• প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৫ পিএম

হাসি-আনন্দে শুরু হয়েছিল সকালটা। বাংলাদেশ দলের নাশতার টেবিলে কেক কেটে উদযাপন করা হয়েছিল হামজা চৌধুরীর জন্মদিন। সতীর্থদের শুভেচ্ছা, হাসি আর কেক কাটার মুহূর্তে হয়তো কেউ ভাবেননি, কয়েক ঘণ্টা পরই একই দলের ডিনারের টেবিল ভারী হয়ে উঠবে ৯ গোলের বেদনায়।


১ অক্টোবর, হামজার জন্মদিন। অথচ এই বিশেষ দিনটিই তার জীবনের সবচেয়ে দুঃসহ জন্মদিনগুলোর একটি হয়ে রইলো। আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ হেরেছে ৯-২ গোলে। একের পর এক গোল হজম করে যখন বাংলাদেশের প্রতিরোধ ভেঙে পড়ছিল, তখন জন্মদিনের আনন্দও যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল।


প্রথমার্ধে যেন খেলাই ভুলে গেল বাংলাদেশ! আক্রমণ হলেই বল জড়াচ্ছিল জালে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা লড়াই করলেও, কঠিন সমীকরণ মিলিয়ে আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ফাইনালে জায়গা করে নিল ইন্দোনেশিয়া।


ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই সফরকারীরা পিছিয়ে পড়ে ৬-১ গোলে!


ইন্দোনেশিয়ার হয়ে একাই পাঁচটি গোল করেছেন মিচেল বেকার! একটি করে গোল করেছেন রিজকি রিধো, জাস্টিন হাবনার, লুক ভিক‍্যারি ও কেভিন ডিকস।


বাংলাদেশের গোল দুটি করেছেন শাহরিয়ার ইমন ও ফারহান আলি ওয়াহিদ। একাদশ মিনিটে বেকারের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ৯ মিনিট পর তিনিই দ্বিগুণ করেন ব‍্যবধান। ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রিধো। চার মিনিট পর ব‍্যবধান কমান ইমন।


৩৭তম মিনিটে হ‍্যাটট্রিক পূরণ করেন বেকার। পাঁচ মিনিট পর ফের জালের দেখা পান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে হাবনারের গোলে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধের অনেকটা সময় রক্ষণ জমাট রাখে বাংলাদেশ। গোলরক্ষকও বেশ দৃঢ়তা দেখান। তাতে বাড়তে থাকে ইন্দোনেশিয়ার অপেক্ষা। একই সময়ে হওয়া অন‍্য ম‍্যাচে মালয়েশিয়া গোল পার্থক‍্যে এগিয়ে থেকে ফাইনালে যাওয়ার আশা জাগায়। ৯০তম মিনিটে জাল খুঁজে নেন ভিক‍্যারি। পরের মিনিটে ফারহানের গোলে স্কোরলাইন হয়ে যায় ৭-২। ফাইনালে যেতে তখন স্বাগতিকদের প্রয়োজন পড়ে আরও দুই গোল।


ফ্রি কিক থেকে সতীর্থর হেডে খুব কাছ থেকে হেডেই যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন ডিকস। দুই মিনিট পর নিজের পঞ্চম ও দলের নবম গোলে ইন্দোনেশিয়াকে ফাইনালে নিয়ে যান বেকার। মাঠে তখন হতাশায় নুইয়ে পড়েন হামজারা। ডাগআউটে ডুলিকে দেখে মনে হচ্ছিল ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশ কোচ। এতো বাজে ফুটবল কোনো দল খেলতে পারে, যেন বিশ্বাসই হচ্ছিল না তার।


মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে সবচেয়ে বিব্রতকর হারের স্বাদ পেল তারা।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৩ পিএম

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষদিনে লড়াইয়ে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারল না বাংলাদেশ। স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতে টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে গেল সফরকারীদের দ্বিতীয় ইনিংস। এতে জয়ের জন্য পাওয়া ১২ রানের মামুলি লক্ষ্য পেরিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।জোহানেসবার্গ টেস্টে বৃহস্পতিবারের প্রথম সেশনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনের ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠে নেমেছিল তারা। বাকি ৫ উইকেট হারিয়ে এদিন ২১.১ ওভারে তারা যোগ করতে পারে আর ৬৮ রান। তাতে ইনিংস হার এড়ানো গেলেও মেলে কেবল ১১ রানের লিড। তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কোনো উপায় ছিল না।


