ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেফিয়াহ মার্চ করে ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৬ এএম

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় মিছিল। পরে ভিসি চত্বর, নীলক্ষেত তোরণ, পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া প্রদক্ষিণ করে ডাকসুর সামনে এসে শেষ হয়। কেফিয়াহ মার্চে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারত- এই দুই দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি ঢাকাকে বিশ্বের মানুষের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রয়েছে।

সেই অধিকার আদায়ে প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত। সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান তিনি।

সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ফিলিস্তিনের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। মিছিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক। 




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে ব্যবহার করা ছবিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে গুরুতর ভুল তথ্য দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে গুরুতর ভুল তথ্য দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের একটি ছবিতে ব্যবহৃত ব্যানারে ‘তাকে শেখ হাসিনার মা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ব্যানারে খালেদা জিয়াকে শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এমন গুরুতর ভুল নিয়েই ছাপানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের (২০২৭) ক্যালেন্ডার। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মেলনে অতিথিদের মধ্যেও বিতরণ করা হয়েছে এ ক্যালেন্ডার। বিষয়টি নজরে আসার পর ক্যালেন্ডার ছাপানো বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিতরণ করা ক্যালেন্ডারও ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ক্যালেন্ডারে কী ছিল?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে রয়েছে একটি কালো ব্যানার।

ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

এমনকি ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিবের’ পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়েও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ক্যালেন্ডারে এমন ভুলের ঘটনায় জনসংযোগ দপ্তরে কর্মরত উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এটি ওই কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্বে অবহেলার শামিল। অন্যদিকে জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকেই এ আদেশ কার্যকর হবে। এছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপ-পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ক্যালেন্ডার ফেরত নিচ্ছে বিশ্ববিদ্যালয়, চলছে তদন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের জন্য মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’ এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে প্রস্তুত, সম্পাদনা, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাশিত ছিল। দায়িত্বে অসচেতনতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে।

তদন্তে আরও কেউ দায়ী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো শিথিলতা বা নমনীয়তা প্রদর্শনের অবকাশ নেই বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।


  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৫ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে শিক্ষকসংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও ব্যবহারিক শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাত্র তিনজন শিক্ষকের পাশাপাশি বাইরের শিক্ষক দিয়ে চলছে প্রায় ১৫০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতাসম্পন্ন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


বিভাগটির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেখানে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ সম্পর্কে তাত্ত্বিক ধারণা পেলেও সেগুলো বাস্তবে প্রয়োগের সুযোগ সীমিত। পাঠ্যক্রমে ব্যবহারিক কোর্স থাকলেও পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে প্রত্যাশিতভাবে ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ক্যামেরা পরিচালনা, ভিডিও সম্পাদনা ও চলচ্চিত্র নির্মাণের মতো বিষয়ে হাতে-কলমে শেখার জন্য তাদের খণ্ডকালীন শিক্ষকদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু প্রয়োজন অনুযায়ী তাদের পাওয়া যায় না। ফলে একাডেমিক শিক্ষা শেষ করার পরও পেশাগত কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।


২০১৫-১৬ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা বিভাগটিতে বর্তমানে পাঁচটি শিক্ষাবর্ষে প্রায় ১৫০ শিক্ষার্থী রয়েছেন। প্রতিবছর ৩০ জন শিক্ষার্থী ভর্তি হন। বিভাগীয় সূত্রে জানা গেছে, প্রতিটি কোর্সে ব্যবহারিক অংশ বাধ্যতামূলক হলেও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছেন মাত্র তিনজন স্থায়ী শিক্ষক।


শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকটের কারনে চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক বিষয়গুলো শেখা কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াহিদা তাবাসসুম জয়ী বলেন, "আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে না পড়ে এখানে ভর্তি হয়েছি। আশা করেছিলাম, সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্রের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে পারব। কিন্তু মাস্টার্সে পড়ার পরও আজ পর্যন্ত কোনো চলচ্চিত্র বানাতে পারিনি বা সেই সুযোগ পাইনি। চার বছরের স্নাতকেও ব্যবহারিক কাজের কোনো প্রজেক্ট বরাদ্দ পাইনি।"


২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন আহমেদ বলেন, "একটি চলচ্চিত্র মানেই মূলত হাতে-কলমে কারিগরি কাজ, যেখানে দক্ষতা ও সৃজনশীলতার ছাপ থাকবে। কিন্তু এখানে থিওরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।"


একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাব্বি ইসলাম বলেন, ‘"থিওরি ও প্র্যাকটিক্যাল উভয় ক্ষেত্রেই কার্যকর এমন শিক্ষক নিয়োগ দিতে হবে। চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করে ফিল্মসংশ্লিষ্ট কোনো কাজই যদি না পারি, তাহলে এই বিভাগে পড়ে লাভ কী?"


