দিনের সমস্ত ক্লান্তি দূর করে ঘুম মানুষের শরীরকে আবারও প্রাণবন্ত করে তোলে। এটি মহান আল্লাহ তা’য়ালার অশেষ নেয়ামতগুলোর মধ্যে একটি। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।’ (সুরা ফুরকান, আয়াত: ৪৭)
পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)। তবে ঘুমন্ত অবস্থায় মানুষ অবচেতনভাবে নানা কাল্পনিক ঘটনা অনুভব করে থাকে, যাকে আমরা স্বপ্ন বলে অবহিত করে থাকি। এ ক্ষেত্রে স্বপ্নকে দুইভাবে ব্যাখ্যা করা হয়। একটি হলো الرُّؤْيَا (আর-রুউয়া) বা ভালো স্বপ্ন এবং অপরটি الْحُلْمُ (আল-হুলমু) বা দুঃস্বপ্ন কিংবা খারাপ স্বপ্ন।
হাদিসে এসেছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। (সহিহ বুখারি, হাদিস: ৬৫১৫, ৬৫৩৩)। এজন্য রাসুল (সা.) দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে উম্মতদের মহান রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আবার কোনো কোনো হাদিসে খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে তিনবার থুথু ফেলার কথাও এসেছে। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪৫৩)
আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ভালো স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, আর দুঃস্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। কাজেই কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে, তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আর এর অনিষ্ট থেকে যেন আল্লাহর কাছে পানাহ চায়। ফলে তা তার কোনো ক্ষতি করবে না। (সুনান আত তিরমিজি, হাদিস: ২২৮০)
এ ক্ষেত্রে ঘুমের মধ্যে অনেক সময় মানুষ স্বপ্নে মৃত বাবা-মা কিংবা পরিচিত কাউকে ডাকতে দেখেন। কেউ কেউ আবার নিজের কিংবা আত্মীয়-স্বজনদের কারও মৃত্যুও দেখে থাকেন। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই এমন শোনা যায় যে, স্বপ্নে মৃত কাউকে ডাকতে দেখা কিংবা নিজের মৃত্যু দেখার অর্থ কাছের কেউ বা পরিচিত কেউ মারা যাবে। এমন স্বপ্ন আসলেই কি এই ইঙ্গিত দেয়?
আলেমদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান মানুষকে নাজেহাল করতে খারাপ স্বপ্ন দেখায়। অযথাই মানুষকে ভয়ংকর কিছু দেখায় পেরেশানি বা দুশ্চিন্তায় রাখতে। তবে কেউ খারাপ স্বপ্ন দেখলে সেটি আল্লাহওয়ালা ব্যক্তি বা আলেম কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানেন- এমন কাউকে ছাড়া অন্যদের বলার ক্ষেত্রে নিষেধ রয়েছে।
ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, স্বপ্নে কাউকে ডাকতে দেখা কিংবা নিজের মৃত্যু দেখলেই যে কেউ মারা যাবে, বিষয়টি এমন নয়। হতে পারে স্বপ্নে কেউ নিজের মৃত্যু দেখলো, অথচ বাস্তবে তার হায়াত (আয়ু) বাড়বে। এ কারণে যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন, এমন কারও কাছেই একমাত্র স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত।
জনপ্রিয় এই ইসলামিক স্কলারের ভাষ্য, যে স্বপ্ন দেখার পর নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, এমন মনে হয় যে স্বপ্নে খারাপ কিছুর ইঙ্গিত পেয়েছেন- এমন স্বপ্ন কাউকে বলা উচিত নয়। এমন হলে বেশি বেশি ইস্তিগফারের পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া উচিত। সেই সঙ্গে সম্ভব হলে তৎক্ষণাৎ বাম পাশে তিনবার থুথু ফেলার পাশাপাশি দুই রাকাত সালাত আদায় করা যেতে পারে বলেও মত শায়খ আহমাদুল্লাহর।
মনে রাখতে হবে, আবু রাযীন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের স্বপ্ন হয় নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ। যতক্ষণ পর্যন্ত এ বিষয় কারও সঙ্গে আলোচনা না করে, ততক্ষণ তা পাখির পায়ের ঝুলন্ত জিনিসের মতো। কিন্তু কারও সঙ্গে আলোচনা করে ফেললে (প্রদত্ত তা’বীর অনুসারেই বা স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা অনুসারে) তা ঘটে যায়। (সুনান আত তিরমিজি, হাদিস: ২২৮২)
