সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী

  • প্রকাশ : সোমবার ১১ মে, ২০২৬, সময় : ৫:৩৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। 


আজ সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগ করার কথা জানান। সহকারী অধ্যাপক মোনামী লিখেছেন, 'শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো।'


'তবে ২৮ আগস্ট , ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ , এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!'


নানা কারণে আলোচিত এই শিক্ষক সেই সময়ের কথা স্মরণ করে লিখেছেন, “একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি , তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!??”


পোস্টে তিনি আরও বলেন, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা তার জন্য শিক্ষণীয় ছিল। কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালনের বিষয়গুলো তিনি শিখেছেন বলে উল্লেখ করেন।


তিনি তার দায়িত্বকালীন সময়ের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিস্তারিত মূল্যায়নে না গিয়ে এটিকে একটি 'অসাধারণ অভিজ্ঞতা' হিসেবে অভিহিত করেন এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।


পোস্টের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও তার টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তারা দক্ষতার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা করেন।




  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০১ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবর। তবে এই ফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।


আগে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের ক্ষেত্রে শুধু অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের কার্যক্রম অনুষ্ঠিত হবে।ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে।


অনলাইনে ‘eduboardresults.gov.bd’ এবং ‘educationboardresults.gov.bd’ ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘HSC’ লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।


এদিকে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সূচিও জানানো হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।


সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ ফেরত দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ রাখেন তাঁরা। 


এর আগে মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েও সাড়া না পেয়ে বুধবার মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই ঘটনায় মেলা কর্তৃপক্ষের করা অজ্ঞাতনামা মামলার তদন্ত করছে পুলিশ।


এদিকে আজ বৃহস্পতিবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।


আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ঘুরে বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন তাঁরা। সেখানে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।




পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে যান। সেখানে ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর মাঠ পুনরুদ্ধারে প্রশাসনিক কাজের অগ্রগতি জানতে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সঙ্গে কথা বলতে যান তাঁরা।


আন্দোলনরত শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত চাই। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠে অন্য স্থাপনা নির্মাণের উদ্যোগ কোনোভাবেই কাম্য নয়। বারবার দাবি জানানোর পরও সমাধান না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’


আজ বৃহস্পতিবার সচিবালয়ে আগামী ১ নভেম্বর জাতীয় যুবদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় যুবমেলাসহ সেখানে অনুষ্ঠেয় সব মেলা আপাতত স্থগিত করা হয়েছে। তবে জাতীয় যুবদিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও ওই মাঠে মেলা আয়োজন করা হবে না বলে জানান তিনি।


এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন তাঁরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে মেলা বন্ধ না হওয়ায় বুধবার বিক্ষোভ মিছিল নিয়ে মাঠে গিয়ে মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। এরশাদ সরকারের আমলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মাঠটি ব্যবহার করা হয়। ২০২২ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পর থেকে মাঠটি ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। সম্প্রতি সেখানে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে এর প্রতিবাদেও আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের ভাষ্য, ৮৭ একরের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও মাঠপর্যায়ের ব্যবহারিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এ অবস্থায় পুরোনো গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি। একই সঙ্গে সেখানে মেলার আয়োজন বন্ধেরও দাবি জানিয়ে আসছেন তাঁরা।


গতকাল বুধবারের ভাঙচুরের ঘটনায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল নষ্ট ও নিয়ে যাওয়ার অভিযোগে মেলা কর্তৃপক্ষ শেরেবাংলা নগর থানায় একটি অজ্ঞাতনামা মামলা করেছে। 


বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে আছে। তবে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে না জড়াতে তাঁদের আহ্বান জানানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত রাখার চেষ্টা করছে প্রশাসন।


এর আগে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। তবে প্রশাসনিকভাবে মাঠ পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এ বিষয়ে গঠিত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী। সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন।