এদিকে শিক্ষকসংকট নিরসনে গত ২৫ আগস্ট দুটি প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিজ্ঞপ্তিতে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম শ্রেণি অথবা চার-এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৭৫ সিজিপিএ থাকার শর্ত দেওয়া হলেও চলচ্চিত্র নির্মাণ, ক্যামেরা পরিচালনা কিংবা ভিডিও সম্পাদনায় বাস্তব অভিজ্ঞতার কোনো শর্ত রাখা হয়নি। বিষয়টি নিয়ে আপত্তি জানান শিক্ষার্থীরা। তাদের মতে, ফিল্ম অ্যান্ড টেলিভিশনের মতো ব্যবহারিকনির্ভর বিভাগে শুধু একাডেমিক ফলাফল দিয়ে একজন শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা যথেষ্ট নয়।


শিক্ষার্থীদের দাবি ও আপত্তির পরিপ্রেক্ষিতে নিয়োগের যোগ্যতা পুনর্বিবেচনার উদ্যোগ নেয় বিভাগের প্ল্যানিং কমিটি। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সভায় একাডেমিক যোগ্যতার পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে ব্যবহারিক দক্ষতাকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও চিঠি পাঠায় বিভাগ কর্তৃপক্ষ।


বিভাগের প্রস্তাব অনুযায়ী, নতুন নিয়োগে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম ৩ দশমিক ৫০ সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে চলচ্চিত্র বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে অন্তত একটি গবেষণা প্রবন্ধ বা নিবন্ধ প্রকাশের শর্ত রাখার প্রস্তাব করা হয়েছে।


বিভাগটির যাত্রার এক দশকের বেশি সময় পার হলেও শিক্ষকসংকটের পাশাপাশি বিভিন্ন অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়ে গেছে। এর আগে শিক্ষক নিয়োগে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি অংশের আধিপত্য বিস্তারের অভিযোগও উঠেছিল।


বিভাগটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির। দায়িত্ব গ্রহণের পর বিভাগের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ নিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মধ্যেও এসব উদ্যোগ নিয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে।


অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির বলেন, "আমাদের এই বিভাগের জন্য এখন দরকার এমন শিক্ষক, যার একাডেমিক ও কারিগরি উভয় ধরনের দক্ষতা থাকবে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কারিগরি দক্ষতার পাশাপাশি অন্তত একটি জার্নাল আর্টিকেল থাকতে হবে, এমন বিজ্ঞপ্তি দেওয়ার পক্ষে আমরা। আমি মনে করি, অন্যান্য বিভাগেও আবেদনের ক্ষেত্রে একটি আর্টিকেল থাকা বাধ্যতামূলক হওয়া উচিত।"


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, "যথাযথ লজিস্টিক সাপোর্ট নিশ্চিত না করেই বিভাগগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে সমস্যা কেটে যাবে আশা করি। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বিভাগের চাহিদা অনুযায়ী কারিগরি দক্ষতার বিষয়টি আমরা উল্লেখ করে দেব।"


শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে বিভাগটির দীর্ঘদিনের সংকট কাটবে এবং ব্যবহারিক শিক্ষার পরিবেশ তৈরি হবে। তাদের মতে, চলচ্চিত্র নির্মাণ শেখার জন্য শুধু শ্রেণিকক্ষের পাঠ যথেষ্ট নয়; প্রয়োজন অভিজ্ঞ শিক্ষক, পর্যাপ্ত সরঞ্জাম এবং নিয়মিত হাতে-কলমে কাজের সুযোগ। এসব নিশ্চিত না হলে চলচ্চিত্রনির্ভর বিভাগ থেকে বের হয়েও পেশাগত দক্ষতার ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারের একটি ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিচয় নিয়ে অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্ট ৫ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছবিতে থাকা একটি ব্যানারে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিচয় লেখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী ও শেখ হাসিনার মা’

