বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার (২৮ নভেম্বর)। ভোটের আর মাত্র এক দিন বাকি। কিন্তু অনেক চা শ্রমিক অভিযোগ করছেন, কেন্দ্রীয় কমিটির অনেক প্রার্থীর সঙ্গে এখনো তাঁদের দেখাই হয়নি।
ভোটের আগেই যাঁরা শ্রমিকদের কাছে আসেননি, নির্বাচিত হলে তাঁরা শ্রমিকদের অধিকার নিয়ে কতটা কাজ করবেন, সে প্রশ্ন তুলছেন অনেকে। প্রার্থীরা অবশ্য বলছেন, প্রচারণার সময় খুবই কম। এত অল্প সময়ে দেশের ২৩১টি চা বাগানে গিয়ে সব শ্রমিকের সঙ্গে দেখা করা কঠিন।
অন্যদিকে বিশেষজ্ঞ ও শ্রমিকনেতারা মনে করেন, সমস্যার মূলে আছে কাঠামো। এত বড় পরিসরে একটি মাত্র কেন্দ্রীয় ইউনিয়ন থাকায় নেতাদের সঙ্গে শ্রমিকদের দূরত্ব বাড়ছে, জবাবদিহিও কমছে।
মুরইছড়া চা বাগানের চা শ্রমিক কৌশল্যা উড়াং জানান, আমার চা বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে আসতে দেখিনি। তিনি বলেন, আমি একজন ভোটার, তাই প্রার্থীদের সরাসরি দেখে, তাঁদের কথা শুনে ভোট দিতে পারলে ভালো হতো। কিন্তু করার কিছু নেই। বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভিন্ন লোকজন এসে প্রচার চালাচ্ছেন। অথচ মূল প্রার্থীরাই আসছেন না।
নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ জানান, এখন পর্যন্ত তিনি বেশির ভাগ চাবাগানে প্রচারণা চালিয়েছেন। আরও কিছু বাগানে যাওয়া বাকি রয়েছে। প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে নেতাদের জবাবদিহি থাকা জরুরি। নেতা যিনিই হোন না কেন, তাঁকে জনগণের কাছে যেতে হবে। এতে জবাবদিহি তৈরি হয়। তবে প্রচারণার জন্য সময় খুবই কম হওয়ায় সব বাগানে পৌঁছানো কঠিন হচ্ছে।
পঙ্কজ কন্দ বলেন, আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য হলেও প্রতিটি বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বাকি বাগানগুলোতেও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, অন্তত এক মাস সময় দেওয়া প্রয়োজন। কারণ, প্রতিটি চা-বাগানে শ্রমিকদের নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে। অল্প সময়ে সব বাগানে পৌঁছানো কঠিন।
রাজু গোয়ালা জানান, ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ বাগানে প্রচারণা চালিয়েছেন। তাঁর প্রচারণার মূল লক্ষ্য শ্রমিকদের কাছে নিজের পরিচয় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেন না, এমনকি তাঁদের নামও জানেন না। তাই ভোটারদের কাছে পৌঁছানোর আগে প্রার্থীদের পরিচিতি তৈরি করা জরুরি। বাকি বাগানগুলোতেও প্রচারণা চালানোর চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, আমি নিজেই সিলেটের অনেক চা বাগানে যেতে পারিনি। এখন চেষ্টা করছি যাওয়ার জন্য।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস জানান, এত বড় পরিসরে সারা দেশের চা-বাগান গুলোতে প্রচারণা চালানো শ্রমিক প্রতিনিধিদের জন্য কঠিন। বিশেষ করে যাঁরা প্রকৃত শ্রমিক এবং শ্রমিকদের মধ্য থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁদের পক্ষে সীমিত মজুরি দিয়ে বিভিন্ন বাগানে গিয়ে প্রচারণা চালানো ও ভোটারদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব।
সঞ্জয় দাস বলেন, এ ক্ষেত্রে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগে থেকেই একটি পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল। কীভাবে প্রার্থীরা প্রচারণা চালাবেন, কীভাবে প্রতীকভিত্তিক প্রচারণার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, সেসব বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। এতে শ্রমিকেরা প্রার্থীদের সম্পর্কে জানতে পারতেন এবং নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেতেন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় ও পরিকল্পনা থাকা জরুরি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি ও প্রচারণার সুযোগ থাকলে শ্রমিকেরা তাঁদের প্রকৃত প্রতিনিধিদের চিনতে পারতেন। প্রায় আট বছর পর হঠাৎ করে নির্বাচনের আয়োজন করায় শ্রমিকদের সেই সুযোগ সীমিত হয়েছে। তাঁর মতে, মজুরি আন্দোলনকে আড়াল করার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এদিকে, চা শ্রমিক ইউনিয়নের কাঠামো ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন। তিনি ভারত ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ওই দেশগুলোতে চা শ্রমিকদের একাধিক ইউনিয়ন রয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কায় ৭০ টি ইউনিয়ন রয়েেছে এর মধ্যে চারটি শক্তিশালী ইউনিয়ন রয়েছে, যারা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপস করে না।
ফিলিপ গাইন বলেন, বাংলাদেশে একটি বিশাল ইউনিয়ন পরিচালনা করা কঠিন। ইউনিয়নগুলোকে কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে ইউনিয়নের জবাবদিহি বাড়বে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। এত বড় একটি ইউনিয়নের মাধ্যমে সব শ্রমিকের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা কঠিন হওয়ায় অনেক শ্রমিক বঞ্চিত হন।
