অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৫ পিএম

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।


শনিবার (২১ নভেম্বর) নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে।


তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি। ইনসেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।

রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এসময় ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

ওই পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।


ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ গ্রেফতার তৌহিদুল আলম আকিব। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৮ পিএম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ (সিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সিএমপি জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটাসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মোবাইল টিমের সদস্যরা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। এরপর চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়।



সেখানে তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মতে, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি।

পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলেও তিনি জানিয়েছেন।

এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৫ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত ছয় দিনে এসব দলের ১৬ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


গত ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তাদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, তারা না জেনেই দলীয় পদ পেয়েছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 


পদত্যাগের ঘোষণা দেয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৪ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন। এদিকে, রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তার পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ ছাড়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণেও তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে জানান।


এর আগে গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। এরপর গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।


এ ছাড়া, গত কয়েক দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান ও টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।


অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।


নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোন পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোন ক্ষতি হবে না।


এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৯ পিএম

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে পছন্দের প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।


রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।


দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।


অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি জাল নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে কয়েকজন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়।


দুদকের তদন্তে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের 

নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।


এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।





জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। চল‌তি বছ‌রের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে সর্বোচ্চ দুবার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন উপজেলা প্রশাসনের একার নয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াইহাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি।

এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ জন্য তিনি আড়াইহাজারবাসীর সহযোগিতা কামনা করেন।


গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান চালান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ কৌশলে পরিবহনের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সংস্থাটি। এ ঘটনায় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা দুটি ও একটি মোটরসাইকেল।

বিজিবির ধারণা, এসব বিস্ফোরক ও অস্ত্র দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত ও পরিবহন করা হচ্ছিল। তবে এর পেছনে কারা জড়িত এবং চালানটির গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার সকাল ১১টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। বিজিবি সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পায় বিজিবি। এরপর সম্ভাব্য চলাচলের পথে পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে মোটরসাইকেলটির আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স রয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও ৩ কেজি পেরেক জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সারা দেশের ন্যায় টেকনাফ সীমান্তেও নাশকতার পরিকল্পনা ছিল। এর অংশ হিসেবে বিপুল পরিমাণ বোমা তৈরির আইইডিসহ আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত করা হচ্ছিল। অবশেষে সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বিজিবি।’

তিনি আরও বলেন, মাদক চোরাচালানের পাশাপাশি দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। এর পেছনে কারা জড়িত, তা বের করতে তদন্ত শুরু হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।