এ ছাড়াও ভয়ংকর দুঃস্বপ্ন দেখার ক্ষেত্রে হাদিসে একই কথা হাদিসে এসেছে। আবু সালামা (রহ.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি আবু কাতাদা (রা.) কে বলতে শুনেছি, তিনি এমন স্বপ্ন দেখতেন যা তাকে রোগাক্রান্ত করে ফেলত। অবশেষে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেন- ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন এমন ব্যক্তির কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। আর যখন অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে, তখন যেন সে এর ক্ষতি ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায় এবং তিনবার থু থু ফেলে আর সে যেন তা কারও কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। (সহিহ বুখারি, হাদিস: ৬৫৬৮)
ছবি : সংগৃহীত
পবিত্র কোরআন মহান আল্লাহর নাজিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থ। এটি মানবজাতির জন্য হেদায়েত, রহমত ও জীবন পরিচালনার পূর্ণাঙ্গ নির্দেশনা। কোরআন পাঠ করা একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে মানুষ আল্লাহর বাণী পাঠ করার পাশাপাশি আত্মিক প্রশান্তি লাভ করে, ইমানকে দৃঢ় করে এবং সৎপথে চলার অনুপ্রেরণা পায়। কোরআন পাঠের উপকারিতা ও ফজিলত অপরিসীম।
১. প্রতিটি অক্ষরে পুণ্য লাভ হয়
কোরআন পাঠের একটি বিশেষ ফজিলত হলো, এর প্রতিটি অক্ষর পাঠের বিনিময়ে নেকি লাভ হয়। এটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ অনুগ্রহ।
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, তার জন্য এর বিনিময়ে একটি নেকি (পুণ্য) রয়েছে। আর একটি নেকি দশ গুণ বৃদ্ধি করা হয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৯১০)
২. ইমান বৃদ্ধি করে
পবিত্র কোরআন আল্লাহর বাণী। এর আয়াত পাঠ ও অর্থ অনুধাবনের মাধ্যমে আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, রহমত এবং পরকাল সম্পর্কে মানুষের উপলব্ধি গভীর হয়। ফলে ইমান দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও আনুগত্য বৃদ্ধি পায়।
কোরআনে আল্লাহ–তায়ালা মুমিনদের গুণ বর্ণনা করে বলেন, ‘আর যখন তাদের কাছে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)
তাই কোরআন পড়া নিছক মৌখিক ইবাদত নয়; বরং এটি অন্তরকে পরিশুদ্ধ করা, ইমানি চেতনা জাগ্রত রাখা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করারও গুরুত্বপূর্ণ মাধ্যম।
৩. সঠিক পথের সন্ধান দেয়
জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে নানা সিদ্ধান্ত নিতে হয়। কোনটি ন্যায়, কোনটি অন্যায়; কোন পথে রয়েছে কল্যাণ আর কোন পথে রয়েছে ক্ষতি—এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান।
পবিত্র কোরআন মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা দেয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথের নির্দেশনা দেয়, যা সর্বাধিক সরল।’ (সুরা ইসরা, আয়াত: ৯)
৪. অন্তরে প্রশান্তি আনে
দুশ্চিন্তা, হতাশা ও অনিশ্চয়তা মানুষের মনকে প্রায়ই অস্থির করে তোলে। জীবনের নানা সংকটের মধ্যে মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আল্লাহর বাণী পাঠ করা মুমিনের অন্তরে সান্ত্বনা জোগায় এবং আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় করতে সাহায্য করে।
মহান আল্লাহ বলেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ, আয়াত: ২৮)
কোরআন পড়া আল্লাহর স্মরণের অন্যতম মাধ্যম। এর আয়াত মানুষকে আল্লাহর রহমত, ক্ষমা ও প্রজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়। কোরআনের শিক্ষা থেকে মানুষ বিপদে ধৈর্যধারণ, সুখে কৃতজ্ঞ থাকা এবং কঠিন সময়েও আশাবাদী থাকার অনুপ্রেরণা পায়।
৫. পরকালে সুপারিশ করবে
কোরআন পাঠের ফজিলত শুধু দুনিয়ার জীবনে সীমাবদ্ধ নয়; আখেরাতেও রয়েছে এর বিশেষ মর্যাদা। কেয়ামতের কঠিন দিনে মানুষ যখন নিজের মুক্তির উপায় খুঁজবে, তখন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে।
এ বিষয়ে রাসুল (সা.) উম্মতকে সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা কোরআন পড়ো। কেননা, কেয়ামতের দিন এটি তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮০৪)
তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়মিত কোরআন পড়া এবং এর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। পাশাপাশি কোরআনের অর্থ বোঝা, এর নির্দেশনা অনুসরণ করা এবং নিজের জীবনকে কোরআনের শিক্ষা অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করাও জরুরি।
