নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট রক্ষা (প্রোটেকশন ওয়ার্ক) কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৯ লাখ টাকা বরাদ্দের এ কাজটি বাস্তবায়ন করছে নীলফামারীর ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলগত নকশা ও নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। অন্যদিকে, কাজ চলমান থাকলেও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি ও কার্যকর তদারকি না থাকায় সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শ্মশানঘাটটি নদীভাঙনের হাত থেকে রক্ষায় নেওয়া প্রকল্পের কাজ শুরু থেকেই অনিয়মের মধ্য দিয়ে চলছে। প্রকৌশলগত নকশা (ডিজাইন) ও প্রাক্কলন (এস্টিমেট) যথাযথভাবে অনুসরণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, জিওব্যাগে ১০০ শতাংশ শুষ্ক বালু ভরাটের কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। বরং বুড়িতিস্তা নদী থেকে বালু উত্তোলন করে সেই ভেজা বালু দিয়েই জিওব্যাগ ভরাট করা হচ্ছে। এমনকি নদী থেকে উত্তোলন করা বালু দিয়েই গাইড নির্মাণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের আশঙ্কা, নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হলে ভবিষ্যতে নদীভাঙন প্রতিরোধে প্রকল্পটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রকল্পের কাজ চলমান থাকলেও সরেজমিন অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে কাজের স্থানে উপস্থিত থাকতে দেখা যায়নি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, ব্যবহৃত উপকরণের মান ঠিক আছে কি না এবং প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় ২৯ লাখ টাকার সরকারি প্রকল্পে এমন তদারকির ঘাটতি থাকলে কাজের গুণগত মান ও অর্থের যথাযথ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।
সরেজমিনে কাজের স্থানে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নবুয়াতের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আপনারা চলে যান, সন্ধ্যায় একসঙ্গে চা খাব। সন্ধ্যায় কল দিয়েন।’
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী একরামুল হকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের যেভাবে জ্বালাচ্ছেন, আপনাদের এলাকায় আর থাকাই যাবে না।’ তবে প্রকল্পের কাজে ব্যবহৃত বালু ও তদারকির বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, তা জানা যায়নি।
অন্যদিকে, নদী থেকে বালু উত্তোলন ও সেই বালু দিয়ে জিওব্যাগ ভরাটের বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উত্তোলন করা বালু দিয়ে জিওব্যাগ ভরাট করতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে নদী থেকে বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রায় ২৯ লাখ টাকার এ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিনr তদন্ত ও কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রকল্পের অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না, ব্যবহৃত বালুর মান ঠিক আছে কি না এবং নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি নিয়মসম্মত কি না, তা খতিয়ে দেখতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত
সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।
একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।
আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’
ঢাকার সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তায় এ তথ্য জানান।তিনি জানান, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে আবার অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।’