অন্যের নাম ব্যবহার করে, জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বিজিবিতে (পূর্বে বিডিআর) চাকরি করা সাবেক সিপাহী আকবর আলীকে দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে এর সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।’
সাজার তথ্য নিশ্চিত করে দুদকের আইনজীবী খন্দকার শামীম হোসেন বলেন, ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় তাকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন। তিনি বলেন, সেজন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।এদিকে, আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।
রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলে নেয়!’
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম।
তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।
এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।
অনুসন্ধানে আরো উঠে আসে, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মন্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।
এদিকে, সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও তিনি যোগদান করেননি। এমনকি ওই ব্যক্তি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাসও করেননি। জাহাঙ্গীর আলম নিজেও দুদকের কাছে একই তথ্য দেন এবং তার পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি জানান।
অনুসন্ধানে এসব তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র।
গত বছরের ১০ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো।
বুধবার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেছেন, এ মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি শুরু
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর লাশের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়, যাতে মরদেহ পানিতে ভেসে উঠতে না পারে।
তিনি বলেন, আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়, কার কী ভূমিকা ছিল এবং কীভাবে পুরো ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাদের বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, মামলাটিতে হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।
তিনি বলেন, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণ, হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেয়ার বিষয়গুলো উঠে এসেছে। তাদের বক্তব্যে বলা হয়েছে, প্রথমে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে আরও দুজন তাদের দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। তারেক সাঈদের নির্দেশে সাতজনকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেটে ইট ঢুকিয়ে ও বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছিল। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।
জিয়াউল আহসানের ভূমিকা সম্পর্কে ব্যারিস্টার অনীক আর হক বলেন, তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।
তারেক সাঈদের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগদান করেন তারেক সাঈদ। র্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি নিতে হতো। র্যাবের কোনো ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের নিজ উদ্যোগে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।
জবানবন্দিতে তারেক সাঈদ আরও বলেন, ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। তার নামের পাশে বিশেষ চিহ্ন দেয়া ছিল এবং তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা ছিল। পরবর্তী সময়ে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকা জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।
অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া কোনো অভিযান পরিচালনার সুযোগ ছিল না। সাত খুনের ঘটনায় তার ভূমিকা ও দায়িত্বের বিষয়টিও আসামির জবানবন্দিতে উঠে এসেছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন কথা বলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, এই মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার। আদালতের ব্যস্ততা ও বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো হলো- নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা। এসব মামলার শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের সাজা কার্যকর হওয়ার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আরও জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরা হবে।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে আজ বুধবার। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর.ও.জি.-১ মো. আরিফ হোসেনসহ অন্যরা বনাম রাষ্ট্র মামলাটির শুনানির প্রথম দিন আংশিক শুনানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
প্রথম দিনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ অনীক রুশদ হক। শুনানিতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
এ মামলায় ২২টি ক্রিমিনাল আপিল ও ১৬টি ক্রিমিনাল পিটিশন একসাথে শুনানি হচ্ছে। মামলা সংশ্লিষ্ট নথিতে মোট ১৪২টি ভলিউম রয়েছে যার সম্মিলিত পৃষ্ঠা সংখ্যা ৮৩ হাজার ১৭২।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ মামলার ৩৫ জন আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পাঠানো হয়।
পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেন। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় দেন। হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আসামিরা আপিল ও অন্যান্য আবেদন করেন। এসব আপিল ও আবেদন নিষ্পত্তির জন্য আজ আপিল বিভাগে মামলাটির শুনানি শুরু হলো।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়।বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বলা হয়েছে, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাদীর অভিযোগ।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদীয় হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
প্রথমে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হলেও আজ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সকালে জানিয়েছিল, তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলাটি ডিবি তদন্ত করছে।
তবে পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আদালতে আসলামকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।
রিমান্ড আবেদনে ডিবি পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হতে পারেন এবং আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
যেভাবে খুন হয়েছিলেন টিটন
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ।
২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম ছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে।
টিটন হত্যা মামলার অভিযোগ ও বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন টিটন। কারামুক্তির পর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মুঠোফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলতেন তিনি। বড় ভাইয়ের কাছে অনুতপ্ত হয়ে টিটন বলতেন, ‘বড় ভাই, আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি। এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।’
স্বাভাবিক জীবনে ফেরার সেই চেষ্টার মধ্যেই ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন বলেছিলেন, ইনশা আল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন। কিন্তু বছিলা গরুর হাটের ইজারার শিডিউল (দরপত্র) নিয়ে তাঁর সঙ্গে বিরোধ বাধে। পরে ২৬ এপ্রিল রিপনকে ফোন দিয়ে টিটন জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙারি রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তাঁর ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাঁর ভাইকে জানান, তাঁরা তাঁকে ডাকছেন এবং উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন।
তবে সেই সমঝোতা আর হয়ে ওঠেনি। পরদিন ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে বড় ভাই রিপন জানতে পারেন, নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তাঁর ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে টিটন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার বহু আগেই নাহিদ রাজনীতি ও সব পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স কিংবা ধৈর্য তার নেই।
আইনজীবী বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’
রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেন।বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি।এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ছবি: সংগৃহীত
শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে অভিভাষণে প্রধান বিচারপতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে সতর্ক করে বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, 'বিচারিক কাজে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না।'
তিনি বলেন, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজের হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাও দেন প্রধান বিচারপতি।
আজ শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টি করা প্রয়োজন। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। কেইস এবং কোর্ট ব্যাবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া প্রত্যেক জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
কাদের মোল্লার রায় নিয়ে গণমাধ্যমে প্রধান বিচারপতির মন্তব্য অসত্য: সুপ্রিম কোর্ট
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টে চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপীল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ। বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।