পরকালের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার অন্যতম। আল্লাহ বলেন, ‘প্রকৃত পুণ্যবান সে, যে ইমান আনে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি...।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৭)
কেয়ামতের দিন মানুষের সামনে যে ঘটনাগুলো ঘটবে, তার মধ্যে অন্যতম হলো হিসাব-নিকাশ এবং বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য প্রদান। সেদিন মানুষের নিজের কাজই তার সামনে উপস্থিত হবে। এমনকি তার চারপাশের কিছু সৃষ্টি এবং নিজের অঙ্গপ্রত্যঙ্গও তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে।
পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের দিনের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবী দেবে তার সাক্ষ্য
মানুষ যে জমিনের ওপর বসবাস করে, যে মাটিতে চলাফেরা করে এবং যে জায়গায় সেজদা করে—কেয়ামতের দিন সেই পৃথিবীও তার বুকে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দেবে।
আল্লাহ বলেন, ‘সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, আপনার রব তাকে নির্দেশ দেবেন।’ (সুরা জিলজাল, আয়াত: ৪-৫)
এ আয়াতের ব্যাখ্যায় মহানবী (সা.) বলেছেন, পৃথিবী তার ওপর সংঘটিত প্রতিটি কাজের সাক্ষ্য দেবে। অর্থাৎ মানুষ পৃথিবীর যে অংশে যে কাজ করেছে, পৃথিবী তা বর্ণনা করবে। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪২৯)
তাই মসজিদের মেঝে, সেজদার স্থান কিংবা নির্জন কোনো জায়গা—কোনো স্থানই মানুষের আমলের ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। আজ যে জমিনে দাঁড়িয়ে মানুষ পাপ কিংবা পুণ্য করছে, কাল সেই জমিনই তার সাক্ষী হয়ে দাঁড়াবে।
২. নিজের অঙ্গপ্রত্যঙ্গ দেবে সাক্ষ্য
মানুষের হাত দিয়ে কত অন্যায় সংঘটিত হয়, পা দিয়ে কত পাপের পথে চলা হয়, চোখ দিয়ে কত নিষিদ্ধ দৃশ্য দেখা হয়, কান দিয়ে কত অন্যায় কথা শোনা হয়! মানুষ মনে করে, এসব কাজের কোনো সাক্ষী নেই। কিন্তু কেয়ামতের দিন তার নিজের অঙ্গপ্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
আল্লাহ বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৬৫)
অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের কান, চোখ ও চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা বলবে, আল্লাহ তাদের বাকশক্তি দান করেছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দান করেছেন। (সুরা ফুসসিলাত, আয়াত: ২০-২১)
একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি নিজের অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য অস্বীকার করতে চাইলে আল্লাহ তার অঙ্গগুলোকে কথা বলার অনুমতি দেবেন। তখন তার অঙ্গপ্রত্যঙ্গ তার কৃতকর্মের বিবরণ দেবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৯৬৯)
৩. আমল লিপিবদ্ধকারী ফেরেশতারা দেবেন সাক্ষ্য
মানুষের প্রতিটি কথা ও কাজ সংরক্ষণের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। মানুষ প্রকাশ্যে কিংবা গোপনে যা-ই করুক, তাঁদের কাছ থেকে তা আড়াল থাকে না।
আল্লাহ বলেন, ‘অবশ্যই তোমাদের ওপর নিয়োজিত রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতারা, সম্মানিত লেখকবৃন্দ। তাঁরা জানেন তোমরা যা করো।’ (সুরা ইনফিতার, আয়াত: ১০-১২)
কেয়ামতের দিন এসব ফেরেশতা মানুষের আমলনামা নিয়ে উপস্থিত হবেন। আল্লাহ বলেন, ‘আর শিঙায় ফুঁ দেওয়া হবে। সেটিই হবে প্রতিশ্রুত দিনের সময়। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন চালক ও একজন সাক্ষী।’ (সুরা কাফ, আয়াত: ২০-২১)
তাফসিরবিদদের ব্যাখ্যা অনুযায়ী, একজন ফেরেশতা মানুষকে হাশরের ময়দানে নিয়ে যাবেন এবং অন্যজন তার আমলের সাক্ষ্য দেবেন।
৪. নবী-রাসুল ও উম্মত দেবেন সাক্ষ্য
কেয়ামতের দিন নবী-রাসুলগণ তাঁদের উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন। নবীজিও তাঁর উম্মতের সাক্ষী হবেন। আল্লাহ বলেন, ‘অতঃপর যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব, তখন কী অবস্থা হবে?’ (সুরা নিসা, আয়াত: ৪১)
এমনকি অন্য নবীর উম্মতের বিরুদ্ধেও এ উম্মতের ন্যায়পরায়ণ ব্যক্তিরা সাক্ষ্য দেবেন।
