ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির সংক্রান্ত অভিযোগের কপি সরবরাহের অভিযোগে বিজ্ঞান শাখার ৪ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোহন মিয়ার স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। শোকজপ্রাপ্ত ৪ প্রভাষক হলেন—জীববিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান, রসায়ন বিভাগের আকিবুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের নির্মল চন্দ্র বিশ্বাস।


নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভাপতির বরাবরে দেওয়া একটি অভিযোগপত্রের অনুলিপি কমিটির সিদ্ধান্ত জানানোর আগেই সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।


তবে শোকজপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানের অন্য অনিয়ম আড়াল করতে এবং তাদের দাবিয়ে রাখতে পরিকল্পিতভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। কোন শিক্ষক কোন সাংবাদিকের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করেছেন, নোটিশে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও তাদের দাবি। তাদের প্রশ্ন, প্রায় ২ মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এখন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে?


শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মোহন মিয়া এমপিওভুক্তির জন্য শিক্ষা সচিবকে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, ওই টাকা অধ্যক্ষের ছেলের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা ফেরত চেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আফজাল শাহ লিটনের কাছে বিচার দেন। এরপর থেকেই তাকে ও অন্য শিক্ষকদের দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ শোকজ দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।


এদিকে, নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।


প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম, কলেজের দোকান ভাড়া এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।


শোকজের বিষয়ে জানতে চাইলে নবমনোনীত পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘তারা অভিযোগের কপি সাংবাদিকদের কাছে দেবেন কেন? এটি অন্যায় করেছেন, সে কারণেই শোকজ করা হয়েছে। পরিচালনা কমিটির নিজস্ব ক্ষমতাবলে আমরা শোকজ করেছি।’


তবে শিক্ষকদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করাকে কেন অন্যায় বা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে—এমন প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেননি তিনি।


অধ্যক্ষ মোহন মিয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলোকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘শোকজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’


এ বিষয়ে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে রয়েছে। তারা পড়াশোনার চেয়ে রাজনীতির দিকে বেশি মগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


এ বিষয়ে বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, ‘প্রতিষ্ঠানটিতে আওয়ামী লীগ সরকারের আমলেও অস্বচ্ছতা ছিল, এখনও তা বন্ধ হয়নি। আওয়ামী লীগ পদধারী নেতা এই অধ্যক্ষকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।’


মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রাজিব দেব রাজু বলেন, ‘সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া কোনো অন্যায় হতে পারে না। এখানে তো অফিসিয়াল গোপনীয়তা লঙ্ঘনের বিষয় নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি আশাবাদী, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্য মহোদয় বিষয়টি হস্তক্ষেপ করবেন।’


প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ, শিক্ষকদের পাল্টা অভিযোগ এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার ঘটনায় শোকজ—সব মিলিয়ে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



সর্বশেষ সব খবর

চট্টগ্রামে পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ সিএমপির

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫০ পিএম

চট্টগ্রাম নগরের ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সম্প্রতি এলজিইডি ভবন ও ভূমি অফিসসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, পুলিশ বক্সের নিরাপত্তা জোরদার এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের নিয়মিত কাজ। নগরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সব সময় প্রস্তুত রাখা হয়েছে।


সিএমপি সূত্র জানায়, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিসে হামলার পর নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।


এর আগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এদিকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন শামসুল হক। সম্প্রতি ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হিসেবে পদায়ন করা হয়।


দায়িত্ব গ্রহণের পর শামসুল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর ঘিরে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।


অন্যদিকে শুক্রবার জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ থেকে আওয়ামী লীগের অনুসারীরা একটি মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা তিনটি সড়ক দিয়ে ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় ২০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সব খবর

বাম পাশে: আসাদুল, ডান পাশে: মাহবুব

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১০ বছর বয়সী শিশু মো. সাইদুল ইসলাম সাইদুর হত্যা মামলায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল নামে এক কিশোরকে হেফাজতে নেওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই শ্রেণিতে পড়ুয়া ইয়াসিন নামে আরেক কিশোরকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে হেফাজতে নেওয়া আসাদুল উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তার পরিবার দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করলেও সাম্প্রতিক সময়ে সে গ্রামে একাই থাকছিল। আসাদুল মৃত মরম আলীর ছেলে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আসাদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গানগর গ্রামের ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। স্থানীয়দের দাবি, ইয়াসিন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজেকে ‘গ্যাংস্টার’ হিসেবে উপস্থাপন করত। তার মাদক গ্রহণ নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইয়াসিনের একা বসবাস করা একটি ঘর থেকে টেপ ও টিস্যু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই ঘরের পাশের একটি ঝোপ থেকে নিখোঁজ শিশু সাইদুলের ব্যবহৃত জুতা পাওয়া গেছে বলেও জানা গেছে।

তবে এসব আলামত উদ্ধারের সঙ্গে ইয়াসিনের সম্পৃক্ততা কিংবা শিশু সাইদুর হত্যাকাণ্ডে তার সরাসরি ভূমিকার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় বাঞ্ছারামপুরজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে কিশোরদের অপরাধপ্রবণতা, মাদকের বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা আলামত পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪২ পিএম

বর্ণাঢ্য আয়োজন আর পুরোনো দিনের স্মৃতিচারণে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বসে এ মিলনমেলার আসর।


অনুষ্ঠান শুরু হয় কলেজ ক্যাম্পাস থেকে বের করা বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে। র‍্যালিটি রাজশাহী বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।


পরে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা। এতে বক্তব্য দেন ১৯৮৬ ব্যাচের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ড. গাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোশারফ আলী খান, কেন্দ্রীয় সংগঠক গাজী মাহমুদ কামাল এবং অনুষ্ঠানের আয়োজক ফিরোজ আহমেদসহ অন্যরা।


আলোচনায় বক্তারা শিক্ষাজীবনের পুরোনো স্মৃতি, বন্ধুত্বের সম্পর্ক এবং দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ার আনন্দ ভাগ করে নেন। বয়সের ব্যবধান আর সময়ের দূরত্ব পেরিয়ে বন্ধুদের এই মিলন যেন ফিরিয়ে আনে ফেলে আসা দিনগুলোর গল্প।


সবশেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি কাটান অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১২ পিএম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর  দুপুর ২টার দিকে তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি–সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়।


এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. সানোয়ার আলম।




সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল। সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু।


সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটির ঘোষিত ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ কর্মসূচির আওতায় নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সানোয়ার আলম বলেন, আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। অন্যথায় দেশ আবারও গভীর সংকটের মুখে পড়তে পারে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।


সভায় জেলা ও বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৫ পিএম

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং প্রচারণা।


গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 


সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম এলাকাগুলোতে টহল কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হচ্ছে এটিভি।


এ ছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তসংক্রান্ত অপরাধের বিষয়ে স্থানীয়দের সতর্ক ও সচেতন করা হচ্ছে।


এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। 


অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর