সরকারি দামে মিলছে না সার

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৭ এএম

চলতি আমন মৌসুমে জয়পুরহাট ও মেহেরপুরে সারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। জয়পুরহাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সারের দাম নেওয়া হচ্ছে আকাশচুম্বী। 


সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। অন্যদিকে মেহেরপুরে দেখা দিয়েছে টিএসপি সারের ব্যাপক সংকট। রসিদ ছাড়াই ইচ্ছেমতো চড়া দামে সার বেচাকেনা করছে স্থানীয় সিন্ডিকেট। এভাবে বাড়তি দামে সার কিনে আবাদের উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯৭ ভাগ জমিতে রোপণ কাজ সম্পন্ন হয়েছে। তবে ধানক্ষেতের পরিচর্যায় নেমে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হাঁকাচ্ছেন। 


চাষিরা জানান, ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম এক হাজার ৩৫০ টাকা। অথচ খুচরা ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে এক হাজার ৯০০ টাকা থেকে এক হাজার ৯৫০ টাকা পর্যন্ত। একইভাবে এক হাজার ৩৫০ টাকার টিএসপি সার বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায়। এক হাজার ৫০ টাকার ডিএপি সার এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা এবং এক হাজার ৫০ টাকার এমওপি সার বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়। 


জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার কৃষক আমিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দোকানে তালিকামূল্য ঝোলানো থাকলে কী হবে, দাম তো বেশিই নিচ্ছে। মেমো চাইলে সারই দিতে চায় না। আবাদে লোকসানের শঙ্কা প্রকাশ করে ক্ষেতলালের হাটশহর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সারের পাশাপাশি অন্যান্য খরচও বেড়ে গেছে। কিন্তু ধানের দাম তো বাড়ে না।’ 


চাষিদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ক্ষেতলালের সার ব্যবসায়ী শাহজামান তালুকদার বলেন, ‘কৃষকদের অভিযোগ সত্য। নজরদারি করলে কৃষকরা উপকৃত হবেন।’ 


তবে জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি রওনকুল ইসলাম চৌধুরী বলেন, ‘চাহিদার তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। তবে প্রত্যন্ত এলাকায় যদি কোনো সমস্যা থাকে ব্যবস্থা নেওয়া হবে।’ বিসিআইসির কোনো ডিলার সারের দাম বেশি নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম সাদিকুল ইসলাম বলেন, জেলাজুড়ে ডিলার পয়েন্টে কর্মকর্তাদের ফোন নম্বর দেওয়া আছে। সারের দাম বেশি নেওয়ার প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 


মেহেরপুরে তীব্র সার সংকট 


এদিকে মেহেরপুরের পরিস্থিতি আরও আশঙ্কাজনক। জেলায় চলতি মৌসুমে ২৬ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সার বরাদ্দ কম মেলায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। 


আমন মৌসুমে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপি সারের ব্যাপক প্রয়োজন থাকলেও চাহিদার তুলনায় মাত্র ৫০ থেকে ৬০ ভাগ বরাদ্দ পাওয়া যাচ্ছে। বিশেষ করে টিএসপি সারের সংকট প্রকট আকার ধারণ করেছে। সরকারি ডিলারের কাছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ৫-১০ কেজির বেশি টিএসপি মিলছে না। 


সদর উপজেলার উজুলপুর গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন, ‘এক হাজার ৩৫০ টাকা বস্তার সার এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা দাম হাঁকাচ্ছে। বাকিতে নিলে এ দাম আরও বাড়িয়ে বলছে। বাধ্য হয়ে উচ্চমূল্যেই সার কিনতে হচ্ছে।’ 


কলাচাষি আবেদ আলী তাঁর কষ্টের কথা জানিয়ে বলেন, ‘আমার ৮ বিঘা কলার জমিতে ৮ বস্তা টিএসপি দরকার। ডিলারের কাছে সারাদিন ধরনা দিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে একটি আইডি কার্ডে ১০ কেজি টিএসপি পেয়েছি।’ 


বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, ‘বর্তমানে বেশি সংকট হচ্ছে টিএসপি সারের। বরাদ্দ অনুযায়ী চার ভাগের এক ভাগ সারও পাওয়া যাচ্ছে না।’ তবে বেশি দামে বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন। 


মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সনজীব মৃধা বলেন, ‘মেহেরপুরে একই জমিতে বছরে তিন-চারবার ফসল চাষ করা হয়। এতে অতিরিক্ত সারের দরকার হয়। তাই ঘাটতি তৈরি হয়েছে।’ 


মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ‘সার সংকট নিরসনে কৃষি বিভাগকে উদ্যোগ নিতে বলেছি। আশা করছি দ্রুত সংকট নিরসন হবে।’  


এদিকে, মেহেরপুরের গাংনীতে ২০ বস্তা সারসহ একটি অটোভ্যান আটক করে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা বাজারে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অটোভ্যানচালক শাহাবুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 


গাংনী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরাফাত মিয়া বলেন, আটক করা ২০ বস্তা সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। 


