• প্রকাশ : বুধবার ২৯ জুলাই, ২০২৬, সময় : ২:২৮ এএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি মঙ্গলবার (২৮ জুলাই) সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 


প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ, লেখা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা নিশ্চিত করতে নতুন মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। সরকারি-বেসরকারি নির্বিশেষে সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা ও মানদণ্ডের আওতায় কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, কর্মদক্ষতার মূল্যায়ন (কেপিআই) এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।


তিনি বলেন, মাঠপর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা পরিচালিত হচ্ছে। সম্প্রতি সিলেট বিভাগে ছয় ঘণ্টাব্যাপী কর্মশালায় নতুন মূল্যায়ন পদ্ধতি, শ্রেণিভিত্তিক শিক্ষার মান এবং প্রশাসনিক তদারকি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব বিভাগে এ ধরনের কর্মশালা সম্পন্ন করা হবে। দায়িত্ব পালনে গাফিলতির কোনো সুযোগ থাকবে না। নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা ও শিক্ষকদের কর্মদক্ষতা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে লিখিতভাবে প্রস্তাব বা তথ্য পেলে মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। পরিকল্পিত সংস্কার, দক্ষ প্রশাসন এবং মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাঙ্গনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো: আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এদিকে,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন,একজন মানুষ বাতাসের ভিতর দাঁড়িয়ে গান শুনছে- এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে- এমন প্রশ্ন তুলেছেন তিনি। সিলেটের ফেঞ্জুগঞ্জের স্কুল শিক্ষিকা বিউটি রানী পালের ভিডিও নিয়ে আলোচনা-সমেলোচনা প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।মঙ্গলবার দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ববি হাজ্জাজ।


এসময় এক সাংবাদিক বিউটি রানী পালের প্রসঙ্গে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এইটা নিয়ে কোন কথা হবে না। একজন মানুষ বাতাসের ভিতর দাঁড়িয়ে গান শুনছে- এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়েছি- আপনাদের সাথে কথা বলছি। আপনারা যদি বলেন, এ্যাই- কথা বলল কেন? আলোচনা করি, চলো সমালোচনা করি তাহলে?সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এটা নিয়ে আলোচনা-সমালোচনা আপনারা করেছেন ভাই, আপনারাই করছেন- এটা জনগণ বা অন্য কেউ করছে না।


এরআগে সকালে এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। স্ট্যটাসে তিনি লিখেন- ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’তিনি লিখেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’


শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানিয়ে স্ট্যাটাসে বিউটি রানী পাল লিখেন- ‘দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’


সম্প্রতি বৃষ্টির গানের সাথে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ফেসবুকে তাকে নিয়ে ট্রল-হেনস্তা করছেন কেউ কেউ।


এমনকি ভিডিও করার কারণে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ এই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।তবে এমন পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মীসহ নানা পেশার মানুষজন। অভিনব পন্থায় বিউটি পালকে নিয়ে ট্রলের প্রতিবাদ জানান সারা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকসহ নানা পেশার মানুষ। বিউটি পালের সাথে সংহতি জানিয়ে ফেসবুকে গানের সাথে নিজের ভিডিও আপ করন তারা। বিউটি রানী পাল ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। বিউটি রানী পালের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়ই নিজের ফেসবুক একাউন্টে তার বিদ্যালয়ে ক্লাস নেওয়া, বাচ্চাদের শরীর চর্চা করানো, শিশুদের নাচ গানের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্নসহ পাঠ্য বইয়ের বিভিন্ন পড়া শেখানো, শিক্ষাদের নিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করার ভিডিও আপ দিতেন। এ ঘটনায় সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় জিডি করেছেন বিউটি রানী পাল।




  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিলের বিকল্প)সহ মোঃ আলতাফুর রহমান (২৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উদ্ধার করা ফেন্সিবিলের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান পরিচালনার সময় নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারি মোঃ আলতাফুর রহমানকে আটক করে বিজিবি।


আটক আলতাফুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।


বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণ করে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে।


ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:২০ পিএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য এবং পঞ্চগড় জেলা আইনশৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন পঞ্চগড়ে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার  মুহাম্মদ নওশা জমির , এ সময় উপস্থিত ছিলেন  জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মন্ত্রী পঞ্চগড়ে পৌঁছালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে পঞ্চগড়ে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:০৬ পিএম

ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে।


নিহত বাংলাদেশী নাম মো: আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল ওয়াজেদ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দেরহাট বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশী চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজিবির তথ্যমতে, নিহত আসাদুল হককে প্রাথমিকভাবে মাদক চোরাচালান ও অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


এদিকে, সীমান্তে এ ধরনের প্রাণহানির ঘটনা নিয়ে সংশ্লিষ্ট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট হওয়ার প্রত্যাশা রয়েছে। পতাকা বৈঠকের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।


সূত্র: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মিডিয়া সেল।


  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার হরিণমারী ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলদলটি রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।


অভিযানে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। তবে অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।


উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল এ অভিযান পরিচালনা করে।


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:৪৪ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 


শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। 


ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন আসাদুল্লাহ হক। পরে তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।


তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে আসাদুল্লাহ হক সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এদিকে নিহতের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩১ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।


আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।


মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। সংঘর্ষে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।