মঙ্গলবার (২৭ অক্টোবর) পশুপালন অনুষদের গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন মো. মাসরুল আহাসান এবং সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) আশিকুর রহমান কৌশিক। সাংগঠনিক সম্পাদক মো. জুবাইর বিন ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন। দপ্তর সম্পাদক মো. শোয়েব আখতার এবং অর্থ সম্পাদক আসিফ ইকবাল।


বিতর্কবিষয়ক সম্পাদক (বাংলা) হয়েছেন মাহিমা চৌধুরী সানজা। এ বিভাগে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাদ্বীনা খাতুন মুগ্ধ ও ই কে এম আহসান হাবীব সরকার। ইংরেজি বিতর্কবিষয়ক সম্পাদক হয়েছেন মো. গোলাম সাকলায়েন আনাস এবং সহ-সম্পাদক হয়েছেন মো. গোলাম সোলায়মান অপি ও শিফা রহমান।


এ ছাড়া মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাদ আল নাহিয়ান, পাঠাগার সম্পাদক সামিয়ান খান সাজিন, সাহিত্য সম্পাদক সাদিয়া আফরিন রিয়া, আর্কাইভ সম্পাদক মো. মশিউল আজম সাগর এবং পৃষ্ঠপোষকতা ও সমন্বয়বিষয়ক সম্পাদক হয়েছেন এ টি এম তাহমিদ।


অনুষদ সমন্বয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা আবদুল্লাহ কামাল ও এস. এম. জামিল হোসেন। হল সমন্বয় সম্পাদক সিদরাতুল মুনতাহা ও মুশফিকুর ইবনে জাহিদ। কর্মশালাবিষয়ক সম্পাদক চৌধুরী শারিকা ত্ব-সীন, ফটো ও গ্রাফিক্সবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মুকিত, প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান, পরিবেশ সম্পাদক আফিফ হুসাইন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ফারহান তানভীর লাবীব।


কমিটির অন্যান্য পদে তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, অনুষ্ঠান সম্পাদক আফসানা খান, গবেষণা ও উন্নয়ন সম্পাদক নাহিয়ান আবরার অমিও, প্রকাশনা ও সাময়িকী সম্পাদক সোহানা আফরোজ বৃষ্টি, সংস্কৃতি সম্পাদক মোছা. ঈশিতা আক্তার, প্রেস ও মিডিয়া সম্পাদক হোছাইন মো. মুহতারিম ছোয়াদ, আন্তর্জাতিক সম্পাদক এস. এম. নাঈম, লজিস্টিক সম্পাদক শাফায়াত হোসেন নিহন, আপ্যায়ন সম্পাদক সাবিদুর রহমান সেজান এবং গণসংযোগ সম্পাদক হয়েছেন সুমাইয়া আক্তার শিমু।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ ১০ জন শিক্ষার্থী। এ ছাড়া হল প্রতিনিধি হিসেবে ১৪ জন, অনুষদ প্রতিনিধি হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তিনজনসহ মোট ১০ জন এবং সাধারণ সদস্য হিসেবে ১৩ জন শিক্ষার্থী কমিটিতে রয়েছেন।


নতুন কমিটির লক্ষ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান মুবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জনকে তাঁরা অগ্রাধিকার দেবেন। শিগগিরই ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নবীনদের মধ্যে যুক্তিবাদী চিন্তার প্রসার এবং পরিশীলিত বিতার্কিক গড়ে তুলতে সংগঠনটি কাজ করবে।


জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের পরিবেশনা। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে।


বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে।


সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত হবে।


এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।


দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস।


বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনেক শিক্ষার্থী।


এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


অধ্যাপক ড. নাছির আহমদ

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 


অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 


নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”


উল্লেখ্য, আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৪৬ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় বুধবার (২৮ অক্টোবর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার জন্য নির্মিত গেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা।


বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।




আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘মেলা সরিয়ে নেওয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এ জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’


এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’




বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এর আগে মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে মেলার আয়োজন বন্ধ করতে হবে।