রান তাড়ায় প্রথম ওভারেই ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। মেহেদী হাসান মিরাজের শেষ বলে খোঁচা মেরে স্লিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন কলিন অ্যাকারম্যান। ২ বল খেলে তার রান শূন্য।দ্বিতীয় ওভারে ইবাদত হোসেন ছক্কা হজমের পরের বলেই উপড়ে ফেলেন এইডে৷ মার্করামের স্টাম্প। কিন্তু বাংলাদেশের উল্লাসে বাধা দিয়ে আম্পায়ার জানান নো বলের সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় ক্রিজের লাইনেও পা ছিল না ইবাদতের। জীবন পাওয়া মার্করামই সিঙ্গেল নিয়ে খেলা শেষ করে দেন। ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিনি। তিনে নামা জুবাইর হামজা ছিলেন স্রেফ দর্শকের ভূমিকায়।সব বিভাগে আগের দিনের হতাশাজনক পারফরম্যান্সের কারণে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই আশা অপূর্ণই থেকে যায়। মাত্র ৮ রানে পতন হয় শেষ ৪ উইকেটের।


দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের কাঁধে ছিল বড় দায়িত্ব। তবে প্রথম ঘণ্টাও নিরাপদে কাটিয়ে দিতে পারেননি তারা। কাগিসো রাবাদার বলে সাবলীল খেলতে থাকা লিটন বোল্ড হলে ভাঙে ৬২ বলে ৪৭ রানের জুটি। ছয়টি চারে লিটন ৩৮ বলে করেন ৩৯ রান। দলের সংগ্রহ তখন ১৩৪, ড্রয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়।


এরপর মুশফিক ও মিরাজ মিলে দলকে কিছুদূর এগিয়ে নিয়ে যান। ইনিংস হারের শঙ্কা এড়িয়ে যায় বাংলাদেশ। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠেন হার্মার। শেষ ৪ উইকেটের সবকটিই যায় তার ঝুলিতে।হার্মারের বল সামনে এগিয়ে খেলার চেষ্টায় শর্ট লেগে ক্যাচ দেন মুশফিক। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা। ৬২ বলে চারটি চারে ২২ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এরপর মিরাজ খেলেন ব্যাখ্যাতীত এক শট। পরিস্থিতি না বুঝে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। ৩১ বলে দুটি চারে তার রান ১৫। শেষে পরপর দুই বলে হাসান মাহমুদ ও ইবাদতকে ফিরিয়ে বাংলাদেশের দুর্দশার ইতি টানেন হার্মার।


এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচের ছয়টিতে জিতে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তালিকার শীর্ষে। নয় ম্যাচের তিনটিতে জেতা ও দুটিতে ড্র করা বাংলাদেশ ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

সর্বশেষ সব খবর

লিটন দাস

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৭ পিএম

মেহেদী হাসান মিরাজের বলে পরপর দুই ছক্কা মেরে বেরিয়ে গিয়ে আরেকটি বড় শট খেলতে গেলেন কাগিসো রাবাদা, এবার ব‍্যর্থ হলেন তিনি। সুযোগ পেয়ে গেলেন লিটন দাস। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দিলেন তিনি।দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এটি লিটনের অষ্টম ডিসমিসাল। টেস্টের সুদীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম কিপার হিসেবে আট ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়লেন।


মিরাজ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৯৩ বলে দুই ছয় ও ১০ চারে ৭২ রান করেন রাবাদা। ১১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯ উইকেটে ৫১২। ক্রিজে টেম্বা বাভুমার সঙ্গী ডেইন প‍্যাটারসন।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ পিএম
  • আপডেট : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ পিএম


ট্রফি হাতে ভারতের উল্লাস

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের ভেতর ও বাইরে বাড়তি উত্তেজনা, স্নায়ুচাপ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার আঁচ প্রায়ই এসে পড়ে খেলার মাঠে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো বা উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কম আলোচনা হয়নি। 


কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ যেন সব বৈরিতা ধুয়ে মুছে এক অন্যরকম বার্তা দিল। প্রমাণ করল, মাঠের ৯০ মিনিটের লড়াই আর রাজনৈতিক সীমানা শেষ পর্যন্ত খেলার মূল সুর—সৌহার্দ্য ও সম্মানকে ছাপিয়ে যেতে পারে না।


মঙ্গলবার (১৭ নভেম্বর) পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচের উত্তেজনাকর ফলাফলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ফাইনাল শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারস্পরিক সম্মান প্রদর্শনের চমৎকার এক দৃশ্য। রানার্সআপ ট্রফি নিতে যাওয়ার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় ভারত। এরপর চ্যাম্পিয়ন ভারতীয় দলটিকেও একইভাবে গার্ড অব অনার জানায় পাকিস্তানি খেলোয়াড়রা। দুই দলের এই সৌজন্য বিনিময় যেন খেলার মাঠের এক অনন্য রূপকথা।


টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে চারদিকে ছিল চরম কৌতূহল। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে গিয়েছিল দুই দলের কোচের দিকে। তবে তাদের উত্তরগুলো ছিল ভীষণ স্পষ্ট ও পেশাদার—মাঠে লড়াই হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খেলা শেষে সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই। ভারতীয় দলের কোচ নওশাদ মুসা তো বলেই দিয়েছিলেন, তারা শুধু হাত মেলাতেই নয়, প্রয়োজনে কোলাকুলি করতেও প্রস্তুত।


শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে সেই কথারই বাস্তবে অসাধারণ প্রতিফলন দেখা গেল। ফাইনালের মতো হাই-ভোল্টেজ ও আবেগঘন একটি লড়াইয়ের পর শুধু হাত মেলানো বা কোলাকুলিতেই সীমাবদ্ধ থাকেনি সেই সৌহার্দ্য; গার্ড অব অনারের মতো সম্মানজনক প্রটোকল দুই পক্ষ থেকেই যেভাবে পালিত হয়েছে, তা ক্রীড়াঙ্গনে বিরল এক দৃষ্টান্ত।


ফাইনালে অবশ্য শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর আলী খান গাজীর ডান পায়ের বাঁকানো শটে তারা এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি ব্লু টাইগার্সরা। ম্যাচের ৬০ মিনিটে ফরোয়ার্ড সুহাইল ভাটের দুর্দান্ত গোলে ১-১ সমতা ফেরায় ভারত। এরপর ৮৮ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডির নিখুঁত হেড জালে জড়ালে ২-১ গোলের জয় নিশ্চিত হয় ভারতের।


শুধু দলীয় শিরোপা নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতেছেন ভারতীয় ফুটবলাররা। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত জিতেছে ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা), আর রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)।


ক্রিকেট মাঠে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তখন গ্যালারির গর্জন আর খেলোয়াড়দের মধ্যকার অদৃশ্য দেওয়াল অনেক সময়ই অস্বস্তির পরিবেশ তৈরি করে। কিন্তু ফুটবল যেন আজ সেই দেওয়াল গুঁড়িয়ে দিয়ে এক সুতোয় বাঁধল দুদেশকে। ট্রফি আর হারের দীর্ঘশ্বাসের বাইরে গিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের এই আলিঙ্গন ও সম্মান প্রদর্শন ক্রিকেটবিশ্বের জন্য একটি বড় শিক্ষা।


দিনশেষে ট্রফি একটি দলই জিতেছে, কিন্তু জয় হয়েছে ফুটবলেরও। রাজনীতির দেওয়াল ভেঙে ঢাকার সবুজ গালিচা যে সম্প্রীতির বীজ বুনে দিল, তা দীর্ঘদিন স্মরণে রাখবে দুই দেশের ক্রীড়াপ্রেমীরা।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫০ এএম

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।


বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।


প্রথমার্ধেই চার গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে নিকো পাজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩–০ করেন পাজ।


বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্কালোনির দল।


দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের ব্যবধান বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭–০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।


ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৮ পিএম

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ১০ জনের প্রতিপক্ষের বিপরীতে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে আনন্দে মাতোয়ারা হয়েছে নওশাদ মুসার শিষ্যরা। তুলনামূলক খর্বশক্তির দল নিয়ে এবারের আসরে খেলতে আসা ভারতের এটি সাফে টানা তৃতীয় শিরোপা। আর সব মিলিয়ে আঞ্চলিক এই ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত ১৫টি আসরের মধ্যে ১০টিতেই চ্যাম্পিয়ন হলো তারা।

উত্তেজনায় ঠাসা ফাইনালের প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। বিরতির আগ পর্যন্ত তারাই ছিল বল দখল ও আক্রমণে এগিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের মোড়।

৬০তম মিনিটে ভারতের এক খেলোয়াড়কে বিপজ্জনকভাবে ফাউল করায় ভিএআরের সহায়তায় জুনাইদ শাহকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া পাকিস্তান ধীরে ধীরে ছিটকে যায় লড়াই থেকে। এরপর পাওয়া ফ্রি-কিক থেকেই সমতাসূচক গোলটি করেন ভারতের সুহাইল আহমেদ ভাট। টুর্নামেন্টে চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

আর নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে দারুণ হেডে জয়সূচক গোলটি করেন সন্দীপ মান্ডি। এতে নিশ্চিত হয় ভারতের শিরোপা। অন্যদিকে, প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পাকিস্তানের অধরাই থেকে যায়। 

সর্বশেষ সব খবর

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৪ পিএম

অবশেষে শাস্তি পেলেন সেই ফুটবল সমর্থক। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে দীর্ঘ ১ বছর পর তাকে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হবেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ক্লাবটি বলছে, আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ আজ (মঙ্গলবার) সেই ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার রায় দিয়েছে। তিনি ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের ম্যাচে আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের প্রতি বর্ণবাদী অপমানজনক মন্তব্য করেছিলেন।

রিয়ালের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি বিদ্বেষমূলক অপরাধের (হেট ক্রাইম) দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ এবং জরিমানা করা হয়েছে। তবে কারাদণ্ডটি এই শর্তে স্থগিত রাখা হয়েছে যে, তিনি আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না।

তবে শাস্তিপ্রাপ্ত সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। এর আগে ক্লাবটির আরেক ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করায় দোষী সাব্যস্ত হওয়ার নজির দেখা গিয়েছিল। 

সর্বশেষ সব খবর