মুখে পড়েছেন।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও অনেক হিসাবের লেনদেন বন্ধ হয়ে যায়। রোববার সকালেও জেলার বিভিন্ন এজেন্ট পয়েন্টে টাকা উত্তোলন ও পাঠানোর জন্য আসেন গ্রাহকেরা। কিন্তু লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে প্রয়োজনীয় সেবা না নিয়েই তাদের ফিরে যেতে হয়।
দেশের বীমা খাত নিয়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ‘ভালো কিছু নয়’।
তিনি বলেন, বীমা খাতে যখন হাত দিয়েছেন, সব ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা ও ব্যাংকিং ব্যবস্থা ছাড়াও কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।বীমা খাতের অবস্থা ‘ব্যাংকিং ব্যবস্থার মতোই ভালো কিছু নয়’ মন্তব্য করে আমির খসরু বলেন, “ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গিয়েছে।”
তিনি বলেন, “কিন্তু আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম যে একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো মিসইউজ করেছে। আপনার ক্লেইম পেমেন্ট করছে না, কিন্তু নিজেরা প্রপার্টি কিনেছে।
“নিজেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, পার্সোনালি ইনভেস্টমেন্ট করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও ইনভেস্টমেন্ট করছে। মানে, কী যে একটা অবস্থা।”অর্থমন্ত্রী বলেন, “এখন এইখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।”
বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।
“পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।”
আমির খসরু বলেন, “আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।”
কাস্টমস ও এনবিআর নিয়ে তিনি বলেন, দেশ-বিদেশের যেখানে যান সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সম্বন্ধে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়।
মন্ত্রী ভাষ্য, “আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সবাইকে বলব যে, আমি নিজেও চেষ্টা করছি, প্রাইম মিনিস্টার চেষ্টা করছেন, গভর্নর চেষ্টা করছেন। যেটা হচ্ছে, যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করতে আগ্রহী।”
শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পরামর্শ গ্রহণ প্রক্রিয়া চালিয়ে যেতে চান তুলে ধরে আমির খসরু বলেন, “আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবেতো। সংস্কার নিয়ে সরকার যতই জোরালো উদ্যোগ বা আগাম প্রস্তুতি নিক না কেন, অংশীজনরা এগিয়ে না এলে তা হবে না।”
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংস্কার করতে প্রস্তুত আছে, ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।
অর্থমন্ত্রী বলেন, সেই ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিয়ে যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য মনে করেন তিনি।
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ‘লোকাল এলসির’ তথ্য আদান প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্লাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ এর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত