• প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:০০ পিএম

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যে নতুন প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মাজারের দান ও আয় নিয়ে সরকার, মাজারের খাদেম-সংশ্লিষ্ট ব্যক্তি এবং সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন প্রস্তাব দেন শফিকুর রহমান।


এ প্রসঙ্গে তিনি বলেন, মাজারের আয় কীভাবে সমাজ ও ধর্মীয় কাজে ব্যবহার করা যায়, তা নিয়ে সবার গ্রহণযোগ্য একটি টেকসই সমাধান হওয়া প্রয়োজন। কোনো পক্ষের ওপর চাপ প্রয়োগ করে নয়, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো উচিত।শাহজালাল মাজারের দানের টাকা ব্যবহারের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, কয়েক শ বছর ধরে এ বিষয়ে একটি প্রচলিত ব্যবস্থা চলে আসছে। এখন ৩৫ শতাংশ জেলা প্রশাসনের হিসাব এবং ৬৫ শতাংশ মাজার কর্তৃপক্ষের মধ্যে বণ্টনের যে ব্যবস্থা হয়েছে, সেটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।তিনি বলেন, বিষয়টি ধর্মীয় হওয়ায় মাজারের আয় সমাজ ও ধর্মীয় কাজে ব্যবহার করা গেলে সেটি একটি ভালো দৃষ্টান্ত হতে পারে। এ ক্ষেত্রে যারা মাজারের খেদমতের সঙ্গে যুক্ত ও সুবিধা গ্রহণ করেন, তারা একটি পক্ষ হতে পারেন। সরকার আর সিলেটের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ হতে পারে।


শফিকুর রহমান বলেন, ‘আমার বিশ্বাস, সংলাপের মাধ্যমে সুন্দর কিছু বেরিয়ে আসতে পারে। তবে কোনো কিছু চাপ দিয়ে করার চেষ্টা করা হলে সমাধানটা সুন্দর নাও হতে পারে। আমরা চাই টেকসই সমাধান। এমন সমাধান, যেটা সবাই মন থেকে গ্রহণ করবে এবং সমাজের কল্যাণে কাজে লাগবে।’


শাহজালাল (রহ.)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার কারণে সিলেটের এই মাটি গর্বিত। মাজার থেকে পাওয়া অর্থ সমাজ ও দ্বীনের কল্যাণে ব্যবহার করা হলে সেটি আরও বেশি মানুষের উপকারে আসতে পারে।এ প্রসঙ্গে তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের অর্থ ব্যবহারের উদাহরণও তুলে ধরেন। তার মতে, মাজারের আয় সমাজকল্যাণে ব্যবহারের একটি গ্রহণযোগ্য ব্যবস্থা করা গেলে মানুষের আস্থাও বাড়বে এবং দানের পরিমাণও বাড়তে পারে।


শফিকুর রহমান বলেন, মাজারের অর্থের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে এমন একটি ব্যবস্থা করা প্রয়োজন, যাতে ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং সেই অর্থ সমাজের প্রয়োজনেও কাজে আসে।প্রসঙ্গত সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটি।


মঙ্গলবার ও ওই কমিটির সভায় সিদ্ধান্ত হয়, মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়কাজে জন্য ব্যাংকের একাউন্টে জমা রাখা হবে আর বাকী ৬৫ শতাংশ দিয়ে টাকা মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন নির্বাহ করা হবে।


উল্লেখ্য, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভা শেষে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে এসব তথ্য জানান এই কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।জেলা প্রশাসক জানান, এখন থেকে শাহজালাল মাজারের দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের টাকা থেকে ৩৫ শতাংশ মাজারের উন্নয়কাজে জন্য সোনালী ব্যাংকের একাউন্টে জমা রাখা হবে। এই একাউন্ট সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মতোয়াল্লির যৌথ সাক্ষরে পরিচালিত হবে। বাকী ৬৫ শতাংশ টাকা মাজারের দৈনদিন ব্যয় ও কর্মচারীদের বেতন নির্বাহ করা হবে।


জেলা প্রশাসক বলেন, টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিতে মাজার কমিটির পক্ষে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হবেন। এছাড়া একজন হিসাব রক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।




