প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সোহরাব হোসেন নামের এক পানদোকানির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে ওই নারী জানান। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিচার না পেয়ে সন্তানদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ভুক্তভোগী নারী। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় পানের আড়তে নিয়ে যান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।


ভুক্তভোগী নারী শ্রীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। স্বামী ছেড়ে চলে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে শ্রীপুরের একটি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। জীবিকা নির্বাহে আশপাশের এলাকায় ভিক্ষা করতেন।


অভিযুক্ত সোহরাবের বাড়ি নেত্রকোনায়। মাওনা চৌরাস্তা এলাকায় তিনি ছোট্ট একটি পানের দোকান চালান। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী বলেন, কয়েক মাসের ভাড়া বাকি পড়ায় গত মঙ্গলবার রাতে বাড়ির মালিক তাঁকে ঘর থেকে বের করে দেন। এরপর তিনি দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে বসে ছিলেন। একপর্যায়ে সোহরাব নামের ওই পানের দোকানদার এসে তাঁর কাছে সমস্যার কথা জানতে চান। পরে আশ্রয় ও টাকা দেওয়ার কথা বলে তিনি তাঁকে চৌরাস্তার পূর্ব পাশে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। 


তিনি বলেন, ‘সাড়ে তিন বছর বয়সী ছেলেডা আমার সব বোঝে। তারে আমার বুক থেইককা কাইড়া নিয়া আমার সঙ্গে খারাপ কাজ করছে। আমি কানছি; কিন্তু আমারে ছাড়ে নাই।’


ভুক্তভোগী নারী আরও বলেন, ঘটনার পর তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে বিচার চান। কিন্তু তাঁরা বিচার না করে হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বিদায় হতে বলেন। শেষে মাওনা চৌরাস্তায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু লোকজন দেখে ফেলায় তাঁরা তাঁকে সেখান থেকে পানের আড়তে নিয়ে আসেন।


গতকাল দুপুরে পানের আড়তে গিয়ে দেখা যায়, এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ওই নারী। ঘটনাস্থলে শ্রীপুর থানা-পুলিশের তিন সদস্যকেও দেখা গেল। এ সময় ওই নারী বারবার নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা বলে বিচার চাচ্ছিলেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। সঙ্গে ওই নারীকেও নিয়ে যাওয়া হয়।


মো. শফিকুল নামের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, পানের আড়তের পাশে সোহরাব নামের এক ব্যক্তির একটি পানের দোকান চালাতেন। বর্তমানে তাঁর দোকান বন্ধ আছে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম শুক্রবার সকালে বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান।


আটক দুজনের বিষয়ে ওসি বলেন, স্থানীয় লোকজন ওই দুজনকে ধরে পুলিশে দিয়েছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।




রানীনগরে জখম করে টাকা ছিনতাই আটক ২ । ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৩ পিএম

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে রক্তাক্ত জখম ও নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকরীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ভোর সাড়ে চারটার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছলে ওত পেতে থাকা দস্যুদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখিয়ে এবং রক্তাক্ত জখম করে তাদের নিকট থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে নয়টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। এতে বাস দুটির ভেতরের আসন, সরঞ্জাম ও বডিসহ দৃশ্যমান প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।


বাসমালিকের হিসাবে, এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি বাসেরই কেবল লোহার কাঠামো অবশিষ্ট থাকে।


বাসমালিক মো. সাগির আহমেদ ও স্থানীয়দের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে কেউ উপস্থিত ছিলেন না, ফলে মশার কয়েল বা কোনো অসাবধানতা থেকে আগুন লাগার সুযোগ নেই। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে তাদের অভিযোগ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, কয়েল বা অন্য কোনো উৎসের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।


নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নওগাঁয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না


নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৫ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্বা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ওই স্বৈরাচারদের রুখতে হবে। আমরা আর কোন স্বৈরাচারের প্রেতাত্বা দেখতে চাই না। কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না।


মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোন শেষে থিম সং পরিবেশন করা হয়।


 ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হাজার হাজার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে যখন নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। যারা স্বপ্ন দেখছেন ঐ স্বৈরাচার নেত্রী আসবেন, তারা এখনো বোকার রাজ্যে বসবাস করছেন। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছে, তার বাংলাদেশে আসার কোন সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নিবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কোন অন্যায়কারী ও বিশৃ্ঙ্খলকারীকে কোনভাবে প্রশ্রয় দিবো না।


ফ্যাসিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সরকারের আমলে বহু নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করে জীবন যাপন করছেন। আমরা যারা রাজপথে থেকে অগ্রবাদী আন্দোলন ও সংগ্রাম করেছি, প্রতিটি নেতাকর্মীর শরীরে এখনো ক্ষতচিহ্ন রয়েছে। আমাদের উপর যে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।


আগামী প্রজন্মর উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে মননশীল, ধৈর্য্যশীল ও সামাজিক সুশৃঙ্খলা বজায় রেখে খেলাধুলাকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। আমরা পেশাদারিত্বের যে জায়গাটি নিশ্চিত করে যাতে প্রাতিষ্ঠানিক একটি রুপ দিতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তৃনমুল পর্যায়ে প্রতিভাবান খেলোয়ারদের তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের কিভাবে  সার্বিক সহযোগীতার মাধ্যমে দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়ার হিসেবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুড়ি প্রথম আসরে ৩০৬ জন খেলোয়ারের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করে আগামী জানুয়ারি থেকে পড়াশুনা ও খেলাধুলার সকল দায়িত্ব বর্তমান নিয়েছে সরকার।


মেয়েদের অংশগ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের সাথে মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আগামী প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ডিভাইস থেকে সন্তানদের দুরে রাখতে চাই। সর্বোপরি এই সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। সুন্দর একটি সমাজ ও পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটাতে পারবো বলে আমরা আশাবাদী। আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। অনেকে চিন্তা করে খেলা ছেড়ে দেওয়ার পর কি হবে। তাদের জন্য সরকার চাকরির ব্যবস্থা রেখেছে।


আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের কাজ শেষ হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিটি উপজেলায় মাঠ হবে। এছাড়াও সকল ইউনিয়নের মাঠের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে খেলার উপযোগী করা হবে।


আয়োজকরা জানান, যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃনমুল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে  জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।


উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য  মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক প্রমুখ।


এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টিএম মুমিন, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম,  জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০২ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল।


মিছিলটি জিরোপয়েন্ট হয়ে চৌমাথা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসময় সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রদলী ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেন ছাত্রদল নেতৃবৃন্দ।


পরে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আবিদ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ, রাতুল গাজীসহ আরো অনেকে।


দপদপিয়ায় ছাত্রলীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে। ঝালকাঠি জেলায় কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখলেই ছাত্রদল কঠোর হাতে তা দমন করবে বলেও জানান বক্তারা।


এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান তাঁরা।


আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৮ পিএম

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।


হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ নামক এলাকায় কিছু লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে। এসময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।


হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে বলে জানিয়ে পুলিশ।এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে জানান, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে ধরতে অভিযান চালায়। তাকে আটক করে ফেরার পথে গাড়ি আটকে কিছু লোক জহাকারিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে।


এসপি আরো  বলেন, হরিপুর এলাকাটা একটু এমনই। এখানে এরকম কাহিনী অনেক সময়ই হয়, ওই এলাকায় যেকোন অভিযান চালাতে গেলেই পুলিশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হলেও কোন পুলিশ সদস্য আহত হননি বলে জানান এসপি।

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে


জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫২ পিএম

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিমানবন্দরে অবতরণ করা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বাইরে নেয়া হয়।


মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যদের গ্রেনেডসদৃশ বস্তু দুটি দেখতে পান বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়।



এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বিমানবন্দরের যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়। সে সময় জ্বালানিমন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেয়া হয়।


পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।