কেয়ামতের দিন নুহ (আ.)-কে জিজ্ঞাসা করা হবে, তিনি তাঁর উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন কি না। তিনি বলবেন, হ্যাঁ। তখন তাঁর উম্মত তা অস্বীকার করবে।
নবী নুহের পক্ষে মুহাম্মদের উম্মত সাক্ষ্য দেবে যে তিনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪৮৭)
৫. সর্বশ্রেষ্ঠ সাক্ষী হবেন আল্লাহ
সব সাক্ষীর ঊর্ধ্বে রয়েছেন মহান আল্লাহ। তিনি মানুষের প্রকাশ্য-গোপন সবকিছু জানেন। কোনো সাক্ষীর প্রয়োজন ছাড়াই তিনি সব কাজের খবর রাখেন। তবে কেয়ামতের দিন তিনি নিজেই সাক্ষ্য দেবেন যে তাঁর বান্দারা কী করেছে এবং কে সত্যের ওপর ছিল।
আল্লাহ বলেন, ‘বলুন, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোন বস্তু সর্বাধিক বড়? বলুন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী।’ (সুরা আনআম, আয়াত: ১৯)
অন্য আয়াতে তিনি বলেন, ‘বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৯৬)
সাক্ষীদের সামনে দাঁড়ানোর প্রস্তুতি
দুনিয়ায় মানুষ সাক্ষী লুকাতে পারে, প্রমাণ নষ্ট করতে পারে, সত্যকে আড়াল করতে পারে। কিন্তু কেয়ামতের দিন পৃথিবী, নিজের অঙ্গপ্রত্যঙ্গ, আমল সংরক্ষণকারী ফেরেশতা, নবী-রাসুল এবং স্বয়ং আল্লাহর সাক্ষ্যের সামনে অস্বীকারের কোনো সুযোগ থাকবে না, মিথ্যা অজুহাতও কাজে আসবে না।
তাই বুদ্ধিমানের কাজ হলো, কেয়ামতের দিনের এই সাক্ষীদের কথা স্মরণ রেখে দুনিয়ার জীবন পরিচালনা করা।
যে হাত দিয়ে আল্লাহর অবাধ্যতা করা হয়, সেই হাতই একদিন সাক্ষ্য দেবে। যে চোখ গোপনে পাপের দৃশ্য দেখে, সেই চোখও একদিন কথা বলবে। আর যে পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ পাপ করে, সেই পৃথিবীও তার কৃতকর্মের বিবরণ দেবে।
নিজে নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের নামাজের প্রতি আহ্বান করা পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তার ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)
তবে পরিবারের অন্য সদস্য—যেমন ভাইবোন বা সন্তানদের নামাজের নির্দেশ দেওয়া যতটা সহজ, মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া ততটাই সংবেদনশীল। ইসলামে মা-বাবার স্থান সবার ওপরে।
তাই তাঁদের কোনো ভুল শুধরে দেওয়া বা নেক কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিষ্টাচার ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া মুমিনের দায়িত্ব। মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো।
সম্মানজনক ভাষার ব্যবহার
মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র। কোনো অবস্থাতেই তাঁদের শিক্ষক বা মুরব্বি সাজার চেষ্টা করা যাবে না। কোরআনের নির্দেশ হলো, ‘আর তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)
পিতা আজরকে ইমান ও ইবাদতের দাওয়াত দেওয়ার সময় নবী ইব্রাহিমের ভাষা ছিল মধুর। তিনি বারবার ‘হে আমার প্রিয় পিতা’ বলে সম্বোধন করেছেন। (সুরা মারইয়াম, আয়াত: ৪২-৪৫)
ইমাম কুরতুবি লিখেছেন, পিতা-মাতাকে সৎকাজের আদেশ দেওয়া বা অন্যায় থেকে বারণ করার সময় সন্তানের ভাষা হতে হবে খুবই বিনয়ী; কোনো অবস্থাতেই রূঢ় আচরণ বা তিরস্কার করা যাবে না, বরং তাঁরা দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানালে বা রাগ করলেও সন্তানকে নীরব ও শ্রদ্ধাশীল থাকতে হবে। (আল-কুরতুবি, আল-জামি লি–আহকামিল কুরআন, ১১ত/৯৫, দারুল কুতুব আল-মিসরিয়্যাহ, কায়রো, ১৯৬৪)
সুন্দর চরিত্রের মাধ্যমে উপস্থাপন
মানুষ কথার চেয়ে কাজের দ্বারা বেশি প্রভাবিত হয়। সন্তান যখন নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের কারণে তার চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে, তখন মা-বাবা প্রাকৃতিকভাবেই প্রভাবিত হবেন।
সন্তান যদি নামাজের পাশাপাশি মা-বাবার সেবায় আগের চেয়ে বেশি যত্নবান হয়, তখন তাঁরা উপলব্ধি করবেন যে নামাজই তাঁর সন্তানকে এত সুন্দর মানুষে পরিণত করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই উত্তম চরিত্রই হলো শ্রেষ্ঠ নেক আমল।’ (মুসনাদে আহমদ, হাদিস: ৮৯৫২)
সুন্দর চরিত্রই হলো সবচেয়ে শক্তিশালী নীরব দাওয়াত।
ঘরে ধর্মীয় পরিবেশ তৈরি করা
