স্বর্ণের দাম ফের ঊর্ধ্বগতি

  • প্রকাশ : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬, সময় : ১০:১৯ এএম

চলতি আগস্ট মাসে স্বর্ণের দাম ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৪০০ ডলারে পৌঁছেছে। এতে ইঙ্গিত মিলছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মূল্যবান ধাতুটি আবারও আকর্ষণীয় হয়ে উঠছে। 


ফলে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে থাকা স্বর্ণের বাজারে আরও দাম বাড়ার সুযোগ তৈরি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর স্বর্ণের দাম জানুয়ারিতে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলার থেকে জুনে ৪ হাজার ডলারের নিচে নেমে যায়। তেলের দাম বাড়ার মধ্যে বিনিয়োগকারীরা নগদ অর্থ বা তারল্য ধরে রাখার দিকে ঝুঁকেছিলেন।


একই সময়ে কিছু কেন্দ্রীয় ব্যাংক অভ্যন্তরীণ অর্থনীতিকে সহায়তা করতে তাদের রিজার্ভ ব্যবহার করেছিল। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘মনে হচ্ছে যেন স্বর্ণের ওপর থেকে অবশেষে হ্যান্ডব্রেকটি সরিয়ে নেয়া হয়েছে।’ 


চলতি মাসে স্বর্ণের দাম দুটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ স্তর অতিক্রম করেছে। এর পেছনে সহায়তা করেছে তেলের দাম কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের দুর্বল মুদ্রাস্ফীতির তথ্য। এসব কারণে ভবিষ্যতে সুদের হার বাড়ার প্রত্যাশাও কমেছে।

 

এইচএসবিসির প্রধান মূল্যবান ধাতু বিশ্লেষক জেমস স্টিল বলেন, ‘যদি তেল আবার প্রধান আকর্ষণ না হয়ে ওঠে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি না ঘটে এবং তেলের দাম না বাড়ে, তাহলে স্বর্ণের দাম বাড়ার পথটিই সবচেয়ে সহজ হবে।’

 

গত দুই সপ্তাহে স্বর্ণের দামে শক্তিশালী পুনরুদ্ধার দেখা গেছে। স্টিলের মতে, এতে বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংক বা সার্বভৌম সম্পদ তহবিলগুলো স্বর্ণ কিনতে সক্রিয় ছিল। তবে তিনি এটিকে নিশ্চিত তথ্য নয়, বরং একটি অনুমান হিসেবে উল্লেখ করেছেন।

 

স্বর্ণের বড় বারের প্রাতিষ্ঠানিক চাহিদাও এর দাম বাড়ার আরেকটি সম্ভাব্য কারণ। চীনসহ এশিয়ার বিভিন্ন বাণিজ্যকেন্দ্রে স্বর্ণের প্রিমিয়াম নতুন করে কেনার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে চীনে স্বর্ণের প্রিমিয়াম ছিল প্রতি আউন্স ১.৫০ ডলার। 


স্টিল বলেন, ‘আমার মনে হয়, এটি আসলে ইরানের সঙ্গে সংঘাতের আগে বড় বড় প্রতিষ্ঠানগুলোর যে অবস্থান ছিল, তা পুনর্গঠন করা।’

 

তবে স্বর্ণের দাম বাড়ার পথে কিছু বাধাও রয়েছে। ইরান যুদ্ধ শেষ করার আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা, গহনা ও মুদ্রার চাহিদা কমে যাওয়া এবং সুদের হারের প্রতি সংবেদনশীল স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের প্রবাহ কম থাকায় বুলিয়নের ঊর্ধ্বগতি সীমিত হচ্ছে।

 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথমার্ধে স্বর্ণ-সমর্থিত ইটিএফগুলোতে মাত্র ৭ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ এসেছে। অথচ এসব তহবিলের ব্যবস্থাপনায় থাকা মোট সম্পদের পরিমাণ ৫৮২ বিলিয়ন ডলার।

 

স্বর্ণের দাম আরও বাড়ার পথে প্রযুক্তিগত কিছু সংকেতও বাধা হয়ে দাঁড়াতে পারে। রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) বলছে, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে ‘ওভারবট’ বা অতিরিক্ত কেনার পর্যায়ের দিকে এগোচ্ছে। একই সময়ে ২০০ দিনের মুভিং অ্যাভারেজ, যা বর্তমানে ৪ হাজার ৫০৪ ডলারে রয়েছে, স্বর্ণের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ স্তর হিসেবে কাজ করছে।




এলএনজিবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৪ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে মহেশখালী-মাতারবাড়ী এলাকায় নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে একদিকে আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়বে, অন্যদিকে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিও তীব্র হতে পারে।


‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।


প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন ডলার এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।


জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে।



প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, এলএনজির গড় দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমে গেলে এ ব্যয় সাত বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় ব্যাপকভাবে নির্ভরশীল থাকবে।


প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, জাপানি কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠী বাংলাদেশকে এলএনজির ওপর বিপজ্জনক নির্ভরশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষের জীবন ও নিরাপদ জলবায়ু ঝুঁকির মুখে পড়বে।


তিনি বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমআইডিআইয়ের আওতায় প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এ পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি। এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। পাশাপাশি বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকিও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।


ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, এমআইডিআই মাস্টারপ্ল্যানের আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলে বাংলাদেশ বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে দেশের তৈরি পোশাকশিল্পেও।


তিনি বলেন, পুরোনো ধাঁচের জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামোয় বিনিয়োগ না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।


প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের প্রতিশ্রুতি জোরদার করছে। বাংলাদেশের শিল্প খাতের নেতারাও নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং শিল্পকারখানায় বিদ্যুতের ব্যবহার বাড়াতে ইউনিক্লোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সহায়তা চাইছেন।


এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। অথচ এসব সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা বেশি গুরুত্ব পাচ্ছে। সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর এবং যন্ত্রাংশ আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।


মুনিরা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বাতাস প্রয়োজন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দূষণ ও জলবায়ু ঝুঁকি আরও বাড়ানোর প্রয়োজন নেই। জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো জাপানি কোম্পানিগুলোর জন্য সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।


প্রতিবেদনে মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণও তুলে ধরা হয়েছে। জাপানের সহায়তায় নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার এ প্রকল্পে প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। প্রকল্পটির সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, নদীর ক্ষতি, দূষণ, ঋণ ও দুর্নীতির অভিযোগের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি নির্মাণের সময় ২০ হাজারের বেশি লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদক তাঁদের জীবিকা হারিয়েছেন।


এ অবস্থায় বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা করে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে প্রতিবেদনটি। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন এবং সৌর ও বায়ুবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৬ পিএম

রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর থেকে ছাড় দেওয়া হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।


অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশের শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে।


অন্যদিকে কমলা ও আপেল আমদানিতে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে।এ সময়ে এ দুই পণ্যের ওপর আরোপণীয় নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে খেজুরের চার ধরনের পণ্যকে সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর।


এ ছাড়া নির্দিষ্ট এইচএস কোডের আওতায় কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।


কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।


প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩০ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।’


ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।


গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৮ পিএম

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে পোশাক কারখানাগুলোতে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। গামেন্টস শ্রমিক আন্দোলনের কারণে স্ট্যান্ডার্ড গ্রুপের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পোশাকের চালান সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটি আর্থিক ও বাণিজ্যিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছে স্ট্যান্ডার্ড গ্রুপ।


অথচ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায় সেই আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার জন্য সন্দেহভাজন প্রতিষ্ঠানের নামের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের নাম রয়েছে। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ কর্তৃপক্ষ।


স্ট্যান্ডার্ড গ্রুপ ১৯৮৩ সালে কর্পোরেট কার্যক্রমের আওতায় পোশাক ও অ্যাপারেল উৎপাদন কার্যক্রম শুরু করে। পাট শিল্পের পরবর্তী পর্যায়ে বাংলাদেশে যে নতুন শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, এটি ছিল তারই একটি সফল মাইলফলক। বর্তমানে স্ট্যান্ডার্ড গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। গ্রুপটি কখনোই শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। দেশের তৈরি পোশাকশিল্পের একটি বৃহৎ প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে। গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম সবসময় প্রচলিত আইন, বিধিবিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে।


এছাড়া গ্রুপটি নিয়মিত সরকারের কোষাগারে উল্লেখযোগ্য রাজস্ব প্রদান করে আসছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের রিজার্ভকে শক্তিশালী করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৪ পিএম