সুন্দরবন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৬ পিএম

ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম। সেই ট্রলার চালিয়েই ঋণ শোধের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের অনুমতিপত্র (পাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার মতো ট্রলারমালিক, চালক, শ্রমিক ও ট্যুর গাইডদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এ সিদ্ধান্তের আলোচনা শুরু হয়। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রিয়াজ। ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিন দিনের পাস বন্ধের বিষয়ে আলোচনা হয়।


পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের অনুমতি আগের মতোই চালু থাকবে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।


ট্রলারমালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছি। তিন দিনের পাস বন্ধ হলে ঋণ শোধ করব কীভাবে? আমরা চাই, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে এই অনুমতি চালু করা হোক।’ গত মঙ্গলবার সকালে নীলডুমুর খেয়াঘাট এলাকায় কথা হয় ট্রলারচালক জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই ট্রলার চালিয়ে শতাধিক পরিবারের সংসার চলে। পাস বন্ধ হলে পরিবার নিয়ে বিপদে পড়ব।’


পর্যটন ব্যবসায়ীদের দাবি, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন’ জেলার পর্যটনের অন্যতম ব্র্যান্ডিং। সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের সুযোগ অন্য রেঞ্জের তুলনায় আলাদা। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার না করে পাস বন্ধের উদ্যোগ পর্যটন খাত ধ্বংসের চক্রান্ত। ট্যুর গাইড জি এম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এটি প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে জালিবোট ডুবে ১৩ পর্যটককে উদ্ধার করা হয়। গত ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি জালিবোট ডুবে যায়। তার প্রশ্ন, পর্যটকদের অসতর্কতায় দুর্ঘটনা ঘটলে তার দায়ে সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের পাস বন্ধ করা হবে কেন?


নীলডুমুর খেয়াঘাটের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পর্যটকের মৃত্যু দুঃখজনক। তবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটননির্ভর পরিবারগুলোর জীবিকা রক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।


এসপি জাহাংগীর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৭ পিএম

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল জব্দ করা হয়েছে। এসপি জাহাঙ্গীরকে আটকের খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানালেন, এখনো আটক করা হয়নি।


মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নাম প্রকাশে অনাগ্রহী জেলা পুলিশের এক কর্মকর্তা জানালেন, ডিএমপির গোয়েন্দা ইউনিটের একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীরকে নিজের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে ওই কর্মকর্তা জানালেন।


জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আগামীর সময়কে বললেন, ‘জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে।’


অভিযোগ কী জানতে চাইলে তিনি বললেন, ‘অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না।’ জাহাঙ্গীর আলম এখন কোথায় আছেন জানতে চাইলে ডিআইজি বললেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’


এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৯ পিএম

কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।


ওসি জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।


এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।


গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় এক স্কুলছাত্রী। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।


কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত। হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন ইমন। বিষয়টি অভিভাবক পর্যায়ে জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ রাখলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালানো হয়। কিশোরীর মায়ের দাবি, হত্যার উদ্দেশ্যেই ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত।


ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন নামের একটি ভবনে মায়ের সঙ্গে বসবাস করে সে।


সিলেটে রনজিত অনুসারিদের ঝটিকা মিছিল, গ্রেফতার তিন জন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১১ পিএম

সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।


পাশাপাশি ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ এবং বিস্ফোরিত ককটেলের উদ্ধার করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


 পুলিশ সুত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা জব্দ করা হয়।


এদিকে,গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, ‘উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ১৩, তারিখ- ১০/১১/২০২৬ খ্রিঃ, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা এবং তৎসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কাজী ছাইয়েদুল আলম বাবুল।

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১০ পিএম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাহেদুল আলম বাবুল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করে এ পদে যোগদান করতে হবে।


কাজী সাহেদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হলেন গ্রেনেট বাবু।

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৭ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব ফিরে পেয়েছেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং-১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।


বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবরের আদেশ এবং স্থানীয় সরকার বিভাগ ও নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নির্দেশনার আলোকে তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল করা হয়। 


এছাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালেকা বেগম এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে পুনর্বহাল হওয়া চেয়ারম্যানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।