সরাসরি নামাজের কথা বললে মা-বাবার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। তাই কৌশলগত পদ্ধতি অবলম্বন করা বেশ কার্যকর। যেমন—আজান শুনলে আওয়াজ করে আজানের জবাব দেওয়া বা কোরআন পাঠ করা।
অনেক সময় সন্তানের জায়নামাজে বসে মোনাজাত করা দেখে মা-বাবার হৃদয়ও গলে যায়। এ ছাড়া তাঁদের বলতে পারেন, ‘মা, ফজরের সময় আমাকে একটু ডেকে দিয়ো।’
এর মাধ্যমে তাঁদের মনে নামাজের সময় সম্পর্কে একধরনের দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে।
তাদের জন্য দোয়া করা
কারও অন্তরে সুপথের আলো দেওয়া একমাত্র মহান আল্লাহর হাতে। মহানবী (সা.) চাইলেও তাঁর প্রিয় চাচা আবু তালিবকে ইমান আনানোর তওফিক পাননি। তাই মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার পাশাপাশি শেষরাতে তাদের জন্য প্রার্থনা করা বেশি জরুরি।
কোরআনে একটি চমৎকার দোয়া শেখানো হয়েছে, ‘হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৪০)
ইবনুল কাইয়িম আল-জাওজিয়া লিখেছেন, মানুষের অন্তর আল্লাহর আঙুলগুলোর মধ্যে থাকে; তাই বাহ্যিক চেষ্টার চেয়ে আল্লাহর কাছে গভীর রাতের দোয়া অনেক বেশি জাদুকরি প্রভাব ফেলে এবং মানুষের অন্তরে দ্রুত পরিবর্তন আনে। (আল-জাওজিয়া, মাদারিজুস সালিকিন, ১/২৩৫, দারুল কিতাব আল-আরাবি, বৈরুত, ১৯৯৬)
ধৈর্য ধারণ ও তর্ক না করা
মা-বাবাকে একবার বা দুবার বলেই হাল ছেড়ে দেওয়া যাবে না। আবার তাঁরা যদি নামাজের কথা শুনে বিরক্ত হন বা বকাঝকা করেন, তবে তাঁদের সঙ্গে কোনোভাবেই তর্ক করা যাবে না।
ইসলামে শিরক বা কুফরের নির্দেশ ছাড়া মা-বাবার অন্য সব কথা মানার নির্দেশ থাকলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো সুযোগ নেই।
আল্লাহ বলেন, ‘আর যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করতে পীড়াপীড়ি করে, যার কোনো জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মেনো না; কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ভাবে বসবাস করো।’ (সুরা লুকমান, আয়াত: ১৫)
মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া একটি দীর্ঘমেয়াদি ও ভালোবাসাপূর্ণ প্রক্রিয়া। জোরজবরদস্তি বা তর্কের মাধ্যমে নয়, বরং অকৃত্রিম ভালোবাসা, নিরবচ্ছিন্ন সেবা এবং আল্লাহর কাছে অবিরাম প্রার্থনার মাধ্যমেই তাঁদের হৃদয়কে নামাজের প্রতি আকৃষ্ট করা সম্ভব।
ছবি : সংগৃহীত
ইসলামে খাদ্য ও পানীয় গ্রহণের বিষয়টি মুমিনের ইমান, চরিত্র ও ইবাদত কবুল হওয়ার সঙ্গে সরাসরি জড়িত। রাসুল (সা.) সতর্ক করেছেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম ভক্ষণকারীর দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। ইসলামি আইনশাস্ত্রের মূলনীতি হলো—পৃথিবীর সব বৈধ, পবিত্র ও স্বাস্থ্যকর খাবার মানুষের জন্য হালাল; শুধু সেসব খাবারই নিষিদ্ধ (হারাম) করা হয়েছে, যেগুলো মানুষের শরীর, মস্তিষ্ক ও আত্মার জন্য ক্ষতিকর এবং যেগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।
১. পবিত্র কোরআনে নিষিদ্ধ চারটি মৌলিক বস্তু
পবিত্র কোরআনের একাধিক আয়াতে (সুরা বাকারা, আয়াত: ১৭৩; সুরা মায়িদা, আয়াত: ৩; সুরা আনআম, আয়াত: ১৪৫) চারটি বস্তুকে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে:
ক. মৃত প্রাণী: যেসব হালাল প্রাণী ইসলামি উপায়ে জবাই না হয়ে স্বাভাবিক রোগে, বার্ধক্যে বা দুর্ঘটনায় মারা যায়, সেগুলোর মাংস খাওয়া হারাম। এ ছাড়া সুরা মায়িদার ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে—গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম্ভব না হয়) খাওয়া নিষিদ্ধ।
তবে সমুদ্র বা নদীর মৃত মাছ এবং পঙ্গপাল (ফড়িং) এই নিষেধাজ্ঞার বাইরে; এগুলো জবাই ছাড়াই হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)
খ. প্রবাহিত রক্ত: জবাই করার সময় প্রাণীর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়ে বের হয়ে আসে, তা পান করা বা রান্না করে খাওয়া হারাম। তবে জবাইয়ের পর মাংসের ভেতরে লেগে থাকা সামান্য রক্ত এবং কলিজা ও প্লীহা (তিল্লি) খাওয়া সম্পূর্ণ হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)।