শ্রম সংস্কার কমিশনের সদস্য ওবাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত জানান, চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কাঠামো ও নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ইউনিয়ন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয়করণের প্রবণতা, নির্বাচন নিয়মিত না হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতার বিষয়গুলো উঠে আসে।
তপন দত্ত বলেন, ইউনিয়ন গঠনের ক্ষেত্রে জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠন করার সুযোগের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পরিচালনার যে ব্যবস্থা রাখা হয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। অতীতে বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোও এ ব্যবস্থার সমালোচনা করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারাও তা পরিবর্তন করেনি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়নের নির্বাচন নিয়মিত হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তপন দত্ত। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ইউনিয়নকে আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৬৯ কনভেনশনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
মো. ইব্রাহীম ওরফে জীবন।
নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। রাতের আঁধারেও সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম।
ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিবেশ ও রাতের অন্ধকার উপেক্ষা করে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তাঁরা।
সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরলস, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সদা জাগ্রত।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিরোধের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। পরে তিনি মাদক ব্যবসায়ীর উদ্দেশ্য বলেন তিনি মাদক ব্যবসা ছাড়ো। নাইলে জেলে ভরে দেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ,চেয়ারম্যান ,মেম্বার ও জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন,কম্বল ও চেক বিতরণ করা হয়। সেই সাথে স্থানীয় কৃষকদের প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
রাজধানীর বাড্ডায় বাসে আগুন। ছবি: সংগৃহীত
অবশেষে চালু হচ্ছে সিলেটের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র
আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানীর সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানীর সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রান্তিক খামারীদের প্রয়োজনীয় সহযোগীতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানীর লক্ষ্য বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারীদের প্রয়োজনীয় সহযোগীতা নিশ্চিত করা জরুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক আফজাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা তৃষা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রাণিসম্পদ খাত বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের ভূমিকা রয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে অসংখ্য পরিবার গবাদিপশু ও পোলট্রি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।
ফলে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পুষ্টি নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও পারিবারিক আয় বৃদ্ধির সুযোগও সম্প্রসারিত হবে। তবে দেশের প্রাণিসম্পদ খাতকে রপ্তানীমুখী শিল্পে রূপ দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান ও নিরাপদ উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। উন্নত জাতের পশু পালন, বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা, মানসম্মত পশুখাদ্য, নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রাণিজ পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।
এ ক্ষেত্রে প্রান্তিক ও মাঝারি খামারীরাই প্রাণিসম্পদ উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের জন্য সহজ শর্তে ঋণ, কারিগরী প্রশিক্ষণ, সাশ্রয়ী পশুখাদ্য, নিয়মিত চিকিৎসাসেবা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগের মাধ্যমে আধুনিক খামার ও প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলাও সময়ের দাবী।
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা দিনাজপুরে প্রাণিসম্পদ খাতের বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষির পাশাপাশি পরিকল্পিতভাবে গবাদিপশু ও পোলট্রি পালন সম্প্রসারণ, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং খামারীদের প্রযুক্তিগত সহায়তা বাড়ানো গেলে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে এ খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন কেবল প্রদর্শনী বা আনুষ্ঠানিক আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে খামারীদের বাস্তব সমস্যা সমাধান, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগে রূপ দিতে হবে। তবেই ‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের বাস্তব প্রতিফলন ঘটবে।
উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।