প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতে বৌদ্ধদের পক্ষ থেকে বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেন নেতারা
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে- ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি।
বাংলাদেশসহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। প্রতি ধর্মেরই অসংখ্য অনুসারী রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়মনীতি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা। প্রেম, অহিংস এবং সর্বজীবে দয়াও বৌদ্ধ ধর্মের শিক্ষা।
তারেক রহমান বলেন, যেকয়টি বিষয়ে এখানে অনুসরণের কথা বলা হয়েছে, এই নির্দেশনা প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতি নীতি ও অধিকার বিনা বাধায়-স্বাধীনভাবে অনুসরণ-অনুকরণ ও ভোগ করতে পারে-এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণই হচ্ছে আমাদের সরকারের প্রধানতম দায়িত্ব ও অঙ্গীকার। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী প্রতি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময়ে এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী এটি কারো জিজ্ঞাসা ছিল না। তাই, এই স্বাধীন বাংলাদেশ আপনার আমার, আমাদের সকলের।
বর্তমান সরকারের একটি রাজনৈতিক দর্শন 'বাংলাদেশি জাতীয়তাবাদ' উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে, একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং, আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার আপনার আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকে, প্রত্যেক নাগরিক, সকলে 'আমরা বাংলাদেশি'।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা, ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।
এর আগে, প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী-ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর। তবে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায় ছুটি একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
জানা যায়, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এ ছুটি নির্ভর করে। দিবসটির আগে সাধারণত বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে নোটিশ দেওয়া হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।
বড়পির হজরত আবদুল কাদির জিলানির (রহ.) ওফাত (মৃত্যু) দিবস হিসেবে এটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ বলা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের সফরসঙ্গী থাকছেন চার মন্ত্রীসহ ৩৫ জন।
আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সরকারপ্রধানের নিউইয়র্ক সফর ঘিরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। নিজ বক্তৃতায় সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন। তাদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত থাকবেন।
পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন দুই রাজনৈতিক দলের নেতা। তারা হলেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
সরকারপ্রধানের নিউইয়র্কের সফরসূচির বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম বলেন, কার্যকর সফরের জন্য যতক্ষণ সময়ের প্রয়োজন, ততদিনের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ যাচ্ছেন। যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এবং সুশাসন প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকটের সমাধানসহ মোট ৫টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।
এ ছাড়াও বাংলাদেশ দু’টি সাইডলাইন ইভেন্টের আয়োজন করেছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে অনেক সময় অনেক কিছুই যোগ-বিয়োগ হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি আমাদের জন্য একদিকে যেমন বিরল ও ঐতিহাসিক মুহূর্ত, তেমনি অন্যদিকে বিশেষ মর্যাদা ও গৌরবের বিষয়।
পররাষ্ট্র সচিব জানান, বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্যদিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে। সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে সরকারপ্রধানের দেশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ‘সংক্ষিপ্ত’ সময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তার মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আশা করি রামিসা হত্যার বিচারের মত এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব।”
১৩ বছর বয়সি অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার বিকালে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি তখন পাওয়া যায়নি।
রোববারের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সর্বশেষ হিসাব মতে আগে তিনজন, আজকে একজন, চারজন গ্রেপ্তার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে।"
যে কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের কম হতে পারে বলে ধারণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “এদের সাথে অপ্রতিমের সম্পর্ক, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল, প্রায় সময় আড্ডা দিত।”
কুমিল্লার পুলিশ জানিয়েছিল, অপ্রিতম সেদিন যাদের সঙ্গে বেরিয়েছিল, তাদের একজন, তুহিনের বাসা থেকেই আইফোনটি উদ্ধার করা হয়।
তুহিনকেই ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোবাইলসহ সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ ধারায় জবানবন্দি করানো যায় কিনা এগুলো নিয়ে কাজ করছে।"
পে-স্কেল
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই কাঠামোতে জেলা-উপজেলা পর্যায়ে সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন দাঁড়াচ্ছে ৩৩ হাজার ২৫০ টাকা।
অন্যদিকে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ পদে ভাতাসহ মোট বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা।
অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী, বিশেষ গ্রেডে থাকা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও অন্যান্য ভাতা যোগ হয়ে তাদের মোট বেতন দাঁড়াবে ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এর বাইরে তারা সার্বক্ষণিক গাড়িসুবিধাসহ অন্যান্য সরকারি সুবিধা পাবেন।
সাধারণ গ্রেডগুলোর মধ্যে ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা, যার ফলে তাদের মোট বেতন হবে প্রায় সোয়া দুই লাখ টাকা। আর বিসিএস দিয়ে চাকরিতে প্রবেশ করা নবম গ্রেডের তরুণ কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে ৪৪ হাজার টাকা, যা বিভিন্ন ভাতা মিলে দাঁড়াবে ৬০ হাজার টাকার কিছু বেশি।
অন্যদিকে সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত এই বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
তবে কর্মকর্তা-কর্মচারীরা পুরো বর্ধিত মূল বেতন একবারে পাবেন না; এটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছর জুড়ে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বাড়িভাড়াসহ সিংহভাগ নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন আদেশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে অঞ্চলভেদে বাড়িভাড়া ভাতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন চিকিৎসাসেবা ও বৈশাখী ভাতার নতুন হার নির্ধারণ করেছে সরকার।
সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
অপ্রতিম হত্যাকাণ্ডের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। বাকি একজনের সম্পৃক্ততার বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাদর দক্ষিণের সানন্দা এলাকার নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯), সালমানপুর এলাকার মমিন হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), সদর উপজেলার হাতিগাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫) ও সদর দক্ষিণের এলাহিপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম।
পুলিশ সুপার জানান, জিডির পরপরই আমরা তদন্ত শুরু করি। আমরা আশাপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখি, অপ্রতিমকে নির্জন জঙ্গলে নিয়ে যান তুহিন। মূলত আইফোনটির দিকে নজর ছিল তুহিনের।
এ হত্যাকাণ্ডে সরাসরি ফাহাদ ও ফাহাদের বন্ধু কামরুল জড়িত ছিল। তুহিনের তথ্যে ফাহাদকে গ্রেপ্তার করা হয়। ফাহাদ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে কামরুলও জড়িত।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে জব্দ করা স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণালংকারসহ ওমানের মাসকাট ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে ৫৩১ গ্রাম ওজনের ওই স্বর্ণালংকারসহ তাকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানিয়েছে। বিমানবন্দর কাস্টমস জানায়, শুক্রবার গোপন সংবাদে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে মধ্যপ্রাচ্য থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে। এমন সংবাদের পর ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে সন্দেহভাজন যাত্রী মো. হাসান মুরাদের ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।
একপর্যায়ে তার ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্ট আকারের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে প্রক্রিয়াকরণের পর ওই পেস্ট থেকে ২৪ ক্যারেটের ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণপিণ্ড পাওয়া যায়। সেই সঙ্গে ওই যাত্রীর দেহ তল্লাশিকালে প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫ পিস বিভিন্ন ধরনের স্বর্ণালংকার জব্দ করা হয়।
সবমিলিয়ে জব্দ করা স্বর্ণের মোট ওজন ৫৩১ গ্রাম। শুল্ক-করসহ যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা। এ ঘটনায় স্বর্ণালংকারসহ আটক ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
সেই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে আর কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, স্বর্ণের উৎস ও গন্তব্য কোথায় এবং এর নেপথ্যে কারা জড়িত- এসব বিষয়ও খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।