গ. শূকরের মাংস ও এর যেকোনো অংশ: শূকরের মাংস, চর্বি, হাড় বা শূকর থেকে তৈরি যেকোনো উপাদান (যেমন—শূকরের চর্বিযুক্ত জেলাটিন বা ইমালসিফায়ার) খাওয়া সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে একে ‘রিজস’ বা অপবিত্র বস্তু হিসেবে অভিহিত করা হয়েছে। (সুরা আনআম, আয়াত: ১৪৫)
ঘ. ভিন্ন নামে উৎসর্গকৃত প্রাণী: যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়ার পরিবর্তে কোনো দেব-দেবী, মূর্তি, পীর-বুজুর্গ বা অন্য কারও নামে জবাই বা উৎসর্গ করা হয়, তার মাংস খাওয়া হারাম।
এমনকি জবাইকারী মুসলমান হলেও যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে ‘বিসমিল্লাহ’ না বলেন, তবে হানাফি ও হাম্বলি ফিকহ অনুযায়ী সেই প্রাণীর মাংস খাওয়া বৈধ নয়। (সুরা আনআম, আয়াত: ১২১)
২. হিংস্র পশু ও শিকারি পাখি
সহিহ হাদিসে রাসুল (সা.) দুই শ্রেণির প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। এক. সব ধরনের দাঁতাল হিংস্র প্রাণী (যেমন—বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, নেকড়ে, শেয়াল, হাতি, বানর) এবং দুই. নখর দিয়ে শিকারকারী পাখি (যেমন—ঈগল, বাজপাখি, শকুন, পেঁচা, কাক) খাওয়া নিষিদ্ধ করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৩৪)
৩. গৃহপালিত গাধা, খচ্চর, কীটপতঙ্গ
খায়বার যুদ্ধের দিন রাসুল (সা.) গৃহপালিত গাধার মাংস খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৪২১৯)
তবে বন্য গাধা বা জেব্রার মাংস খাওয়া হালাল।
এ ছাড়া যেসব প্রাণী বা কীটপতঙ্গ স্বভাবগতভাবে অপবিত্র ও মানুষের কাছে ঘৃণিত (খাবায়িস)—যেমন ইঁদুর, সাপ, বিচ্ছু, টিকটিকি, তেলাপোকা, ব্যাঙ ও শামুক খাওয়া নিষিদ্ধ।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনি (নবী) তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং অপবিত্র ও ঘৃণিত বস্তুসমূহ হারাম করেন।’ (সুরা আরাফ, আয়াত: ১৫৭)
৪. সব ধরনের মাদকদ্রব্য
মানুষের বিবেক-বুদ্ধি লোপ করে দেয় বা নেশা সৃষ্টি করে এমন যেকোনো তরল বা কঠিন বস্তু—যেমন মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা বা আফিম খাওয়া ও পান করা সম্পূর্ণ হারাম।
রাসুল (সা.) একটি সর্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেছেন, ‘নেশা সৃষ্টি করে এমন প্রতিটি বস্তুই খামর (মদ), আর প্রতিটি নেশাজাতীয় বস্তুই হারাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০০৩)
অন্য হাদিসে তিনি বলেছেন, ‘যে বস্তুর অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণও হারাম।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৮১)
তবে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ বা চেতনানাশক (অ্যানেসথেশিয়া) ব্যবহার করা জায়েজ।
৫. বিষাক্ত ও ক্ষতিকর খাবার
যেকোনো বিষাক্ত পদার্থ, তামাক বা মাদকযুক্ত ক্ষতিকর দ্রব্য কিংবা যে খাবার খেলে মানুষের মৃত্যু বা মারাত্মক শারীরিক ক্ষতি হওয়ার নিশ্চিত আশঙ্কা থাকে, তা গ্রহণ করা হারাম।
পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
৬. অবৈধভাবে নেওয়া হালাল খাবার
খাবারটি মূলত হালাল হলেও (যেমন—ভাত, মাছ বা ফলমূল), যদি তা চুরি, ডাকাতি, ঘুষ, সুদ বা এতিমের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে অর্জিত হয়, তবে সেই খাবার খাওয়া হারাম।
হালাল বস্তুও যখন হারাম উপার্জন বা অন্যের অধিকার হরণের মাধ্যমে অর্জিত হয়, তখন তা ভক্ষণ করা বান্দার জন্য হারাম হয়ে যায় এবং ইবাদত কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৫/৯৯, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
জীবন বাঁচানোর তাগিদে জরুরি ব্যতিক্রম
ইসলাম মানবজীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যদি কোনো ব্যক্তি এমন চরম দুর্ভিক্ষ বা মরুভূমিতে আটকা পড়েন, যেখানে হালাল কোনো খাবার নেই এবং হারাম খাবার (যেমন—মৃত প্রাণী বা শূকরের মাংস) না খেলে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা তৈরি হয়, তবে শুধু প্রাণ বাঁচানোর প্রয়োজনটুকু (ক্ষুধা মেটানোর অতিরিক্ত নয়) খাওয়া আল্লাহ বৈধ করে দিয়েছেন। (সুরা বাকারা, আয়াত: ১৭৩)
