৬ বছরের শিশুকন্যাকে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গুরুতর আহত গোলাপ হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু তওবার বাবা গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। গতকাল বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় শিশু তওবাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ ফজলে হুদা বাবুল বলেছেন, মেম্বারশীপ নিয়ে, চেয়ারম্যাশীপ নিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মেম্বার সিলেকশন দিব গণতান্ত্রিকভাবে।
এমপি স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, নির্দলীয় ভোটে কেউ কেউ লেটার হেড প্যাডে আমন্ত্রণ জানায় যে, দরখাস্ত দেন আপনাকে চেয়ারম্যান করা হবে। মানে মাল দেন। আর দলটা বিক্রি করেন না দয়া করে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে। এখন দেশটা বাঁচানোর সংগ্রামে আসেন।
মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, কে কে চেয়ারম্যান নোমিনেশন পাবেন, কে উপজেলা পাবেন, কে ভাইস চেয়ারম্যান নোমিনেশন পাবেন। এটা ওনার কম্পিউটারে আছে। এইটার কোন দিক নির্দেশনা এখনও উনি দেননি। উনি একটি কথাই বলেছেন, ‘যিনি জনপ্রিয় ব্যক্তি তিনিই পাবেন মনোনয়ন’। এর বাইরে কোন কথা এখনও আসেনি। গণতন্ত্র, নিয়মতন্ত্র, গঠনতন্ত্র এই তন্ত্রের বাইরে কোন তন্ত্র মন্ত্র নাই। আমার কাছে কোন প্রিয় লোকও নাই। তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হবে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. মাসুদুর রহমান টিক্কার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।
এসময় অন্যদের মঞ্চে মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
ফজলে হুদা বাবুল বলেন, চারিদিকে শকুনেরা তাকিয়ে আছে। গুপ্ত আর সুপ্তরা আমাদের দলেও সক্রিয় রয়েছে। বিএনপির নামে যারা স্বাধীনতা বিরোধীদের মার্কা নিয়ে মাঠে ছিল তাদের সাথে কমপ্রোমাইজ হবেনা।
এমপি বিগত সময়ে পরলোকগমণ করা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক কিসমত মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী, সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, আতাউর রহমান প্রমুখের আত্মার মাগফিরাত কামনা করেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জলঢাকা উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের চৌধুরী মার্কেটস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জলঢাকা উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আহম্মেদ সাইদ চৌধুরী ডিডু, জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি মালেকুজ্জামান দুদুল মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বাবু, উপজেলা সমবায় দলের আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (সাজু), মনিরুজ্জামান শান্তসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি। তাই দেশপ্রেম, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক ঐক্যকে ধারণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাবেক মেয়র নোভা
নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আটক হয়েছেন পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র। তিনি জলঢাকা পৌরসভার প্রয়াত সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে। তাঁর বাড়ি পৌরসভার ট্রাফিক মোড় এলাকায়।
মামলার নথি অনুযায়ী, জলঢাকা থানার শিমুলবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচানে ন্ত্রাসী কর্মকান্ডের দায়ে ২০২৫ সালের ২১ জুন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(অ), ৬(আ), ৬(ঈ), ৬(চ), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়। থানার মামলা নম্বর ১৮/১২৩। ওই মামলায় নাসিব সাদিক হোসেন নোভা ৬ নং এজাহার নামীয় আসামি।
এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড জড়িত থাকা এবং এজাহারভুক্ত ৬নং আসামী নোভাকে আটক করা হয়েছে। বিধিমোতাবেক জেলহাজতে প্রেরন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টার পরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন।
পরে ব্রিফিংয়ে নাসির উদ্দিন বলেন, “পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”
১১ দলীয় ঐক্যের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিইসি।
তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনি দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, “সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই।
“আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
সিইসি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এই সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন তারা।
এই পাঁচ প্রার্থী হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন। তাঁর অংশগ্রহণে নেতাকর্মীদের একটি বড় অংশ কর্মসূচিতে যুক্ত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিকেল ৫টার দিকে মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।।
পরে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, যুবদল নেতা মতিউর রহমান মিল্টন ও তাজমুল হক মণ্ডলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে কলেজ মাঠ থেকে আরেকটি বিশাল র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি
যমুনা সেতু রেল সংযোগপথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে শেষ বগিটি রেখে চিলাহাটির দিকে রওনা হয় ট্রেনটি। তবে দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও রাজশাহী কমিউটার ট্রেন টাঙ্গাইল স্টেশনে এবং মির্জাপুর রেলস্টেশনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে থাকার খবর পাওয়া গেছে।
মহেড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মূল লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় গার্ড ব্রেকের (ট্রেনের শেষ বগি) চারটি চাকা লাইনচ্যুত হয়। চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটির যাত্রী ধারণক্ষমতা প্রায় এক হাজার বলে জানা গেছে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের চাকার সমস্যার কারণে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় যাত্রীদের ক্ষতি না হলেও কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। লাইনের পয়েন্টও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন (দুর্ঘটনাকবলিত ট্রেন বা বগি উদ্ধারে ব্যবহৃত বিশেষ ট্রেন) এসে লাইনচ্যুত বগিটি সরাবে জানিয়ে শাহিন মিয়া বলেন, এতে বেলা একটা পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই লাইনচ্যুত বগি রেখে নীলসাগর এক্সপ্রেসকে গন্তব্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়। আর লুপ লাইন (মূল রেলপথের পাশের বিকল্প রেলপথ) দিয়ে আটকে পড়া ট্রেনগুলো চালানোর ব্যবস্থা করা হচ্ছে।