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জানুয়ারি থেকে নতুন হারে মজুরি কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ জন্য সংশ্লিষ্ট বোর্ডকে দ্রুত দায়িত্ব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের পেছনে ইন্ধনদাতাদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি কার্যক্রমের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। বিনিয়োগ ও বাণিজ্য কখনো অনিশ্চয়তা পছন্দ করে না। দেশের স্বার্থে সবাইকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অসৎ উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খতিয়ে দেখবে।

চীন-বাংলাদেশ যোগাযোগ করিডোর প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সরাসরি উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে চীন ও মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। যোগাযোগব্যবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা গেলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে পারবে। এতে দেশগুলোর মধ্যে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক সম্পর্কও জোরদার হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে রপ্তানিতে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল থাকতে চায় না সরকার। পোশাকের বাইরে নতুন নতুন পণ্য রপ্তানির সুযোগ খুঁজে দেখা হচ্ছে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে।

স্বাস্থ্য খাতে বরাদ্দ ও সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের প্রায় দ্বিগুণ। দীর্ঘদিন পর স্বাস্থ্য খাতে জিডিপির এক শতাংশের বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায়ও গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রী আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে সিলেটে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্পে পরামর্শক নিয়োগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে পরামর্শক নিয়োগ শেষ হতে পারে। এরপর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১২০০ শয্যার জেনারেল হাসপাতাল এবং এর অধীনে ২৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদনও পাওয়া গেছে।

সিলেটে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এতে হাসপাতালটির শয্যাসংখ্যা প্রায় ৪০০ থেকে ৪৫০টি বাড়বে। সিলেট ডায়াবেটিক হাসপাতাল ও কিডনি হাসপাতালের মতো বেসরকারি উদ্যোগে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

সিলেটকে আন্তর্জাতিক ডেন্টাল চিকিৎসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত ও আস্থাশীল চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি রোগীদের আকৃষ্ট করা সম্ভব। তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বিভিন্ন দেশের মানুষ যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে সিলেটেও উন্নত ডেন্টাল চিকিৎসাসেবা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশে এসে দাঁতের চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরির প্রত্যাশা রয়েছে।

ডেন্টাল শিক্ষায় নারীদের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৩৫ শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনই নারী। চিকিৎসাশিক্ষায় নারীদের এই অংশগ্রহণ ইতিবাচক।

প্রতিষ্ঠানটির ১২ বছরের পথচলাকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কলেজটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার সুযোগ থাকলে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডেন্টাল কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৪০ পিএম
  • আপডেট : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৪০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

‘এআই-পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে চলছে তিন দিনব্যাপী আয়োজন

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ-২০২৬ উদ্বোধন


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৪০ পিএম

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬ শুরু হয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।


এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই-পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারের মাধ্যমে দেশের পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল।


বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।


এবারের মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আয়োজনটি সফল করতে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।


২০ দেশের পর্যটন প্রতিনিধিদের অংশগ্রহণ

টানা ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার ১৪তম আসরে পা রেখেছে বিটিটিএফ। আয়োজকদের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন মেলায় পরিণত হওয়া এ আয়োজনে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ প্রায় ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


মেলায় থাকছে ২০০টিরও বেশি বুথ ও স্টল এবং ২২০টির বেশি এক্সিবিটর। পাশাপাশি ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা (কোয়ালিফায়েড বায়ার), ২ হাজার ৫০০ জনের বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলাটি পর্যটন খাতের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, “বাংলাদেশের পর্যটন খাত আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন এক যুগে প্রবেশ করছে। বিটিটিএফের মতো প্ল্যাটফর্ম দেশের পর্যটন খাতকে বিকশিত ও বিশ্বের মানচিত্রে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের চর্চা বাড়াতে অনন্য ভূমিকা রাখছে। দেশের পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।


টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ মেলা দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে যথাযথ ও যুগোপযোগীভাবে তুলে ধরবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবারের মেলায় এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, জিডিএস পার্টনার সেবার, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, ডিজিটাল পার্টনার মায়েস্ট্রো, অডিও-ভিজ্যুয়াল পার্টনার প্যানোরামা পিসি ক্রিয়েটরস ও রুচি এবং ভেন্যু পার্টনার বিসিএফসিসি।


আয়োজকেরা জানান, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা, বিদেশি পর্যটন সংস্থা ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপন এবং দেশীয় পর্যটনের বিকাশে কাজ করে যাচ্ছে টোয়াব। বিটিটিএফ-২০২৬-এর মাধ্যমে দেশের পর্যটন খাতে নতুন বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।