পবিত্র ও হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তাই প্যাকেটজাত খাবার, প্রসাধনী বা ওষুধ কেনার সময়ও সেগুলোতে হারাম কোনো উপাদান (যেমন—অ্যালকোহল বা হারাম প্রাণীর চর্বি) মিশ্রিত আছে কি না, তা যাচাই করে নেওয়া একজন সচেতন মুমিনের কর্তব্য।
ব্যস্ত জীবনের হাহাকার আর হাজারো কাজের চাপে অনেক সময়ই আমাদের নামাজে সেই আগের মতো একাগ্রতা (খুশু) থাকে না। কাজের চিন্তা, সংসারের ঝামেলা কিংবা শারীরিক ক্লান্তি—সব মিলিয়ে নামাজ অনেক সময় কেবল একটি যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়। নিচে নামাজের সেই হারানো আধ্যাত্মিক স্বাদ ও গভীর মনোযোগ ফিরিয়ে আনার ৬টি কার্যকর উপায় আলোচনা করা হলো, যা আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য।
খুশু কী
খুশু মানে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নয়; এটি হলো অন্তরের এমন এক উপস্থিতি যেখানে আপনি অনুভব করবেন যে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। এটি হলো অন্তরের প্রশান্তি, আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধার এক অপূর্ব সংমিশ্রণ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নামাজ হলো আমার চোখের শীতলতা।” (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ৩৯৩৯)
নামাজে মনোযোগ ফিরিয়ে আনার উপায়
আপনার জীবন যেমনই হোক—অফিসের ব্যস্ততা, ব্যবসার চাপ কিংবা ঘরের কাজ—এই ধাপগুলো আপনাকে নামাজে আরও মনোযোগী হতে সাহায্য করবে:
১. মনকে শান্ত করার অভ্যাস করা
নামাজে দাঁড়ানোর ঠিক আগের মুহূর্তে হন্তদন্ত হয়ে জায়নামাজে না গিয়ে কিছুটা সময় নিজেকে স্থির করুন। গভীর শ্বাস নিন এবং দুনিয়াবি চিন্তাগুলো একপাশে সরিয়ে রাখার চেষ্টা করুন। শরীর ও মন শান্ত থাকলে নামাজে একাগ্রতা আনা অনেক সহজ হয়
২. নামাজের অর্থ বুঝে পড়া
আমরা নামাজে যা পড়ছি, তার অর্থ না জানলে মন এদিক-ওদিক ছুটে বেড়াবেই। সুরা ফাতিহা এবং ছোট ছোট সুরাগুলোর অর্থ অন্তত একবার ভালো করে বুঝে নিন। প্রতিটি ‘আল্লাহু আকবার’ বা ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বলার সময় সেটির মর্মার্থ হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন।
৩. পরিবেশ নিয়ন্ত্রণ ও সাহায্য নেওয়া
আপনার নামাজের জায়গায় যদি অনেক শব্দ বা বিশৃঙ্খলা থাকে, তবে মনোযোগ রাখা কঠিন। সম্ভব হলে নিরিবিলি জায়গায় নামাজ পড়ুন। যদি ঘরে ছোট শিশু বা অন্য কোনো কাজের চাপ থাকে, তবে পরিবারের অন্য কারো সাহায্য নিন যাতে ওই কয়েকটা মিনিট আপনি সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।
৪. নিজেকে অপরাধবোধ থেকে মুক্ত রাখা
অনেকে মনে করেন, “আমার নামাজে একদম মন বসে না, তাই হয়তো আমার ইবাদত কবুল হচ্ছে না।”
এই চিন্তা মানুষকে ইবাদত থেকে আরও দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ আর-রাহমান (পরম দয়ালু)। আপনি যে চেষ্টা করছেন, আল্লাহ সেটিই দেখছেন। নিজের অসম্পূর্ণতা নিয়েই আল্লাহর সামনে দাঁড়ান এবং তাঁর কাছেই সাহায্য চান।
৫. অস্থিরতাকেই দোয়ায় রূপান্তর করা
নামাজের পর মোনাজাতে আপনার মনের সব অস্থিরতা আল্লাহর কাছে খুলে বলুন। "হে আল্লাহ, আমার মন নামাজে স্থির থাকছে না, তুমি আমাকে সাহায্য করো।" আপনার এই অসহায়ত্ব প্রকাশই আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। আপনার জীবনের প্রতিটি সমস্যাকে নামাজের পর দোয়ার মাধ্যম বানান।
৬. কাজের মাঝে ইবাদত খোঁজা
আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমাদের নামাজের মনোযোগ সরিয়ে দেয় (যেমন: চাকরি, সন্তান পালন বা ঘরের কাজ), সেগুলোকে বোঝা মনে না করে আল্লাহর নেয়ামত হিসেবে দেখুন। এই কাজগুলোও যদি আপনি সঠিক নিয়তে করেন, তবে সেগুলোও ইবাদত। যখন আপনি আপনার পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, তখন নামাজে দাঁড়ানো আপনার কাছে বোঝা নয়, বরং পরম শান্তির মুহূর্ত মনে হবে।
শেষ কথা
নামাজের একাগ্রতা কোনো জাদুর মতো একদিনে আসবে না; এটি একটি নিরন্তর সাধনা। আপনার নামাজ যদি আজ একটু অগোছালোও হয়, তবুও হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার চেয়ে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে বেশি ভালোবাসেন।
মানুষ নিজের শরীরের প্রকৃত মালিক নয়, এটি আল্লাহর দেওয়া আমানত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)