রোববার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ক্যালেন্ডারটির সব প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে এরইমধ্যে যেসব ক্যালেন্ডার বিতরণ হয়ে গিয়েছিল সেসব প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরুর কথাও বলা হয়েছে।কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

আগামী বছরের জন্য তৈরি করা ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশে স্থান পাওয়া ছবিতে দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকজন মোনাজাত করছেন।

তাদের পেছনে খালেদা জিয়ার ছবি সংযুক্ত একটি ব্যানারে প্রথম লাইনে ছোট করে লেখা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। খালেদা জিয়ার ছবির ঠিক নিচেই লেখা ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’।

দ্বিতীয় লাইনে বড় করে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরবর্তী লাইনে আরেকটু ছোট করে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। নিচে বড় করে লেখা ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। 


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যক্রম এগিয়ে নিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত সভায় দুই সদস্যের প্রাথমিক আহ্বায়ক কমিটিতে ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

 

রোববার (২৯ নভেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয় , পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক।সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের অ্যালামনাইদের পাশাপাশি বিভাগের শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন।


সভায় পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত অ্যালামনাইরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও বিষয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আলোচনা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।


সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ৯ জন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে


এ বিষয়ে নবমনোনীত আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, "আমাদের মূল লক্ষ্য হবে পরিসংখ্যান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে বয়স, ব্যাচ কিংবা অবস্থানের পার্থক্য ভুলে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে বিভাগের সামগ্রিক উন্নয়ন করা। আহবায়ক কমিটি হিসাবে  আমাদের প্রথম ও প্রধান কাজ হলো দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় পুর্নাঙ্গ কমিটি গঠন করা"


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যখন শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে, তখন শীতকালীন ছুটি পাচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণ দেখিয়ে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।


গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শীতকালীন ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে। রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।


অন্যদিকে, শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সময়ে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পেলেও ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে জবিতে এবার শীতকালীন ছুটি থাকছে না।


ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আলী হাসান অন্তর বলেন, “সারা বছর ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও নানা একাডেমিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। শীতকালীন ছুটিতে অনেকেই পরিবারের কাছে ফেরার পরিকল্পনা করেন। বিশেষ করে আমাদের মতো যেসব শিক্ষার্থীর বাড়ি ঢাকার বাইরে এবং যাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য এই ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জরুরি, কিন্তু সে কারণে শিক্ষার্থীদের ছুটি বাতিল করাটা হতাশাজনক। প্রশাসন চাইলে ভর্তি পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের ছুটির বিষয়টি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারত। আমরা চাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।”


এ বিষয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি কেবল অবকাশ নয়, বরং পরিবারের কাছে ফেরার অন্যতম সুযোগ। পুরান ঢাকায় আমাদের কোনো আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়, আবার অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালায়। ডিসেম্বর মাসে সাধারণত টিউশনিও বন্ধ থাকে। ফলে বছরের এই সময়টাতেই শিক্ষার্থীরা কিছুটা নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ পায়। কিন্তু শীতকালীন ছুটি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, তবে এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসনসংকট, আর্থিক বাস্তবতা ও পারিবারিক জীবনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা প্রশাসনের ভেবে দেখা উচিত।”


ভূমি প্রশাসন ও আইন বিভাগের শিক্ষার্থী মোক্তাসিব মিজু বলেন, “শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং বছরের শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। শীতের সময়ে গ্রামে পিঠা-পুলির উৎসব, মা-বাবার সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়া সবকিছুর মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে থাকে। সারা বছর পড়াশোনা ও নানা ব্যস্ততায় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। শীতকালীন ছুটিটাই সেই দূরত্ব কিছুটা ঘোচানোর সুযোগ করে দেয়। কিন্তু ছুটি বাতিল হওয়ায় অনেক শিক্ষার্থীকে সেই আনন্দ ও পারিবারিক সময় থেকে বঞ্চিত হতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে শিক্ষার্থীদের আবেগ, পারিবারিক বন্ধন ও মানসিক স্বস্তির বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রাখা উচিত।”


এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীন জানান, বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সচল রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ক্যাম্পাস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।


কুবি প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে একই দিন দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।


রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।


ঘোষিত তফসিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রেস ক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর রাত ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরেরদিন  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’


এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আজ বেলা ৩টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি, আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।’