ইটনায় নতুন নীতিমালায় লোকসান, তিন ডিলারের লাইসেন্স সমর্পণ 


কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যবসায়ে লোকসানের কারণ দেখিয়ে তিন বিসিআইসি ডিলার উপজেলা কৃষি অফিসে লাইসেন্স জমা দিয়েছেন। 


প্রদীপ কুমার পাল, সাজ্জাদ মিয়া ও সঞ্জয় সাহা নামের এই তিন ডিলার জানান, নতুন নীতিমালায় জামানত দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউনিয়নে ডিলারের সংখ্যা বাড়লেও মোট বরাদ্দের পরিমাণ একই থাকছে। এভাবে লস দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়। 


কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, শূন্য হওয়া তিনটি ডিলার পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে; আগামী ৩১ আগস্ট আবেদনের শেষ তারিখ। 



সর্বশেষ সব খবর

রাজশাহীর পবায় পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে বোমা হামলা হয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২০ পিএম

রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র এবং গোপালগঞ্জে কার্যালয়ে হামলার ঘটনার পর দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার এই নির্দেশ দিয়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে চিঠিতে।

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, যানবাহন-বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা-সংঘর্ষের মধ্যে বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

এসব ঘটনায় সরকারের তরফে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নাম আসছে। পুলিশের পক্ষ থেকে এ দলটির কর্মসূচি ঘিরে সহিংতার কথা বলা হয়েছে। শনিবার রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্র, ভূমি অফিস ও নগর ভবন, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং পাবনায় ছাত্রদলের মিছিলে হামলার খবর এসেছে। রোববার বেড়া থানায় ককটেল নিক্ষেপ করা হয়। শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন।

এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ নিরাপত্তা জোরদার করার জন্য ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিল।

যেসব কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

এছাড়া রয়েছে আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি, সিপিজিসিবিএল, নওপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল ও আরএনপিএল।

বিপিডিবির পৃথক নির্দেশনা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (বিপিডিবি) তাদের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও গুদামসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত নির্দেশনায় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।



বিদ্যুৎ স্থাপনাগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত আগের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

রাজশাহীতে হামলা, গোপালগঞ্জে সতর্কতা

শুক্র ও শনিবার রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় দিনের হামলায় আগুন ধরে যায়। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

রোববার ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পুরো গোপালগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করে ওজোপাডিকো।

রাজনৈতিক কর্মসূচির সময় বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা না করার অনুরোধ জানায় কোম্পানিটি।

ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছিলেন, গত ১৯ নভেম্বর তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে হামলার আশঙ্কায় কর্মীরা বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন।

সর্বশেষ সব খবর

ছবি: আর অ্যান্ড আর এভিয়েশনের ওয়েবসাইট।

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

সিকদার গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের আটটি ‘এয়ারক্রাফট’ জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব ‘এয়ারক্রাফটের’ মধ্যে বেশির ভাগই হেলিকপ্টার, একাধিক উড়োজাহাজও আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন। দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এয়ারক্রাফটগুলো জব্দ চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা লুটের অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর মধ্যে রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানায় আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামে ‘এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত’ ব্যবসা আছে।

প্রতিষ্ঠানটি ‘এয়ারক্রাফট অপারেটর’ হিসেবে নিবন্ধিত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইটসহ উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে বলে আবেদনে বলা হয়। গোপন তথ্যের বরাতে দুদক বলেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রির চেষ্টা করছেন।

আবেদনে যে আটটি ‘এয়ারক্রাফটের’ কথা বলা হয়েছে, তার মধ্যে ছয়টি হেলিকপ্টার ও দুটি উড়োজাহাজ। হেলিকপ্টারগুলোর মধ্যে রয়েছে দুটি রবিনসন-৬৬, একটি বেল-২৩০, দুটি ইউরোকপ্টার ইসি-১৩০ বি৪ এবং একটি বেল-৪৩০ মডেলের।

অন্যদিকে, দুটি উড়োজাহাজের মধ্যে একটি হকার-৮০০এ বিজনেস জেট এবং একটি পিয়াজিও পি১৮০ আভান্তি-২ টার্বোপ্রপ। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি পায় সিকদার গ্রুপ।

২০২৪ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়েই অর্থপাচারের অভিযোগে রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রন হক সিকদার ও তার ভাইদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুই ভাইয়ের মধ্যে রন হক সিকদার গত ৪ মে দুবাইয়ে মারা যান।

সর্বশেষ সব খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।


শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জানতে চান। উত্তরে মন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের (পদ্মা সেতুর এদিক-ওদিক থেকে গিয়ে) মধ্যকার অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।


ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে কক্সবাজারের ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’


আজ অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেই সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কক্সবাজারের সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।


আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এটিএম রেজাউল হক রতন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।


মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।


এদিকে বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ সব খবর

মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৬ এএম

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।




সর্বশেষ সব খবর

মো. রফিকুল আলম

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়া কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত।


বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

সর্বশেষ সব খবর