রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনের নির্ধারিত তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। এর আগে গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানিয়েছিলেন, আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ ও শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হবে। তাই দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুতির প্রত্যাশা তৈরি হয়েছে।
অগ্নিনির্বাপক যন্ত্র।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে অগ্নিনিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র। তবে এসব যন্ত্রের ব্যবহারবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাসামগ্রী থাকার পরও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হল ঘুরে দেখা যায়, ভবনগুলোর করিডোর ও সিঁড়ির পাশে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। তবে এসব যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পর্যাপ্ত ধারণা নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যন্ত্র স্থাপন করা হলেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তোলা হয়নি। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বড় পরিসরে ব্যবহারিক মহড়া কিংবা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়নি। ফলে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণে আনার মতো দক্ষতা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে তাদের।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে মেঝেতে পড়ে গিয়ে আহত হন এক নারী শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের কেউই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম জানতেন না। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আগুন জ্বলতে থাকার পর একজন মেকানিক এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, দোলনচাঁপা হলের সার্বিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। খাবার ও আবাসিক সুযোগ-সুবিধার সংকটের পাশাপাশি এবার সামনে এসেছে অগ্নিনিরাপত্তার ভয়াবহ ঘাটতি। হলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশ জানেন না সেটি কীভাবে ব্যবহার করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ বিষয়ে শিক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো কার্যকর প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচির ব্যবস্থাও নেই। কয়েকদিন দিন আগের অগ্নিকাণ্ডে এই অপ্রস্তুত অবস্থা স্পষ্ট হয়েছে। প্রশ্ন হলো, একটি আবাসিক হলে অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কেন থাকবে না? দুর্ঘটনা বলে-কয়ে আসে না; তাই শুধু নিরাপত্তাসামগ্রী স্থাপন নয়, সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা কিছুদিন আগে ফায়ার সার্ভিসের সহায়তায় একটি মহড়ার আয়োজন করেছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ে লোকবল বেশি হওয়ায় ওই মহড়ায় সবাইকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি দোলনচাঁপা হলে ঘটে যাওয়া ঘটনার পর হলটির প্রভোস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে সব হলের প্রভোস্টদের সমন্বয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমাদের দপ্তরের পক্ষ থেকেও একটি প্রশিক্ষণের আয়োজনের চেষ্টা করব।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্মেলনের প্রথম দিনেই প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিজিওনাল ইরাসমাস প্লাস ক্লাস্টার মিটিং অ্যান্ড কন্টাক্ট-মেকিং সেমিনার ফর এশিয়া, দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬’। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও গতিশীলতা সমন্বয়ক মশিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক।
সম্মেলনের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি নতুন অংশীদার খুঁজে বের করা এবং শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
মশিউর রহমান জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনার পাশাপাশি ভবিষ্যতে যৌথ প্রকল্প গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। এসব আলোচনাকে পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার চেষ্টা করা হবে।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা এবং একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে নোবিপ্রবিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ তারিখ ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সমাবর্তনের পূর্বের ঘোষিত তারিখ (২৪ জানুয়ারি) সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পূণ:নির্ধারণ করে দেয়া হয়েছে।
আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় উল্লেখিত সময় ও তারিখে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে একটি ইউনিট হিসেবে গণ্য করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক প্রদান করা হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক এবং অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, নোবিপ্রবি এ আয়োজনে সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪,২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানান। সভায় নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে তিন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন তিন বিভাগের তিন শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চারুকলা অনুষদের উদ্যোগে এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইনকিলাবের সৌজন্যে এ নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের মধ্যে থাকা শিল্পীসত্তার বিকাশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পকর্ম মানুষের ভাবনা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জনকে সহজে প্রকাশ করতে পারে। তাই শিল্পী ও শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষ চারুকলা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার কথা স্বতন্ত্রভাবে বিবেচনা করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যকে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রশাসন কাজ করছে।
চারুকলা অনুষদের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানেও চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও অনুষদটির সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চারুকলার বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জাতির গুরুত্বপূর্ণ অর্জন ও ঐতিহাসিক ঘটনাবলিকে শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে জাতীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলবেন এবং জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগ থেকে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ থেকে দেবব্রত ভৌমিক নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতীকী ছবি
স্বাধীন বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় 'ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'।
সময়ের পরিক্রমায় অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণ করেছে ইবি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় আলোক প্রোজ্জ্বলসহ বিভিন্ন কর্মসূচির পালনের মাধ্যমে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হয়। এছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়।