লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণ বোঝাই একটি বলগেট ডুবে মো. সাবের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বলগেটে থাকা আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাবের চট্টগ্রামের কর্ণফুলী থানার আবু আলীর ছেলে। তিনি ডুবে যাওয়া বলগেটের বার্বুচি ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের বলেন, বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই এমভি তানিম হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে পৌঁছালে বলগেটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলারের সহযোগিতায় বলগেটে থাকা আট মাঝি-মাল্লাকে উদ্ধার করে তীরে নেওয়া হয়।
তবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত বলগেটটি সম্পূর্ণ তলিয়ে গেছে। দুপুরের দিকে বার্বুচি মো.সাবেরকে চট্টগ্রামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, দুর্ঘটনার বিষয়টি তাদের জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরিধান ও হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদের সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে নোয়াখালীতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে সিআইডি বাংলাদেশ পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি জ্যাকেট, তিনটি ওয়াকিটকি ও একটি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মো.নজরুল ইসলাম। এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনীর ব্রাইট হাউজে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সাতজন হলেন, লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের মো. শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর মো. নাদির (২৯) এবং ঢাকার মো. শরীফ মিয়া (৫৫)।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই বাসার বাসিন্দা মো. আতাউর রহমান (৬২) অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
এ সময় জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরীকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরা এবং হাতে ওয়াকিটকি থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম, রুবেল হোসেন ও মো. নাদিরকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে তিনটি জ্যাকেট ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে বাসার সামনে থাকা ঢাকা মেট্রো-চ-১৪-৮২৪৫ নম্বরের একটি এক্স-নোহা গাড়ি থেকে মো. শরীফ মিয়াকে আটক করা হয়। ওই গাড়ি থেকেও পুলিশের ব্যবহৃত জ্যাকেটের আদলে তৈরি আরও একটি গাঢ় খাকি রঙের জ্যাকেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেপ্তার শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের শরিয়াহ মোতাবেক বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে গত ২১ জানুয়ারি ২০২৬ তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরী সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি পোশাক পরে ও ওয়াকিটকি হাতে নিজেদের সিআইডি কর্মকর্তা পরিচয়ে আতাউর রহমানের বাসায় প্রবেশ করেন। পরে শুভ চৌধুরী, রুবেল হোসেন ও নাদিরও সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তারা তাসনীমুল জান্নাত ওরফে মালিহাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন।
ওসি মো.নজরুল ইসলাম আরও বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় কোহিনুর বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামের জুড়কাঠি শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম ওই এলাকার মৃত শানু আকনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে কোহিনুর বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর পড়ে থাকেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পরিবহনটি শনাক্ত করে আটক করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আজ পাসপোর্ট অফিসের সামনে বাব্বি নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে, নিহত বাব্বির ছবি ব্যবহার না করে একই বা কাছাকাছি নামের অন্য একজন রাব্বির ছবি দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এ ধরনের ভুল শুধু সংবাদে বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের জন্যও বিব্রতকর ও মানসিকভাবে কষ্টদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় ছবি ও পরিচয় প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের আরও সতর্কতা ও তথ্য যাচাই করা জরুরি।
ভুল তথ্য ও ছবি দ্রুত সংশোধন করে সঠিক ব্যক্তির পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় একটি বোটসহ ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
আটকরা হলেন, হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), হানিফ (২৬), আবুল মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার পলাশ (১৮)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করা হয়, যার বাজার মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় বোটটিসহ ৫ জনকে আটক করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, আটকদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় মামলা করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নসহ শিক্ষা কার্যক্রমের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এর সভাপতিত্বে উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা জামিল আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা তথ্য আপ ছোয়া তামান্না, আইটি এক্রপার্ট তাওহিদ, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. রাব্বী (২৭)
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার দোকানের ভেতরে ঢুকে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি হামলা চালালে রাব্বী আত্মরক্ষার্থে নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা পিছু নিয়ে সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
কোতোয়ালী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় সাব্বির ও তাঁর ভাই জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।