যা আমানত, তার যত্ন নেওয়া দায়িত্বের অংশ। তাই সুস্থতার প্রয়োজন উপেক্ষা করা বা ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়া এই দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য নবীজি যে ৭টি গুরুত্বপূর্ণ সুন্নত বলে দিয়েছে, তা আলোচনা করা হলো:
১. ভারসাম্যপূর্ণ জীবন
নবীজি (সা.) এমন জীবনের শিক্ষা দিয়েছেন, যেখানে আত্মার পরিশুদ্ধির পাশাপাশি দেহের সুস্থতাও গুরুত্ব পায়। তিনি বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)
ইবাদতের নামে শরীরকে নিঃশেষ করে দেওয়া যেমন কাম্য নয়, তেমনি দেহের আরামের নামে আত্মিক কর্তব্য বিসর্জন দেওয়াও গ্রহণযোগ্য নয়।
২. খাদ্যে সংযম
সুস্থ জীবনের অন্যতম শর্ত খাদ্যাভ্যাসে সংযম। ইসলাম খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং শিখিয়েছে পরিমিতিবোধ। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)
রাসুল (সা.) বলেন, ‘আদমসন্তানের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)
অতিরিক্ত খাদ্য গ্রহণ স্থূলতা, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খাদ্যে সংযম শরীরকে সুস্থ রাখে এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়।
৩. পরিচ্ছন্নতা
পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি। আল্লাহ–তাআলা বলেন, ‘আপনার পোশাক পবিত্র রাখুন।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)
নবীজি (সা.) অজু ও গোসলের মাধ্যমে শরীর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)
ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবাতেও তিনি নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২)
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকাকেও ইসলাম সামাজিক পরিচ্ছন্নতার অংশ করেছে।
৪. রোগের আগেই সতর্ক থাকা
রোগ ও বিপদ থেকে বাঁচতে নবীজি আগেভাগেই সতর্ক হতে শিখিয়েছেন। সংক্রামক রোগের বিস্তার রোধে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারির প্রাদুর্ভাবের কথা শোনো, তখন সেখানে প্রবেশ করো না। আর কোনো এলাকায় মহামারি দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)
৫. চিকিৎসা গ্রহণ
অসুস্থ হলে চিকিৎসা নেওয়া ইসলামের শিক্ষারই অংশ। রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)
তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করাই ইসলামের নির্দেশনা। কেবল তাকদিরের অজুহাতে চিকিৎসায় নিষ্ক্রিয় থাকা ইসলামের শিক্ষা নয়।
৬. পর্যাপ্ত বিশ্রাম
শরীর ও মনের সুস্থতার জন্য কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও অপরিহার্য। আল্লাহ–তাআলা বলেন, ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)
একবার কয়েক সাহাবি নবীজির ইবাদত সম্পর্কে জেনে নিজেদের জন্য সারা রাত নামাজ পড়ার, সারা বছর রোজা রাখার সংকল্প করলেন।
বিষয়টি জানতে পেরে রাসুল (সা.) বললেন, ‘...আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই; নামাজ পড়ি, আবার ঘুমাইও এবং বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)
অর্থাৎ শরীরের প্রয়োজন উপেক্ষা করে ইবাদত বা পরিশ্রমে ডুবে থাকা সুন্নাহসম্মত নয়।
৭. ক্ষতিকর অভ্যাস বর্জন
মদ, মাদক ও তামাকজাতীয় দ্রব্যের আসক্তি শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে বিবেক ও সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
রাসুল (সা.) বলেছেন, ‘নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
এই নীতি আমাদের যুগের ধূমপানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা নিজের ও অন্যের ক্ষতির কারণ। তাই স্বাস্থ্যবিধ্বংসী সব আচরণ পরিহার করা সচেতন মুমিনের পরিচয়।
পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রশান্তি খুঁজে পায়।
সুস্থ শরীর এমন সম্পদ, যার মূল্য হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। শরীর সুস্থ থাকলে মানুষ দীর্ঘ সময় ইবাদত করতে পারে, উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করতে পারে। তাই শারীরিক সুস্থতার প্রতি লক্ষ রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব।